বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, অবৈধ কমিশনের কাছে কোন শিক্ষাগত সনদ জমা দেব না। যদি সনদ জমা দিতে হয়, তবে বৈধ কমিশনের কাছেই দেব। তিনি বলেন, ওয়ান ইলেভেন পরবর্তী নির্বাচন কমিশনের কোন কাজেরই বৈধতা নেই। সাবেক সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও চলে যাওয়া উচিত ছিল। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, নির্বাচন কমিশনাররা তো আমাদের কর্মচারী ছিল। সারা জীবন আমরা যা নির্দেশ দিয়েছি তাই করেছে। সব সময় ‘ইয়েস স্যার’ আর ‘নো স্যার’ করাই এদের স্বভাব। মঈন উ আহমেদ যেভাবে গোপনে দেশ ছেড়ে চলে গেছেন, এদেরও লজ্জা থাকলে তার মতো বাড়ি চলে যাওয়া উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ তো আমার বিরুদ্ধে, দল নিয়ে টানাটানি করছেন কেন? যে দেশের ৯০ ভাগ মানুষ অশিক্ষিত সেখানে কিসের শিক্ষাগত যোগ্যতা? পৃথিবীর কোন সভ্য দেশে এটা নেই। বাংলাদেশ কি আফ্রিকার জঙ্গল? আমি তো কোন চাকরির আবেদন করিনি, যেখানে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে।
নির্বাচন কমিশন বিএনপির নিবন্ধনের সময় না বাড়ালে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, এই অবৈধ কমিশন সময় না বাড়ালে তাতে কি আসে যায়? বিএনপি কি চলে যাবে? আমরা কি বঙ্গোপসাগরে ঝাপ দেব? গত নির্বাচনেও বিএনপি ৩২ ভাগ ভোট পেয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
।। ইত্তেফাক ১৭.০৭.২০০৯ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


