
মেক্সিকোয় বুধবার বিমান ছিনতাই নিয়ে জমজমাট নাটক হয়ে গেল কয়েকঘন্টা ধরে। ষড়যন্ত্র ব্যর্থ। গ্রেপ্তার ছিনতাইবাজরা। ছিনতাইয়ের নেপথ্যে বলিভিয়ার এক খৃষ্ট যাজক।
কোথায় ছিনতাই হল বিমান ?
মেক্সিকোর নামজাদা প্রমোদদ্বীপ কানকুন থেকে ১০৪ জন যাত্রী নিয়ে বুধবার শেষ দুপুরে উড়েছিল একটি বিমান। এয়ারোমেক্সিকোর সেই বিমানে যথেষ্ট আমেরিকান, ইউরোপীয় যাত্রী। কারণ, ক্যারিবিয়ান দ্বীপ কানকুন এই গ্রীষ্মে এক দারুণ পর্যটন আকর্ষণ। বিমানের পাইলট জানাচ্ছেন, মাঝ আকাশে এক ব্যক্তি ককপিটে এসে জানায়, বিমানে বোমা আছে। কথা না শুনলে সে বিস্ফোরণ ঘটাবে৷ সেই ছিনতাইবাজের কথামত অতএব বোয়িং 737 বিমানটিকে রাজধানী মেক্সিকো সিটির বিমানবন্দরের আন্তর্জাতিক এলাকায় নামিয়ে আনেন পাইলট। অবশ্য সেখানেই আসছিল বিমানটি।
কী দাবি ছিল ছিনতাইয়ের নেপথ্যে?
সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ছিনতাইকারীরা মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপে ক্যালডেরনের সঙ্গে কথা বলতে চায় বলে শোনা যায় বিমানটি মেক্সিকো সিটিতে নামার কিছু পরে। তাই নিয়ে আলোচনা চলতে থাকে। ইতিমধ্যে দুই চারজন করে যাত্রীদের মুক্তি দিতে থাকে ছিনতাইকারীরা। বাইরে খাপ পেতে ছিল পুলিশ, পুলিশের হিসাবমত শেষ যাত্রীটি বেরিয়ে যাওয়া মাত্র বিমানে ঢুকে পড়ে পুলিশ। দখল নিয়ে নেয় বিমানের। টিভির পর্দায় দেখা যায় ছয় ব্যক্তিতে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে জেলভ্যানে তোলার দৃশ্য। মেক্সিকোর পরিবহণমন্ত্রী জুয়ান মলিনার জানিয়েছেন, মোট গ্রেপ্তারের সংখ্যা নয়। তবে এরা কেন বিমান ছিনতাইয়ের ঝুঁকি নিতে গেল সে ব্যাপারে কোন তথ্য নেই। সঠিক তথ্য নিয়ে আরও বহু গোলযোগ দেখা যাচ্ছে।
কী রকম গোলযোগ?
টিভির পর্দায়, পরিবহণমন্ত্রীর বিবৃতিতে বারবার বলা হয়েছে, মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিমান ছিনতাইয়ের ব্যর্থ ষড়যন্ত্রে। মোট ছয় ব্যক্তিকে বিমান থেকে হাতকড়া পরিয়ে নামানোর লাইভ ছবিও দেখিয়েছে টেলিভিশন। কিন্তু তারপর বেশি রাতে মেক্সিকোর পুলিশ সদরদপ্তরের কর্তাব্যক্তিরাই আবার বলেছেন, ছিনতাইয়ের পুরো ব্যাপারটায় আসলে মাত্র একজনই গ্রেপ্তার হয়েছে। সেই ব্যক্তি বলিভিয়ার নাগরিক। পেশায় খৃষ্টিয় ধর্মযাজক। অন্য যে সমস্ত ব্যক্তিকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, তারা সকলেই ছিলেন বিমানের যাত্রী এবং নির্দোষ। অতএব তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ধৃত ওই বলিভিয় যাজকই এই বিমান ছিনতাইয়ের নেপথ্য নায়ক। পুরো পরিকল্পনাই তার নিজের। মেক্সিকোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গেনারো গার্সিয়া লুনা কিছুক্ষণ আগে সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, বিমান ছিনতাইকারীটির বিমান ছিনতাই করার নেপথ্যে নাকি কোন পবিত্র কারণ ছিল। কিন্তু কী সেই কারণ তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে তদন্ত চলছে।
তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



