দর্শন চর্চা করে আপনি কি পেয়েছেন?
অন্যরা যেসব কাজ করে আইনের ভয়ে, সেগুলোই স্বেচ্ছায় করার অনুপ্রেরণা আমি পেয়েছি দর্শন থেকে।
দার্শনিক এরিষ্ট্যাটল এভাবেই মূল্যায়ন করেছেন দর্শনকে।
অন্যান্য জীব জগতের সাথে আমাদের মানুষের মৌলিক পার্থক্যটা হচ্ছে মানুষ তার প্রয়োজনে তার পারিপার্শিক অবস্থার পরিবর্তন আনতে পারে কিন্তু জীব জগতের অন্যদের পরিবেশ বোঝার এবং তাতে পরিবর্তন আনার কোন ক্ষমতা নেই।
আধুনিক মূল্যায়ন ভিত্তিক সার্টিফিকেট বর্জিত স্বশিক্ষিত এবং শুধুমাত্র সত্যানুসন্ধানে ব্রতী একজন লোক-দার্শনিক আরজ আলী মাতুব্বর। সত্যানুসন্ধানে উনি কতটা সফল হয়েছেন, নাকি সত্যে পথে চলতে গিয়ে ভুল গাড়ীতে চড়েছেন সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে। তবে যে সমাজের অধিকাংশ মানুষ পরষ্পরাগত সংস্কারের উপর নির্ভর করে, অপরের অভিমত ও পরামর্শকে সরল বিশ্বাসে মেনে নেয় সেখানে আনুষ্ঠানিক শিক্ষা ব্যাতিরেকে এবং সম্পুর্ণ প্রত্যন্ত অঞ্চলের তুলনামূলক শিক্ষা বিবর্জিত পরিবেশে থেকে আরজ আলী মাতুব্বরের জীবন মানসে সত্যানুসন্ধানের আপোষহীন মনোভাব এবং নিরলস প্রচেষ্টার সন্মাননা উনি পেয়ে যাবেন যুগ যুগ ধরে।
মুক্তচিন্তা এবং স্বাধীন মত প্রকাশের কারণে সেই চিরাচরিত নিয়মের ধারাবাহিকতার বলি আরজ আলী মাতুব্বরকেও হতে হয়েছে। স্বাধীন মত এবং চলমান লোকজ ধর্ম বিশ্বাসের বিরুদ্ধমত প্রকাশের কারণে নাস্তিক ও কম্যুনিস্ট আখ্যা দিয়ে ১৯৫১ সনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তবে শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপোষহীন ভাবে স্বাধীন মত প্রকাশের এক সাহসী সৈনিক বেশেই আমরা পাই একজন আরজ আলী মাতুব্বরকে।
একজন প্রকৃত মানবতাবাদী কখনও শুধুমাত্র তার লেখনি বা চিন্তা চেতনার মধ্যে সীমাবদ্ধ না থেকে চেষ্টা করে যান তাঁর সাধ্যমত নিজেকে মানব কল্যাণে নিয়োজিত করতে। একজন মানবতাবাদী হিসেবে যার সম্পুর্ণই পাওয়া যায় আরজ আলী মাতুব্বরের জীবনে। মাত্র ১২ বছর বয়সে পিতৃহারা আরজ আলী মাতুব্বর পৈতৃক সুত্রে যে ২ একর ভূমি পেয়েছিলেন তার অধিকাংশই হাতছাড়া হয়ে যায় কর পরিশোধের অভাবে। তারপর কঠিন জীবন সংগ্রামের মধ্যেও সামান্য কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর ভিত্তি করে নিরলস চেষ্টা করে গেছেন বিদ্যার্জনের। এবং নিজের বসত বাড়িতে স্থাপন করেছেন আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরী। মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেছেন কয়েকটি শিক্ষা বৃত্তির। বিশ্ব মানবতা ও মানব ধর্মের উপর একটি বার্ষিক রচনা প্রতিযোগীতার ব্যাবস্থা করেন তার জীবদ্দশায়। নিজের সঞ্চিত যৎসামান্য সম্বল দিয়েই উনি প্রতিষ্ঠা করে গেছেন কয়েকটি তহবিল, যেগুলো আজ "আরজ ফান্ড" নামে পরিচিত। এমনকি এখানেই তিনি ক্ষান্ত হননি। নিজের চোখ ও মৃতদেহও দান করে যান মানব কল্যাণে। অবশ্য, বর্তমানে পাঠাগার, বৃত্তি, রচনা প্রতিযোগীতা সচল নাকি অচল সেটা বলতে পারিনা।
দার্শনিক বিচারে আরজ আলী মাতুব্বর কতটা সফল বা আধুনিক দর্শনে তার অবদান কতটুকু সেটা জানিনা। তবে মানবতাবাদী সত্যান্বেষী জ্ঞান পিপাসু একজন আরজ আলী মাতুব্বর যে তার জ্ঞান চর্চা, জ্ঞান বিতরণ ও কল্যাণকামী মানসিকতার উদাহণ তৈরী করেছেন সেটা অবশ্যই শ্রদ্ধার দাবীদার।
তাছাড়া আরজ আলী মাতুব্বরের সত্য যাত্রার প্রারম্ভিক ঘটনা আমাদের ফেলে দেয় এক গভীর ধর্মীয় সামাজিক বাস্তবতার মধ্যে। যে মায়ের মৃত্যুর পর মৃত মুখের ছবি তুলে তথাকথিত মোল্লাদের যে রোশানলে মায়ের জানাজা এবং জানাজা পরবর্তী সৎকার করতে মোল্লাদের অস্বীকৃতি পরবর্তী আরজ আলী মাতুব্বরের প্রশ্ন, ছবি তোলা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গর্হিত কাজ হয়, তাহলে তার জন্য দায়ী তিনি, তাঁর মা নন। তাহলে আজীবন ধর্মের একনিষ্ঠ সেবিকা তাঁর মায়ের প্রতি ধর্মীয় মোল্লাদের এই অবমাননা কেন? আজীবন ধর্মীয় অনুশাসনে থেকে সেই ধর্মের নামেই কেন আজ তিনি শেয়াল কুকুরের ভোক্ষ্য? এ কেমন ধর্ম? এখানেই প্রশ্ন থেকে যায় যে, এটা কি ধর্ম বা ধর্মের নামে মোল্লাদের স্বেচ্ছাচারিতা নাকি এটাই প্রকৃত ধর্ম?
শেষ করছি বাংলা একাডেমী থেকে প্রকাশিত "আরজ আলী মাতুব্বর" গ্রন্থের একটি উক্তি দিয়ে,
জ্ঞানচর্চার ক্ষেত্রে শুধু আপন বিশ্বাসই নয়, সকল মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সকল ধ্যান-ধারণা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা দরকার প্রতিটি জ্ঞান পিপাসু মানুষের। শুধু সীমাবদ্ধ পরিমন্ডলে আবদ্ধ হলে চলেনা। সীমানাকে অতিক্রম করে যেতে হবে ক্রমান্বয়ে। এর মধ্যেই ক্রমশ অতিক্রম করা যাবে নিজেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



