![]()
ব্রাহ্মণবাড়িয়ার নির্দোষ এক গৃহবধূকে ১০১ ঘা দোররা মেরেছে গ্রামের প্রভাবশালীরা। গ্রাম্য শালিসে দোররার আঘাতে ক্ষত-বিক্ষত করার পর ওই গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাবার বাড়ি। গত ২৫ জুলাই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কেনা বুধুন্তী গ্রামে।
২০০১ সালে এ গ্রামের নান্নু মিয়ার সঙ্গে বুলা গ্রামের বাশিরা খাতুনের ধুমধাম করে বিয়ে হয়। স্বামী বিদেশে থাকার সুযোগে নিঃসন্তান বাশিরা খাতুনের দিকে কুদৃষ্টি পড়ে অনেকের। তাদের মধ্যে চাচা শ্বশুর মঞ্জু মিয়া এদের একজন।
গত ২৪ জুলাই রাতে মঞ্জু মিয়া তার সহযোগী লিটন, কুতুব ও মিরাজকে নিয়ে বাশিরার ঘরে ঢোকে। এক পর্যায়ে কুতুব মিয়াকে বাশিরার ঘরে পাওয়া গেছে বলে তারা চিৎকার করে লোক জড়ো করে।
পরদিন এ ঘটনাকে কেন্দ্র করে সালিশ আয়োজন করা হয়। সালিশের রায়ে মাদ্রাসা শিক্ষক মাওলানা হোসাইন ১০১ ঘা দোররা মারার ঘোষণা দেন।
ঘটনার জন্য দায়ী মঞ্জু মিয়া নিজে বাশিরাকে দোররা মেরে এ রায় কার্যকর করে।
দেশ টিভির সঙ্গে কথা বলার সময় বাশিরা বলেন, “চক্রান্ত করে তারাই বলতে থাকে, “ছেলে পাওয়া গেছে, ছেলে পাওয়া গেছে।” পরে ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে। যে মেয়ে আমার সাথে ছিল তাকেসহ সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আমাকে কিল, লাথি, চুল টেনে শারীরিকভাবে নির্যাতন করে।”
২৫ জুলাই দোররা মারা হলেও নির্যাতিত বাশিরা ও তার পরিবারের সদস্যরা প্রভাবশালীদের ভয়ে এতোদিন প্রশাসনকে কিছু জানায়নি।
অবশেষে গত ৯ আগস্ট আট জনকে আসামী করে মামলা হয়। এরপরই গা ঢাকা দেয় মঞ্জু মিয়াসহ অন্যরা।
মানবাধিকার সংগঠন এগিয়ে এসেছে মামলা পরিচালনায়।
ব্র্যাক কর্মকর্তা সামছুন্নাহার বলেন, “আমরা মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, তা হলো এ ধরনের ঘটনা দেশের কোথাও যেন আর কখনও না ঘটে।”
ওই মাদ্রাসার সুপার মওলানা আব্দুল কাইউম দেশ টিভিকে বলেন, “সাক্ষীকে স্বচক্ষে দেখতে হবে। এখানে সাক্ষী সচক্ষে দেখেনি। এটা শরিয়তসম্মত বিচার হয়নি।”
তিনি বলেন, মাদ্রাসা কমিটির সিদ্ধান্তের আলোকে মাওলানা হোসেন আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে সালিশদারদের একজন তোতা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

