
অপেক্ষা নিরন্তর
তোমাকে ভালবাসার পর বদলে গেল অংকের সরল সমীকরণ,
গোলাপী আলোয় ছেয়ে গেল নীল আকাশ,
আর আমি তাতে ডানা মেলা এক সাদা বক,
বুকের ভেতরে অকারণ আনন্দের ঝর্ণাধারা,
ফুটে গেল পৃথিবীর সবগুলো লাল গোলাপ।
যেদিন আমাকে ফেলে হেঁটে গেলে বিপরীত পথে,
সেদিন থেকে আজ অব্দি আমি ভিসুভিয়াস।
আমার আকাশে সূর্য ওঠেনি আর,
পাখি ভুলে গেছে গান, প্রমত্তা পদ্মা হারিয়েছে গতি।
সেই থেকে নিশ্চলা গাছ হয়ে আছি।
সবার ঘর হয়েছে, রমণী, সন্তান, আলো,...
আমি ফলিয়েছি শুধুই শূন্যতা আর অন্ধকার।
স্বপ্নের বাগানে বিবর্ণ প্রজাপতি
ফোটেনি একটাও ফুল বা ফসলের কুঁড়ি।
যেদিন আবার ফিরে এলে ক্ষণিকের তরে
মনে হল, সাহারায় ডেকেছে বাণ।
দুকূল উপচানো ভালবাসা, সাগর মন্থন।
কিন্তু বড্ড ক্ষণিকের।
দ্বিতীয়বারও তোমা বিয়োগে পুড়ে গেছে মনের সবুজ প্রান্তর।
যখন কষ্ট দাও, ভাবি, আর না,
আমিও তুমি হব, সকালে শুঁকব ভেজা চুলের গন্ধ।
কিছু পরে মনে হয়, নিজেকে কি করে ভুলি?
তুমি তো শুধু তুমি নও, আমি, আমরা।
তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষায় আছি।
তোমার হাত ধরে হাঁটবো বেলাভূমি,
পা ছুঁয়ে যাবে সাগরের জল।
আমি জানি সাগর তোমার ভীষণ পছন্দ!
সেও যে তোমারি মত!
কষ্টের শত নদী বুকে ধরে বয়ে যায় আকাশ ছোঁয়ার মিথ্যে লোভে।
আমি না হয় ঝিনুকের মালা হব,
তোমার রূপ বাড়ানো ছাড়া যার আর কোন কাজ নেই।
তাতেও ধন্য হবে প্রেম, আমাদের আমরণ ভালোবাসা।
আলপনা তালুকদার
১০ জুলাই, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


