আমাদের দেশের বেকার সমস্যা এতটাই তীব্র আকার ধারণ করেছে যা ভাষায় প্রকাশ করবার মত না। গত পাঁচ বছরে মানব সম্পদ রপ্তানীতে সরকারের আশাতীত সাফল্যের দরুন এই মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। হতাশ যুবকগণ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন বিদেশ। কেউবা নদী পথে আর কেউ বা স্থল। খেয়ে না খেয়ে অনেকেই দিচ্ছেন জীবন, তার পরেও থেমে নেই সেই যাত্রা। গত ১৪ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে চোখে পড়ল এক হৃদয় বিদারক দৃশ্য। আমরা তখন প্লেনের সীটে সীট বেল্ট পরায় ব্যাস্ত। হঠাৎ চোখে পড়ল ১৫ থেকে ২০ জনের একটি দলকে কেবিন ক্রু গণ খালি সীটগুলোতে বসতে বলছেন। আমি ভাবলাম দেশের মাটিতে ঈদ এবং কোরবানীর সময় দেখেছি বাসের হেলফাররা যাত্রী ধরে এনে মাদুর বিছিয়ে হলেও টু পাইস কামায়। তাহলে কি বিমানেও এমন কারবার শুরু হইল নাকি? এক যুবককে জিজ্ঞেসা করলাম, ভাই আপনারা কারা? আপনাদের টিকিটে সীট নম্বর নাই?
টলটলে চোখ নিয়ে যা শোনাল আমার চোখে পানি এসে গেল; এই ছেলে গুলোকে দালাল চক্র মালয়েশিয়া পার করার কথা বলে ২ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে। মাত্র ১৪০০ টাকা খরচ করে টুরিষ্ট ভিসা লাগিয়ে প্লেনের টিকিট কেটে উঠিয়ে দিয়েছে রঙ্গিন স্বপ্ন দেখিয়ে। যুবকদের প্রত্যেকের পরনে নতুন জামা কাপড়, কোমরে নতুন বেল্ট, গলায় ঝুলানো নতুন ফ্রেমের চশমা। ওদের কেউ বা জমি বেঁচে আর কেউ বা ধার কর্জ করে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সুদূর মালয়েশিয়ায়। ভাগ্যের নির্মম পরিহাস, মালয়েশিয়ান পুলিশ ওদের টুরিষ্ট বলে গণ্য করেননি। ওদের চেহারাই বলে দেয় যে ওরা টুরিষ্ট না। বিষয়টা চেনা খুব সহজ, তাইতো এতবড় দেশে ওদের একটু জায়গা হল না শ্রমের বিনিময়ে দুটো পয়সা কামানোর। সকল স্বপ্ন ঝরে গেল যখন পুলিশ ওদের জেলখানায় ঢুকিয়ে দিল। এই জেল সেই জেল না যে তিন বেলা দু মুঠো ডাল ভাতের ব্যবস্থা আছে।
ছেলেটার চোখের কোনে পানি চলে এল, ওরা ছিল চারদিন না খাওয়া। এক গ্লাস পানিও পেটে পড়েনি আর গোসলের অভাবে শরীর থেকে উটক গন্ধ বের হচ্ছে। বিমান বালা সকালের ব্রেকফাষ্ট নিয়ে এল ট্রেতে সাজিয়ে। সেই সংগে জুস, পানি এবং কফি। আমরা সবাই খাবার নিয়ে নিলাম কিন্তু ক্ষুধার্ত ছেলেটা কিছুই নিল না। ওকে জিজ্ঞেসা করলাম, আপনি না ক্ষুধার্ত? ও জবাবে বলল, দেশের মাটিতে নেমে গোসল না করে মুখে কিছু দিবে না। আমি ওর মনে অবস্থা বুঝতে পারলাম; মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়। বিষয়টা এমনই, ওর ক্ষুধার যন্ত্রনাকে মনের যন্ত্রনা গ্রাস করে ফেলেছে অনেক আগেই।
আমরা যখন ইমিগ্রেশন সেরে বেল্টে লাগেজের অপেক্ষায় রইলাম তখন দেখলাম ওর লাগেজের উপর একটা পাসপোর্ট সাইজের ছবি লাগেনো। আমাদের লাগেজ আসতে বেশ দেরী করলেও ওরটা শুধু ঘুরেই যাচ্ছিল কিন্তু ওকে আশে পাশে কোথাও দেখলাম না। হয়ত ওর ভাগ্যের ঘুর্ণমান চাকা আগেই বন্ধ হয়ে গেছে তাই লাগেজ বহন করা ঘুর্ণায়মান বেল্টের দিকে ওর নজর নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


