
স্বপ্ন
সব ছেড়েছি, বেশ করেছি!
রাতদিন হাজার মিথ্যে, ভাল থাকার নিখুঁত অভিনয়
ক্লান্ত হয়ে গেছিলাম খুব।
তাই তুমি এসেছ শুনেই চলে এলাম।
তুমি ডেকেছিলে অনেকবার।
দ্বিধা ছিল ছেলেটার জন্য।
আজ আমি তোমার আকাশে মুক্ত পাখি মনের টানে।
সব সুন্দর, না পাওয়া আজ থেকে সুদে আসলে
উসুল করে নেব ষোলআনা।
সব অপূর্ণতা কানায় কানায় ভরিয়ে দেব আমরা
যা যা হারিয়েছি, যাকিছু হয়নি পাওয়া
সব বাকী বুঝে নেব আজ
তুমিও ভীষণ খুশী।
বুকে জড়িয়ে আমায় বললে, 'ভেবোনা,
তোমার ছেলে, সেকি আমারও নয়?"
নিশ্চিন্ত মনে ডুবে গেলাম তোমাতে
বহুদিনের কাঠফাটা তৃষ্ণায় ভরা বর্ষাপাত!
এত অতৃপ্তি নিয়ে কিভাবে বেঁচে আছি এতদিন?
জোছনায় গোসল শেষে শান্তির ঘুম, বহুদিন পর, তোমার বুকে।
সকালের আলো চোখে পড়তেই দেখি
সেই পুরনো বিছানা, সবই পুরাতন
শুধু রাতের স্বপ্নটা ছাড়া!
আলপনা তালুকদার
২৩ মে, ২০১৭
রাজশাহী।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




