এসো, হাওয়াদের নাচ দেখি আজ
শুন্যতার জানালায় চোখ পেতে; বৃষ্টির আহ্লাদে
রোদ্দুর মুছে গেছে আগেই। ঝড়ের দমকায়
খুলে যাক কালঘড়ি। বেদনার ভগ্নাংশে দাঁড়িয়ে
অঙ্কের গননা শেখার নবীন ইচ্ছেরা তাই
সাদা শঙ্খের ডানায় উড়ছে একা।
হাওয়ারা নীলিমায় ভেলাপথে ভাসে
পুরাণকথকের ভাঁজে গাঁথা থাকে
দিগন্তের কালো কালির আঁকিবুঁকি।
মনে পড়ে সেইসব বৃদ্ধানুভব; ঝিলের বাতাসে ওড়ে
বিকেলের নিরবতা, দূরে কোথাও ধানক্ষেতে
সবুজশাড়ির নরোম স্পর্দ্ধায়
দু'হাত বাড়িয়ে আবার কুঁড়িয়ে এনেছি
তৃষ্ণাকাতর চোখে মেঘের আহ্বান;
আশাঘরে বাতি জ্বলে রাতে।
স্বপ্নরা দিয়েছে সম্মতি; সম্মুখে অবাধ আমরা দু'জন;
এসো, হাওয়াদের নাচ দেখি আপাতত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


