যখন স্কুলে পড়তাম নিল ডাউন হওয়া ছিল কমন ঘটনা। এখন নিল ডাউন হওয়া আছে কিনা জানি নাহ , তবে অভিনব কান্ডের জন্য এই শাস্তির মজাটা ছিল অন্যরকম....
অস্ত্রের অপব্যবহারঃ
তখন পড়ি ক্লাস ফোরে। সবসময় মাথায় চিন্তা থাকত কি করে অন্য কে কাবু করা যায়। একদিন ইংরেজী স্যার ক্লাসে উপস্থিত আছেন এমন সময় বন্ধু আরেফিনের মাথায় আসল আইডিয়া। কিছু নাহ সেই রাবার ব্যান্ড দিয়ে কাগজ ছুড়ে মারা। মারাত্নক এক অস্ত্র পেয়েছি এই খুশিতে আমি বলে উঠলাম, “এখনই তাহলে টেস্ট করে দেখি কেমন কাজ করে” যেই বলা সেই কাজ । ক্লাস চলাকালীন অবস্থায় ফাকা জায়গা লক্ষ্য করে কাগজ নিক্ষেপ করল বন্ধু আরেফিন। কিন্তু বিধিবাম অস্ত্র টা যত চমৎকার বন্ধুবরের হাতের টিপ ততটাই খারাপ। কাগজ যেয়ে লাগল আরেক সহপাঠী ইমনের গায়ে। স্যার কে নালিশ জানাবে এমন ছেলে ইমন নাহ, কিন্তু সেদিন কি হল সঙ্গে সঙ্গে স্যারের কাছে নালিশ চলে গেল। স্যার আরেফিন কে ডেকে জিজ্ঞেস করল, “ওকে মারলা কেন”? বেচারা আরেফিন আমাকে দেখিয়ে উত্তর দিল স্যার ঐ মারতে বলেছে তাই মারলাম। এইবার ডাক পড়ল আমার। যথাযথ উত্তর দিতে না পারায় স্যার বললেন যাও, বাহিরে যেয়ে সুন্দর ভাবে দুজন দুজনার কান ধরে নিল ডাউন হয়ে বসে থাকো। সেদিন কান ধরে থাকার জন্য যতটা নাহ কান লাল হয়েছিল তাঁর চেয়ে বেশি লাল হয়েছিল লজ্জায়।
স্কেটিং স্কেটিং
ঘটনা ক্লাস সিক্সের। তখন আর নিল ডাউন হয়ে থাকার লজ্জা নাই! আমাদের দেশে স্কেটিং করার উপায় সেইভাবে নাই। কিন্তু ক্লাসে একদল ছেলে মিলে আবিষ্কার করল , ক্লাসের পিছনের ফাকা জায়গাটা বেশ পিচ্ছিল। আরামসে স্কেটিং করা যাবে তথা দৌড়ে এসে পড়ে যাওয়ার ভান করা যাবে। প্রথম প্রথম এই আইডিয়া হালে পানি না পেলেও একসময় গোটা ক্লাসে হয়ে উঠল জনপ্রিয়। একদিন বিজ্ঞান স্যার আসতে দেরি করায় সবাই মেতে উঠলাম তথাকথিত স্কেটিং খেলায়। স্যার ক্লাসে এসে দেখেন অর্ধেক ছাত্র পিছনে স্কেটিং এ মগ্ন বাকি অর্ধেক মুগ্ধ দর্শক হিসেবে দেখছে। তারপরের কাহিনী, প্রায় ২৪ জন মিলে লম্বা লাইন করে নিলডাউন হয়ে থাকলাম ক্লাসের সামনের বারান্দায়। যদিও অর্ধেক ছাত্র ক্লাসের বাহিরে, কাদের নিয়ে ক্লাস হবে এই স্বার্থে স্যার সেদিন শাস্তির সময় কমিয়ে দিয়েছিলেন।
বিচিত্র অঙ্গাভঙ্গিঃ
উঠে গেছি ক্লাস নাইনে। ক্লাসে আছেন বাংলা স্যার। সময় তখন এমপি থ্রী এমপি ফোর প্লেয়ারের। আমি আর প্রিয় বন্ধু শামস গল্প করছি কি করে বাসায় রাজি করিয়ে একটা এমপি ফোর প্লেয়ার কিনা যায়। বাংলা ক্লাসের দিকে মনোযোগ বলতে কিছুই অবশিষ্ট নাই। শেষে শামসের প্রশ্ন ছিল যদি এমপি ফোর প্লেয়ার না কিনে দেয়? আমার উত্তর ছিল কিনে না দিলে কানে ক্যাসেট প্লেয়ার ধরে গান শুনব আর ঘুরব। মাথায় কি ভুত চেপেছিল চেয়ারে বসে থাকা অবস্থায় অঙ্গাভঙ্গি করে দেখালাম ক্যাসেট প্লেয়ার কানে নিয়ে কি করে ঘুরব, তা দেখে শামস নিজেও ডিজের মত অঙ্গাভঙ্গি করে দেখালো। ক্লাসে আর কারো চোখে না পরলেও এই ঘটনার নীরব দর্শক ছিলেন স্যার নিজে । আমাদের অভিনয় শেষে খুব সুন্দর ভাবে স্যার আমাদের ডেকে বললেন এদিকে এসো, বাহিরে যাও আর দুজন দুজনার কান ধরে দাঁড়িয়ে থাকো। আর কেউ না বুঝলেও আমরা ঠিকই বুঝলাম কেন এই শাস্তি! সেদিন ছোট ক্লাসের ছেলেরা মুগ্ধ নয়নে দেখছিল দুটা বড় ভাইয়া কান ধরে দাঁড়িয়ে আছে।
ফুটবল ফুটবলঃ
স্কুল জীবনের শেষ নিল ডাউন। ক্লাস টেনে তখন। সবার মাথায় ফুটবল খেলার ভুত চেপেছে। কি কারনে স্যার ক্লাসে আসেননি, বেশ কজন মিলে ক্লাসের পিছনে শুরু করলাম ফুটবল খেলা। ফুটবল হিসেবে ব্যবহৃত হল পুরোনো প্লাস্টিকের বোতল। খেলায় যখন সবাই মত্ত তখন শুনলাম স্যার আসছেন। সবাই নিজ জায়গায় বসে গেলাম। দেখলাম ক্লাসে এসেছেন অ্যাসিস্ট্যান্ট হেড স্যার। স্যার ক্লাসে ঢুকার কিছুক্ষন পর বন্ধু প্রিন্স যে আমাদের সাথে খেলছিল তাকে বলল, কি ব্যাপার ছেলে তুমি এত ঘেমে আছো কেন? নিশ্চয় পিছনে খেলছিলা তাই না? অভিজ্ঞ স্যার বুঝে গেলেন ঘটনা কি। ক্লাসের ফার্স্ট বয় রাচিকে দাড় করিয়ে বললেন , “কে কে খেলছিল নাম গুলো বল তো”। সেদিন খেলোয়াড়গুলোর মধ্যে রাচি নিজেই ছিল। তাই নিরুপায় হয়ে নিজের নাম সহ সকল খেলোয়াড় দের নাম বলে দিল। স্যার আমাদের ঠিক সে জায়গায় নিল ডাউন করালেন যেখানে সবাই বীরদর্পে খেলছিলাম। স্যার নিজে চেয়ার টেনে এনে সেইখানে বসলেন। আর নিলডাউন অবস্থায় আমাদের কে প্রশ্ন ধরতে থাকলেন! সেদিনকার নিলডাউন হওয়া ছিল এক অনন্য অভিজ্ঞতা।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



