
চোখের বর্ষা
আকাশের চোখে আজ নেমেছে আষাঢ়ের ঢল
বেলীর কুঁড়ির কানে কানে বলে
সাগরে আর কতটুকু জল?
আমার বুকের গহীনে তাকাও
আঁধার আর জলের সাতশ' একুশটা মহাসাগর পাবে।
একশো ষোলোটা মরুভূমিও পেতে পার।
তপ্ত বালির তৃষ্ণার্ত বুকের চেয়েও
হাজার জনমের পিপাসা নিয়ে প্রাণ আমার ওষ্ঠাগত।
আমার বুকের বাম পাঁজরের যে কালো তিলটা,
চাঁদনী রাতে তাকে দেখে কেমন হাসতো তোমার চোখ।
আজও মনের জানালায় তোমার সেই খুশী অবিকল,
চাঁদনী রাতগুলোও তেমনি আছে,
শুধু তুমিই নেই।
যদি আমার না হতে,
যদি সত্যি সত্যি আমায় ভুলে অন্য কাউকে ভালবাসতে,
আমার বুকে নীল কষ্ট ফলতো না এমন।
কালো তিল আর ঐ রাতের তারারা জানে তুমি আজো আমার,
শুধু তুমিই জানোনা, জেনেও মানোনা ।
মন বলে, তুমিও আমারি মত,
আমার চারপাশের শূন্যতা জানে, নও।
সতেরো বসন্ত পরেও তোমার এই থাকা না থাকার দোলাচলে
চোখের বর্ষাতে ভিজি অবিরাম।
অবুঝ হৃদয় অকারণে বলে, "কদম ফুটবেই।"
সে আশায় ঘন কালো মেঘ আসে রোজ,
শুধু তুমিই আসোনা!
আলপনা তালুকদার
৩ জুলাই, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



