আমাদের দেশে ভালো মানুষের সংখ্যা খুব কম। কারণ একটাই। ভালো মানুষকে সামাজিকভাবে মূল্যায়িত করি না আমরা। বরং সততা ও ভালোমানুষীকে আমরা বোকামি বলে অবহেলা করি। ভালো মানুষের সততাকে ব্যর্থতা ও দুর্বলতা মনে করি। এ জন্যই ভোটের সময় বেছে বেছে সবচেয়ে সবচেয়ে খারাপ লোকটাকে, সন্ত্রাসীটাকে, চাঁদাবাজটাকে, টেন্ডারবাজটাকে, দখলবাজটাকে ভোট দিয়ে পাস করাই।
আমরা নিজেরাও ভালো মানুষ হতে চাই না। তেমনি ভালো মানুষগুলোকে আমরা কোণঠাসা করে রাখি। কিন্তু এই সব প্রতিকূলতা পেরিয়ে কিছু ভালো মানুষ ভালো থেকে যান। তারা আমাদের মতো লোভী ও অসৎ নন। তারা তাদের সততা বজায় রাখেন সব সময়।
এই সব লোকের আচরণকে আমরা প্রায়ই সন্দেহ করি। ভাবি, নিশ্চয়ই কোন কুমতলব আছে। নইলে এত ভালো মানুষী দেখায় কেন ? আমাদের এই সন্দেহের কারণে তারা সম্মানিত তো হনই না, বরং উল্টো নানা জায়গায় হেনস্তা হন।
অথচ আমাদের দরকার এই সৎ মানুষদের কথা বলা। যত বেশি সম্ভব তাদের কথা সবাইকে স্মরণ করিয়ে দেয়া দরকার। তাদের কর্মকাণ্ড মানুষকে জানানো উচিত। তাদের সততাকে উজ্জ্বলতম উদাহরণ হিসেবে মনে গেঁথে রাখা দরকার। এখনও ভালো মানুষ আছে এবং তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত - এই কথাটা পরস্পরের মধ্যে উচ্চারিত করা দরকার গর্বের সঙ্গে। জাতি হিসেবে এখনও আমরা ফুরিয়ে যাইনি তা এই সৎ মানুষদের কাছে থেকে শেখা দরকার । এই সব সম্মানী সৎ মানুষদের সকাল সন্ধ্যায় স্মরণ করা দরকার।
তেমনি একজন সম্মানী সৎ মানুষ আমাদের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে দৈনিক আমাদের সময়ে প্রকাশিত সংবাদটি সবার সাথে শেয়ার করলাম। তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আপনি আমাদের গর্ব।
রাষ্ট্রীয় অর্থে বিলাসিতা পছন্দ নয় শিক্ষামন্ত্রীর
দুলাল আহমদ চৌধুরী: রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে অতিসতর্ক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার তিনি প্যারিস যাচ্ছেন। মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কো স্থায়ী প্রতিনিধি এনামুল কবিরের সঙ্গে ফোনালাপে নাহিদ তার জন্য যে কোনো সাধারণ মানের একটি হোটেলে একটি সাধারণ কক্ষ বুকিং দিয়ে রাখার অনুরোধ করেছেন। তিনি রাষ্ট্রদূতকে বলেছেন, আমি গরীব দেশের জনগণের প্রতিনিধি। জনগণের টাকা আমার বিলাসিতায় ব্যয় করার জন্য নয়। কোনো রকম রাত কাটিয়ে কাজ করতে পারলেই হয়। যত কম মূল্যে সম্ভব বিমানের টিকেট করতেও তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তিন সপ্তাব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে ৫ অক্টোবর, শেষ হবে ২৬ অক্টোবর। শিক্ষামন্ত্রী এক সপ্তাহ সেখানে অবস্থান করে ১২ অক্টোবর দেশে ফিরে আসবেন। ওইদিনই যাবেন শিক্ষা সচিব। মন্ত্রী জানিয়েছেন, এবার ইউনেস্কো বোর্ডের সদস্য পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি এজন্য সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে লবিয়িং করবেন তিনি। সেখানকার রাষ্ট্রদূতও এ ব্যাপারে লবিয়িং চালিয়ে যাচ্ছেন।
সুত্র জানায়, এর আগে মালয়েশিয়ায় কমনওয়েলথ শিক্ষামন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। সেখানে গিয়ে তিনি দেখেন হোটেলে তার জন্য একটি ভিআইপি কক্ষ রাখা হয়েছে। তাৎক্ষণিক তিনি হোটেল কর্তৃপক্ষকে ডেকে ভিআইপি কক্ষটি পরিবর্তন করে একটি সাধারণ কক্ষ নিয়েছিলেন। জার্মানি সফরকালে হোটেলের সাধারণ কক্ষে থেকেছেন তিনি।
নূরুল ইসলাম নাহিদ মন্ত্রী হিসেবে বিদেশ সফরকালে কখনো পিএস কিংবা এপিএসকে সঙ্গে নেননি। ঢাকার বাইরে সফরকালে তিনি সবসময় একটি গাড়ি নিয়ে যান। সফরসঙ্গী পিএস, এপিএসকে আলাদা গাড়ি ব্যবহার করতে দেন না। তার বক্তব্য, প্রয়োজন ছাড়া কেন রাষ্ট্রীয় অর্থে জ্বালানি ব্যয় হবে। যেখানে একটা গাড়িতে যাওয়া যায়, সেখানে কেন একাধিক গাড়ি নিতে হবে। নির্বাচনী এলাকায়ও তিনি খুবই সাধারণভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


