সময়টা ১৯৯৫ সাল।
সামান্য কিছু মঞ্চ নাটক লিখেছি। কমেডি। লোকজন সে সব নাটক দেখে হাসে এবং প্রশংসা করে। নাটক ছাড়া আর কিছু ভাবি না সে সময়।
এক রাতে এক লোক এসে আমাকে খোঁজ করল। ভদ্রলোক সোনারগাঁ লোকশিল্প যাদুঘরে চাকুরি করে। উনাদের ৩ মাসব্যাপী লোক ও কারু শিল্প মেলা শুরু হবে। সেই মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য নাটিকা লিখে দিতে হবে এবং আমার দলের মাধ্যমে সেটা পরিবেশিত করতে হবে।
আমার কাছে মনে হল, আমি বিখ্যাত হয়ে গেছি। লোকটা বলল, দুটি নাটিকা পরিবেশনের জন্য আমার দল পাবে ৬ হাজার টাকা। আমার তখন টাকার দিকে তাকানোর সময় নাই। সরকারী একটা প্রতিষ্ঠানে আমার দল কাজ করবে সেই আনন্দে আমি আত্মহারা। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম।
পরদিন আমার দলের সাথে কথা বলার সাথে সাথে তারাও রাজি হয়ে গেল। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। স্বয়ং প্রধানমন্ত্রী তাদের অভিনয় দেখবে এই ভেবে দলের সবাই ভীষণ খুশি।
সময় ছিল একমাস। আমি ৫ দিনের মধ্যে স্ক্রিপ্ট তৈরি করে ফেললাম। বিষয়বস্তু সরকারীভাবে নির্ধারণ করা ছিল - তাঁতের কাজ ও কাঠের কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁতের কাজ পরিবেশিত হবে। দলের সবাই খেটেখুটে ১ মাসে নাটিকা দাঁড় করিয়ে ফেলল।
যথাসময়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে নাটিকাটি দেখাতে পারলাম। তবে আমার দলের অভিনেতা অভিনেত্রীদের মনের আশা পূরণ হল না। খালেদা জিয়া অনুষ্ঠান উদ্বোধন করেই চলে গেলেন। তিনি নাটিকা দেখলেন না।
অনুষ্ঠান শেষে সেই ভদ্রলোক আমাদের ৩ হাজার টাকা দিলেন। আসা-যাওয়া, খাওয়া-দাওয়া বাবদ আমরা ৩ হাজার টাকার বেশি উড়িয়ে ফেললাম।
যাই হোক, আমি কাঠের কাজ বিষয়ে স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। ধীরে সুস্থে ভেবে চিন্তে স্ক্রিপ্ট লিখতে ১ মাস লাগল। পরবর্তী মাস থেকে রিহার্সেল শুরু হল।
এ মধ্যে আওয়ামী লীগের হরতালে দেশ অচল হয়ে পড়ল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই হরতাল কখনও কখনও ৭২ ঘণ্টা পর্যন্তও হত। আমরা সন্দিহান হয়ে পড়লাম সমাপনী অনুষ্ঠানে আমরা যেতে পারব কি না। তবে যাদুঘরের লোকটি জানাল, যতই হরতাল হোক, তারা সমাপনী অনুষ্ঠান করবে।
যেই দিন সমাপনী অনুষ্ঠান সেই দিনও হরতাল। আমরা বাসে যাওয়ার চিন্তা বাদ দিলাম। বড় এক নৌকা ভাড়া করে নদীপথে রওয়ানা হলাম। প্রায় ৪ ঘণ্টা নদী ভ্রমণ শেষে একটা সরু খাল ধরে সোনারগাঁ যাদুঘরের কাছাকাছি একটা জায়গায় নামলাম। তারপর প্রায় ২ মাইল হেঁটে গেলাম যাদুঘরে। দেখি, লোকজন তেমন নাই।
ঢাকা থেকে তেমন কোন কেউ এল না। আমরা প্রায় দর্শকবিহীন অবস্থায় শো করলাম।
শো শেষে যাদুঘরের লোকটি আমাকে ৩ হাজার টাকা দিল। কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। যাদুঘরের মহাপরিচালক আমার নাটিকা দেখেছিল। তার ভালো লেগেছে নাটিকাটি। তাই তিনি আমাকে ও আমার দলকে ডেকে পাঠালেন তার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য।
আমরা গেলাম। আলাপ প্রসঙ্গে তিনি জানতে চাইলেন আমরা ২০টাকা পেয়েছি কিনা। আমরা তো হতবাক ! কোন ২০ হাজার টাকা ? তিনি জানালেন ২ টি নাটিকার জন্য আমাদের দলের নামে ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আমি পুরো ঘটনা খুলে বললাম। উনি ক্ষেপে উঠলেন। তৎক্ষণাৎ সেই কর্মকর্তাকে ডেকে পাঠালেন। কর্মকর্তা এলেন। এসেই তিনি মহাপরিচালকের কাছে ক্ষমা চাইলেন এবং জানালেন বাকি টাকা তিনি খরচ করে ফেলেছেন । কিন্তু মহাপরিচালক অনড়। তিনি তৎক্ষণাৎ টাকা দিতে বললেন, নইলে চাকুরি থাকবে না এবং তাকে পুলিশে দেয়া হবে বলেও হুমকি দিলেন। তাতেই কাজ হল। ভদ্রলোক আধঘণ্টার মধ্যে বাকি ১৪ হাজার টাকা এনে দিলেন।
মহাপরিচালক আমাদের টাকা দিয়ে বার বার ক্ষমা চাইতে লাগলেন। আমরা টাকা নিয়ে আনন্দ করতে করতে ফিরে এলাম।
পরে লোকমুখে শুনেছি, সেই কর্মকর্তা হুমকি দিয়েছিলেন, কোন দিন যদি আমাকে তার মহল্লায় পান তবে দেখে নেবেন। আর আমি কিভাবে সোনারগাঁ যাই সেটাও দেখে নেবেন এবং সোনারগাঁয়ে আর কোন অনুষ্ঠানে আমাকে ডাকা হবে না। তার শেষ হুমকিটি সত্য হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


