বিশ্বমানবতার জন্য রহমতস্বরূপ প্রেরিত সর্বোত্তম আদর্শের অধিকারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেমন ছিলেন ধর্মবেত্তা তেমনি ছিলেন সমগ্র বিশ্ব মানবের জন্য রাজনৈতিক পথপ্রদর্শক। ইতিহাসের অনন্য সাধারণ কীর্তিমান মহাপুরুষ মহানবী হযরত মুহাম্মদ (সা.) অত্যল্প সময়ের ব্যবধানে গভীর বিচক্ষণতার সাথে যুগ যুগ ধরে লালিত পৌত্তলিকতা ও কু-সংস্কারের অচলায়তন ভেঙ্গে ধর্মাশ্রয়ী এক রাষ্ট্র ব্যবস্থার পত্তন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে অদ্যাবধি কোন রাষ্ট্রনায়ক মুহাম্মদ (সা.)-এর মত এত দুরদর্শিতার সাথে এত বড় বৈপ¬বিক পরিবর্তন আনতে সক্ষম হননি। মাইকেল এইচ হার্ট তার The Hundreds নামক গ্রন্থে বলেছেন, “Muhammad (sm) only the man in the history who was supremely successful on both religious and secular levels.”
মহানবী (সা.)-এর রাষ্ট্র গঠন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদীনায় উপস্থিত হয়েই একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। দুরদর্শী রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি যাবতীয় রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। হিজরতের পরই তিনি ৪৭ ধারা সম্বলিত ‘মদীনার সনদ’ (Charter of Madina) তৈরী করেন। ফলে ইয়াহুদী, খ্রিষ্টান ও সকল ধর্মাবলম্বী লোক ঐক্যসূত্রে গ্রথিত হয়েছিল। তিনি বিভিন্ন গোত্রপতি বা রাষ্ট্রপ্রধানদের সাথে নানাধরণের চুক্তি স্বাক্ষর করেছেন। সামাজিক ও রাষ্ট্রীয় বন্ধন স্থাপন করেছেন। ইসলাম গ্রহণের নিমিত্তে দাওয়াত দিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে পত্র প্রেরণ করেছেন।
বিচার বিভাগ সুসংগঠিত করে তার সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপ্রধান হিসাবে দীর্ঘ ১০টি বছর তিনি যাবতীয় দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় ফরমান জারী করেছেন। গড়ে তুলেছেন সু-সংহত প্রশাসন। গোটা রাষ্ট্রকে মদীনা, তায়মা, আল-জানাদ, ইয়েমেন, নাজরান, খায়বার, হাজরামাউত, বাহরাইন ও ওমান প্রদেশে বিভক্ত করেন এবং যোগ্য শাসনকর্তা নিযুক্ত করেন।
মহানবী (সা.) প্রতিষ্ঠিত রাষ্ট্রের মূলনীতি ছিল জাতিয়তা, ধর্ম, বর্ণ ও বংশ নির্বিশেষে সমগ্র মানব সভ্যতার কল্যাণে কাজ করা এবং ন্যায়পরায়নতার সাথে প্রত্যেকের অধিকার ও সুবিচার প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআনের বাণী, ‘কাজ কর্মে তাদের সাথে পরামর্শ করুন।’ (আল-ইমরান : ১৫৯) এর ভিত্তিতে ‘মজলিসে শূরা’ গঠনের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন করতেন। এক কথায় "The strong and the weak, the big and the small are equal in the eye of law.’ এই ছিল মহানবী (সা.)-এর শাসননীতি। তাঁর প্রতিষ্ঠিত রাষ্ট্রে প্রত্যেকের বাক ও বিবেকের স্বাধীনতা উন্মুক্ত ছিল। পরধর্মে তিনি যেমন ছিলেন সহিষ্ণু, তেমনি পররাষ্ট্রের প্রতি তাঁর বাণী ছিল শান্তি এবং ভ্রতৃত্বের। বিদেশী রাষ্ট্রদূতদের জান-মালের নিরাপত্তা বিধান করে ইসলামের সুনাম ও বিস্তৃতি বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
রাষ্ট্রনায়ক হিসাবে তাঁর এ প্রতিভার কথা উল্লেখ করে জর্জ বার্নার্ডশ যথার্থই বলেছেন, "If all the world was united one leader, then Muhammad (sm) would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness.
