৬০০ টাকা বাঁচাতে গিয়ে ৬০০০ টাকা গুনাগারি!
==============================
আজ চিটাগাং কাস্টমস থেকে আমার মেশিন খালাস হচ্ছে। সকাল থেকে আমার সিএনএফ দুইটি গাড়ি ঠিক করে আমাকে বার বার রিং দিয়ে না পেয়ে হতাশ। ঘুম ভাঙল ১০ টায়, উঠে দেখি ৭ টি মিস কল! কত ভাড়া জানতে চাইলাম। ও বলল ১২,৮০০ করে এক একটা ওপেন ট্রাক। দীর্ঘ দিন এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত, ইমপোর্ট ছেড়ে দিয়েছে ২০০৭ সাল থেকেই। ইমপোর্টটাররা যে সিএনএফ এবং কাস্টমসের অফিসারদের হাতে কি ভাবে জিম্মি হয়ে পড়েছে তা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতি পদে পদে ঘুষ, তা যদি হয় ১০ টাকা সিএনএফ সেটাকে বানায় ১০০ টাকা। এক্সপোর্টে এই ঝামেলা নাই, ঢাকার ডাউন ট্রিপের গাড়ি ভাড়া করি ৪০০০ টাকা থেকে ৬০০০ টাকার মধ্যে। তাও আবর ২০ ফিট সাইজের কাভার ভ্যান। আমি সিএনএফ এর দেওয়া ভাড়া যাচাই করতে গিয়ে ওকে বললাম একটু ওয়েট করো আমি দেখছি। দুই চার জায়গায় খোঁজ নিলাম, কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক দেরী হয়ে গেছে। সিএনএফকে বললম ঠিক আছে দেখ ১২,৫০০ করে রাজী হয় কি-না। ও একটু পরে ফোন দিয়ে বলল, ১২,৮০০ টাকা গাড়িটি অন্য জায়গায় ভাড়া হয়ে গেছে এখন মার্কেট হাই ১৬,০০০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না।
আমি হা হয়ে গেলাম, হালায় কয় কি? ১০ মিনিটের মধ্যে ১৬,০০০?
মাল আমাকে আজকেই ডেলিভারী নিতে হবে তা না হলে ডেমারেজ গুনতে হবে আরো ১০০০০ টাকা। ওকে বললাম দেখ একটু কমায়ে পার কি-না। ও জানাল ১৫,০০০ টাকায় রাজী হয়েছে এর নীচে নাই। এখন আমার দশা হলো ৬০০ টাকা বাঁচাতে বেশী গুনতে হবে ৬০০০ টাকা!!
অসহায় আমি; চেষ্টা করি দুই পয়সা সেভ করতে অথচ চোখের সামনে দিয়ে চলে যায় লক্ষ লক্ষ টাকা। ঠিক মাল ছুটাতে গিয়ে যেমনটি হচ্ছে; প্রথমে ডিউটি দেখিয়েছে ৩৩ লক্ষ টাকা, এর পরে বলেছে এটিকে তারা ২,৫০০০০ এর মধ্যে করে দিবে কিন্তু তাদের ঘুষ দিতে হবে আরো ২ লাখ টাকা !! অসহায় আমি; ৩৩ লাখ টাকা বাঁচাতে ২ লাখ টাকা ঘুষ দিলাম।
আমাদের মত ব্যবসায়ীরা আজ খুবই বিপদে আছে, দেশটা পঙ্গু হয়ে গেছে। কিছুতেই এর চিকিৎসা হচ্ছে না; আমরা চাই হিন্দি ফ্লিম "নায়ক" এর মতো কোন চরিত্র। যে কি-না ২৪ ঘন্টার আল্টিমেটামে সকল দুর্নিতীবাজদের জেলে ঢুকিয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




