গতকাল রাতে অফিস থেকে বেরুতে অনেক দেরি হয়ে গেল। গভীর রাতে রাস্তায় নেমেই আমি চমকে গেলাম।
একটা নেংটা পাগল রাস্তার ফুটপাতের উপর বসে আছে। তার সামনে একটা ভদ্রলোক সিজদা দিয়ে আছে। আর বিড়বিড় করে বাবা বাবা বলে পাগলের কাছে এটা ওটা চাইছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখলাম।
পাগলটার বয়স বড় জোর ২৫/২৬। পুরো নেংটা। গায়ে এত বেশি নোংরা যে, ঘৃণায় সামনে যাওয়া সম্ভব না। সে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। কোন কথা বলছে না, এমনকি ওই ভদ্রলোকের দিকে তাকাচ্ছে না পর্যন্ত।
অন্য দিকে সিজদারত ভদ্রলোকটির বয়স ৪০ এর কাছাকাছি। পরনে লুঙ্গি। গায়ে শার্ট। শার্ট এবং লুঙ্গি দুটোই যথেষ্ট দামী। হোতকা ধরনের স্বাস্থ্য । মনে হচ্ছে লোকটি মাঝারি ধরনের ব্যবসায়ী।
হঠাৎ খেয়াল করলাম, কিছু দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সায় একটা লোক বসে আছে এবং এই পাগল ও লোকটির কাণ্ড দেখছে। লোকটি খানিকটা বিরক্ত। বুঝলাম, সিজদারত ভদ্রলোকের সঙ্গী এই রিক্সায় বসা লোকটি।
আমি রিক্সা খুঁজছি। এত রাতে রিক্সা এমনিতেই কম। তার উপর আমার বাসার দিকে কোন রিক্সাওয়ালা যেতে চাইছে না।
দেখলাম, সিজদারত লোকটি মাথা তুলল। পাগলের সামনে হাতজোড় করে কী কী যেন বলতে লাগল। তারপর কদমবুচি করে উঠে এল রিক্সায়। রিক্সায় করে চলে গেল। যাওয়ার আগে পাগলের সামনে কিছু নোটও ফেলে দিয়ে গেছে। ভদ্রলোক চলে যাওয়ার পর পাগলের কাছে এল এক লোক। নিয়ে গেল নোটগুলো।
আমাদের ধর্মবিশ্বাস কি এই আচরণ সমর্থন করে ?
যদি ইসলাম ধর্ম মানি, আমাদের ধর্ম বিশ্বাস এই আচরণ সমর্থন করে না। ইসলাম ধর্ম মতে, এই আচরণ শেরক। শেরক মানে হল, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। সবচেয়ে বড় গুণাহ এই শেরক করা। অন্য সব গুণাহর মাফ আছে কিন্তু শেরকের কোন মাফ নাই।
আমাদের এই আচরণের সুযোগ নেয় ধর্মব্যবসায়ীরা। মাজার দিয়ে তারা ফাঁদ পাতে। পীর সেজে তারা ফাঁদ পাতে। নাগা সন্ন্যাসী সেজে তার ফাঁদ পাতে। এই ফাঁদে ধরা পড়ে অনর্থক অলৌকিকতায় বিশ্বাসী কিছু মানুষ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রতারণার ফাঁদে পড়ে। আর আমাদের হাড়-হাভাতে দেশে এই ফাঁদের ফাঁক গলে মাজারে মাজারে বিত্তের ফোয়ারা ছোটে, পীরের দরগায় জৌলুসের ছোঁয়া লাগে, পাগল বাবার ব্যাংক ব্যালান্স ফুলে ফেপে ওঠে।
আসলে আমরা বাঙ্গালিরা সব কিছু শর্টকাট অর্জন করতে চাই। যোগ্যতা অর্জন না করেই অর্জন করে ফেলতে চাই সব কিছু। ক্ষেত নিড়ানি না দিয়েই চাই ফসলের সম্ভার। তার জন্য চাই কোন অলৌকিক পন্থা। মাজারে লাল সুতো বেঁধে ভাবি, এইবার মনোবাসনা সকল পূরণ হয়ে গেল বলে। পীরের পড়া পানি খেয়ে ভাবি, জীবনে সব না পাওয়া হাতের মুঠোয় এসে গেল। পাগলের দোয়া নিয়ে ভাবি, এইবার আমাকে ঠেকায় কে ? এই রকম অনর্থক অলৌকিকতার আরোপের মাধ্যমে আমরা ধর্ম ও কর্ম দুটোকেই হারাই। বাস্তব-বিবর্জিত এক অনর্থক বিশ্বাসের নিগড়ে বাঁধা পড়ে আমাদের এই সম্ভাবনাময় জীবন।
ধর্ম ও বাস্তবতা কোনটাই এই মনোভাবকে সমর্থন করে না। বাস্তবে কে কোন ধর্মমতে বিশ্বাস করে তার সঙ্গে সাফল্যের কোন সম্পর্ক নাই। অলৌকিক অন্ধ-বিশ্বাস দিয়ে এই পৃথিবীর কিছুই বদলানো যায় না। জীবনে কোন কিছু অর্জন করতে হলে পরিশ্রম ছাড়া আর কোন অলৌকিক পন্থা নাই। অলৌকিক পন্থা থাকাও উচিত না। যোগ্যতমকেই অর্জন করা উচিত জীবনের সাফল্যের চাবি-কাঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


