তোমায় নিয়ে হারিয়ে যাব,
কোন এক নির্জন দ্বীপে,
বালুকাবেলায় হাঁটব দু’জন
রাতের আকাশে গুণব তারা
কোনো এক পূর্ণিমা রাতে,
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।
তোমায় নিয়ে ভেসে যাব,
নীল সাগরের নোনা জলে,
ঢেউয়ে ঢেউয়ে মিশে যাব
দেখব জোয়ার-ভাটার খেলা
এ জলে, সব ব্যথা ধুঁয়ে যাবে,
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।
তোমায় নিয়ে মেলব ডানা
কৃষ্ণচূড়ার ডালে ডালে
খোঁপায় গুঁজে দেব বেলী-চামেলী
মুখে কৃষ্ণচূড়ার রঙ্গীন আভা
নূপুরের রিনিঝিনি বাজবে পায়ে।
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।
তোমায় নিয়ে হাঁটতে যাব
মরুভূমির উষ্ণ-বুকে,
উষ্ণ মরু শীতল হবে,
পিছু হটবে মরিচীকা
ভরে উঠবে সবুজের সমারোহে,
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।
তোমায় নিয়ে পাড়ি দেব,
সুদূর চাঁদের দেশে,
খুঁজব নুড়ি-পাথর, পানির উৎস
জীবনের সন্ধানে মিলবে আশা
বাঁধব বাসা সৃষ্টি সুখে,
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।
তোমায় নিয়ে দেব উড়াল
স্বপ্নের নব ভুবনে,
আনমনে-একমনে দেখব তোমায়,
থাকবে না কোনো শৃংখল-বাঁধা
যদি তুমি থাকে পাশে,
খুঁজে পাবেনা কেউ,
আসব না আর ফিরে
এই লোকালয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


