এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার
বিশ্বকে বাসযোগ্য না করতে পারি, কেবল ঢাকা শহরকে বাসযোগ্য করার দায়িত্ব নেয়া দরকার আমাদের সরকার বাহাদুরের। কেবলমাত্র কর্মসূত্রে ঢাকায় মানবজট লেগেছে। কাজের সন্ধানে এবং কাজ করার জন্য্ই মানুষ ঢাকামুখী হয়। গ্রাম ছেড়ে, তার চেনা গণ্ডি ছেড়ে রাজধানীর দুষণ, দুর্ঘটনা আর দুঃসহ জীবন বেছে নিতে বাধ্য হয়।
অথচ বিকেন্দ্রীকরণ করে উপজেলাভিত্তিক উন্নয়ন করলে ঢাকার উপর থেকে এই মানবজট খুব সহজেই সরে যেত। ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে লোকজন চলে গেছে তার গ্রামের বাড়ি। ফলে ঢাকা এখন যানজট ও মানবজট মুক্ত। ঢাকার এই পরিবেশ ধরে রাখার জন্য দরকার ঢাকা থেকে লোক সরানো। তার জন্য ঢাকার সুযোগ সুবিধাকে ছড়িয়ে দিতে হবে সারা দেশে। তাহলেই লোকজন ঢাকা ছাড়তে শুরু করবে।
উপজেলা নির্বাচন হল। উপজেলায় এখন নির্বাচিত চেয়ারম্যান আছে। তাই এই স্থানীয় সরকারকে ভিত্তি ধরে বিকেন্দ্রীকরণ করা দরকার। এরশাদ সরকার এই বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিল কিন্তু কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করে পরবর্তী সরকারগুলো এই সাংবিধানিক পদ্ধতিটি বন্ধ করে রেখেছিল।
যাই হোক, এখন আবার উপজেলাভিত্তিক বিকেন্দ্রীকরণ করার কথা ভাবাব সময় এসেছে। ঢাকা থেকে মানবজট দূর করতে হলে এর বিকল্প নেই।
যা করা দরকার :
০১) সকল অফিস আদালত ঢাকায় থাকতে হবে এই ধারণা ভুল। সরকারী অফিসগুলো ঢাকার বাইরে নেয়ার ব্যবস্থা করতে হবে।
০২) যে সকল অফিসিয়াল কাজ সারতে মানুষকে বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়, সেই সকল কাজ উপজেলা পর্যায় থেকে করে ফেলার সুযোগ দিতে হবে।
০৩) উপজেলাকেন্দ্রিক আদালত চালু করতে হবে। বিচার চাওয়ার জন্য ঢাকা যাওয়া বন্ধ করা দরকার।
০৪) কর্মসংস্থানের জন্য উপজেলাভিত্তিক শিল্পজোন গড়ে তুলতে হবে। সব গার্মেন্টস বা শিল্প কারখানা ঢাকায় না রেখে উপজেলাভিত্তিক শিল্পজোনে সরিয়ে নিতে হবে।
০৫) সবার আগে দরকার উপজেলাভিত্তিক নাগরিক সুযোগ সুবিধা। রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল কলেজ গড়তে হবে উপজেলাগুলোতে। বসবাসের জন্য সরকারী উদ্যোগে ফ্লাট বাড়িও নির্মাণ করতে হবে।
ঢাকা শহরের মতো নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থানের সুযোগ যদি মানুষ তার বাড়ির কাছে উপজেলায় পায়, তবে কেউ আর নিজের আত্মীয় পরিজন ছেড়ে ঢাকা শহরে আসবে না। কমে যাবে ঢাকা শহরের মানবজট। সরকারকে এক্ষুণি এই বিষয়ে কাজ শুরু করা দরকার, আমরা ইতিমধ্যে অনেক সময় নষ্ট করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


