আজ পূর্ণিমা রাত-
তবে চাঁদখানি কেন জানি আজ
বেশ ঝাপসা মনে হয়।
এইতো সেদিন পূর্ণিমা রাতে
ঝলমলে রূপালী আলোতে
সারা পৃথিবী ছিল আলোয় আলোময়
তোমার হাসিতে যেন মুক্তো ঝরছিল,
চাঁদের আলোয় উদ্ভাসিত সে হাসিমাখা মুখ
হৃদয়পটে আজো অম্লান।
কিন্তু আজ? কোথায় সে আলো?
চাঁদ কি তবে তার দীপ্তি হারাল?
সরোবরে আজ আর পদ্ম ফোঁটেনা
যেন কচুরীপানা আর শেওলার অভয়াশ্রম।
হ্যাঁ, এটা সেই সরোবর-
আমাদের ভালবাসার স্মারক।
তুমি যার নাম দিয়েছিলে 'প্রীতি সরোবর'।
কত শত পদ্মফুলে ছেয়ে থাকা সে অবাক দৃশ্য-
দেখতে পাগল হয়ে ছুটে আসতে তুমি
আমি যেতাম তোমাকে দেখতে,
ভালবাসার প্রথম উপহার- সেই নীলপদ্ম;
তা তো এ সরোবরেরই দান।
কিন্তু কোথায় সে অনাবিল সৌন্দর্য?
আজ তো একে সরোবর বলে চেনাই যায় না!
তাহলে কি প্রকৃতিও মানুষের কষ্ট বুঝে?
নিজেকে গুটিয়ে নিয়ে প্রতিবাদ জানায়?
আজ আর নদীর কাছে যাইনা;
স্রোতের শব্দটা বেশ অচেনা মনে হয়।
স্বচ্ছ জলের ছলছল মৃদু ধ্বনির টানে-
তীরের ধারে ছুঁটে যেতাম দু'জন;
বালুময় চরে খালি পায়ে হাঁটতাম
কত সাতার কেটেছি এ নদীর বুকে,
দুষ্টুমীতে মেতেছি ক্ষণে ক্ষণে।
নদীর বুকে কান পেতে শুনেছি-
তার চলার পথের সুখ-দুখের যত কাহিনী।
কিন্তু আজ-
নদীর স্রোতের সাথে যেন ভেসে আসে
যত আর্তচিৎকার, কান্না আর বেদনার শব্দ।
বড় অচেনা লাগে, বড় জঘন্য লাগে!
চারপাশে আজ ঘিরে রেখেছে, আমাকে
দুঃসহ বেদনার সব করুণ চিহ্ন।
কদিন আগেও যা কিছু ছিল-
সৌন্দর্য, প্রেরণা, সুখ আর স্ফূর্তির উৎস
হঠাৎ বদলে গেছে, সবকিছু।
যেমনটি বদলে গেছ তুমি।
তাইতো আজ বিস্বাদ লাগে
রবীন্দ্র, নজরুল কিংবা জীবনানন্দের কবিতা,
উপন্যাস- মানিক আর শরৎচন্দ্র-
কিংবা সে হোক বঙ্কিমচন্দ্রের।
সবুজের শ্যামলতা কিংবা মরুর ধূসরতা,
রাতের অন্ধকার আর দিনের উজ্জলতা
সবকিছুই আজ বিস্বাদ লাগে-
বড় অদ্ভূত নিরানন্দ লাগে।
তোমায় দোষ দিচ্ছি না-
তুমি নিষ্পাপ, সদা নির্দোষ।
আমারই ভুলে এ সময়ের ডিগবাজি।
এতো পরিবর্তন, এতো বিচিত্রতা,
এসবই তো সময়ের কারসাজি।
যখন সময় ভালো আসে-কান্নাতেও হাসি আসে;
আর সময় যখন থমকে দাঁড়ায়
দুঃস্বপ্ন তাঁর হাতটি বাড়ায়।
>>>>>>>>> আল-ইমরান (০৩.০২.১১; সিলেট থেকে ঢাকাগামী উপবন ট্রেনে)
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১২ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