বর্তমান প্রেক্ষাপট ঃ
আজ মুসলিম উম্মাহ দিকভ্রান্ত। গন্তব্য অনিশ্চিত। স্বপ্ন নেই, প্রেরণা নেই, জেগে উঠার তাগিদ নেই। আমরা কী ছিলাম তা আজ বিস্মৃত। ভুলে গেছি আমাদের সোনালী যুগের কথা। আমরা ভুলে গেছি একসময় আমরা দুনিয়া শাসন করেছি। মানবতাকে পথ দেখিয়েছি। জ্ঞানের আলো বিতরণ করেছি। মানুষের মনে আশা জাগিয়েছি। কল্যাণের ফল্গুধারা বিতরণ করেছি। তখন ইতিহাস ছিল আমাদের নিয়ন্ত্রনে। আর আজ? সবই যেন মনে হয় দু:স্বপ্ন। আজ আমরা পরাধীনতার শৃংখলে আবদ্ধ। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে পাশ্চাত্য সাংস্কৃতি নিয়ে ব্যস্ত। ইবাদাত কবুলের পূর্ব শর্ত হালাল উপার্জন অর্জনের পরিবর্তে সুদ, ঘুষ, ছলচাতুরির আশ্রয় নিয়ে অর্থ উপার্জনে ছুটে চলছি অবিরত। কিন্তু কেন?
মহানবী (সা.) জ্ঞানার্জনের কথা বলতেন। জ্ঞানার্জনকে সবার জন্য অপরিহার্য ঘোষণা করেছিলেন। আজ আমরা মূর্খতার গভীর অন্ধকারে নিমজ্জিত। মহানবীর (সা.) শিক্ষা ছিল ‘পড়’। পড়াতো দুরের কথা, মুসলিম বিশ্বে অক্ষর জ্ঞানও বেশী মানুষের নেই। আজ আমরা জ্ঞান-বিজ্ঞানে সবার চেয়ে পিছিয়ে। মহানবীর (সা.) শিক্ষা ছিল প্রতিবেশীকে উপোষ রেখে নিজে পেট পুরে খেলে সে মুমিন নয়। অথচ আমাদের পাশে কত লোক উপোষ করছে সে খোঁজটুকুই নেই। কত মানুষ আজ নিরন্ন জীবনযাপন করছে তার খবর কে রাখে? মহানবী (সা.) ও তাঁর মহান খলীফাগণ প্রতিটি নাগরিকের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকলেও আমরা আজ নিজেদের নিয়েই ব্যস্ত থাকছি। মহানবীর (সা.) শিক্ষা ছিল ধন পুঞ্জিভূত নয়, ছড়িয়ে দিতে হবে। কিন্তু আজ সব কিছুই মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে আছে। কেউ খাবে আর কেউ খাবে না, - এটা মহানবীর (সা.) আদর্শ ছিল না। কিন্তু তাই ঘটছে বাস্তবে।
মহানবীর (সা.) শিক্ষা ছিল ন্যায়ের শাসন। অথচ মুসলিম বিশ্বে নির্যাতন নিপীড়ন নিত্য ঘটনা। দুর্নীতির কবলে পড়ে ন্যায়নীতি ভূলুন্ঠিত। অত্যাচার অনাচার সীমা ছাড়িয়ে গেছে। জুলুম নির্যাতন প্রকট আকার ধারণ করেছে। আজ সাধারণ মানুষের কোন ভূমিকা নেই।
এই চরম অবস্থা হতে উদ্ধারে মহান আল্লাহ নির্দেশিত এবং মহানবী (সা.) প্রদর্শিত পথ মেনে চলার কোন বিকল্প নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



