সরকারের সমালোচনা করা সহজ। বিশেষত আমাদের দেশে সরকারের সমালোচনা করার ইস্যুর অভাব নাই। এমনও হয়, একটা ইস্যু নিয়ে সমালোচনা শেষ হওয়ার আগেই আরেকটা ইস্যু এসে হাজির। সমালোচনা করতে করতে হয়রান হওয়ার অবস্থা হয় মানুষের। কিন্তু তারপরও সমালোচনা দরকার আছে। চিরকালই দরকার থাকবে। সমালোচনা না থাকলে সরকার নিজেকে কখনও শুধরে নিতে পারবে না।
তবে কেবল সমালোচনা নয়, প্রশংসাও দরকার আছে। প্রশংসা মানে তৈলবাজি করা না। ভালো কাজ করলে তবেই প্রশংসা। প্রশংসা না পেলে ভালো কাজ করার উৎসাহ পায় না কেউ। সুতরাং সরকারকে উৎসাহ দেয়ার জন্য হলেও সরকারের ভালো কাজের কিছু প্রশংসা করা দরকার।
সরকার একটা ভালো কাজ করেছে। বছরের প্রথম দিন স্কুলের কোমলমতি শিশুদের হাতে বই পৌঁছে দিয়েছে। ১৭ বছর পর এই প্রথম নতুন কারিকুলামে বই ছাপা হয়েছে। এবারই প্রথম বইগুলো হয়েছে চার রঙা। সেই চার রঙা বই হাতে বছরের প্রথম দিনই শিশুরা আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরেছে।
কয়েক বছর আগে এই বই পাওয়া নিয়ে ভীষণ অনিশ্চয়তা ছিল। বছরের প্রথম দিন বই পাওয়াটা ছিল দুঃস্বপ্নের মতো। কবে বই পাওয়া যাবে, তা কেউ জানত না। তাছাড়া বিনা মূল্যের বই বাজারে বিক্রি করে দেয়ার মতো জঘন্য কাজও হয়েছে। ভুয়া তালিকা দেখিয়ে অতিরিক্ত বই তুলে বাজারে বিক্রি করে দেয়ার ঘটনা বহু ঘটেছে। সেই সব অনিয়ম থেকে সরকার বেরিয়ে আসতে পেরেছে।
বছরের প্রথম দিন শিশুদের হাতে বই পৌছে দেয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। এই দায়িত্বটি অতীতের প্রতিটি শিক্ষামন্ত্রীরই ছিল। তারা সেই দায়িত্ব পালন করতে পারেন নি।
আশা করি, ভবিষ্যতের সকল শিক্ষামন্ত্রী এই দায়িত্বটি সুচারুরূপে পালন করবেন এবং প্রতি বছরই শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে নাচতে নাচতে বাড়ি ফিরবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




