আমার এক ছোট ভাই ও বন্ধু খুব ভালো ছবি আঁকতে পারত ছোটকাল থেকেই। হাই স্কুলে পড়ার সময় থেকে চান রাতে তার ডাক পড়তে থাকে ছবি আঁকার জন্য, আল্পনা আঁকার জন্য।
চান রাতে সে খুব ব্যস্ত থাকত। কারণ মহল্লার মধ্যে সবচেয়ে ভালো ছবি আঁকার হাত তারই ছিল। ফলে মহল্লার পুলাপান তাকে ধরে নিয়ে যেত ছবি আঁকার জন্য। সে মহল্লার দেয়ালে দেয়ালে ছবি আঁকত। ঈদ সংক্রান্ত মজার মজার কার্টুন আঁকত সে। আর রাস্তা জুড়ে আঁকত আলপনা।
গেট তৈরি হত মহল্লায় ঢোকার মুখে। সেই গেটে ঈদ মোবারক ও ওয়েলকাম লেখা থাকত। ওর হাত দিয়েই লেখানো হত সেই ঈদ মোবারক ও ওয়েলকাম।
রাত জেগে এই ছবি ও আল্পনা আঁকা সঙ্গে পাল্লা দিয়ে বাজত হিন্দি গান। এক পরদেশী তেরা দিল লে গায়া .......
এখনও পাড়া মহল্লায় ছবি ও আল্পনা আঁকা এবং গেট নির্মাণ হয় কোথাও কোথাও। কিন্তু আগের মতো এত উচ্ছ্বাস নেই। আগের মতো গেটের সংখ্যাও এত বেশি হয় না ।
আমাদের সামাজিক মজাগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা আরো বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



