আইনবহির্ভূত বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদসহ আট দফা দাবি আদায়ে শুক্রবার গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ভাড়াটিয়া ঐক্য পরিষদ।
পরিষদের সমন্বয়কারী মো. বাহারানে সুলতান বাহার নতুন বার্তা ডটকমকে জানান, শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।
মো. বাহারানে সুলতান বাহার জানান, আইনবহির্ভূত বাড়ি-দোকান ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের কাছ থেকে এক মাসের বেশি অগ্রিম বাড়িভাড়া গ্রহণ বন্ধ করতেই এ গণঅবস্থানের ডাক দেয়া হয়েছে।
এছাড়াও বাড়িভাড়া ব্যবসাকে ১০০ ভাগ রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, ভাড়া বাবদ রসিদ প্রদান, ‘বাড়িভাড়া আইন ১৯৯১ সংস্কার, বিদ্যুৎ-পানি-গ্যাসের দাম কমানো, আইন অমান্যকারী বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিচার, বাড়িভাড়া আইন রক্ষার্থে মোবাইল কোর্টসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন কর্মসূচি দেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, দুর্মূল্যের বাজারে যেখানে মৌলিক চাহিদাই ঠিকমতো পূরণ হচ্ছে না, সেখানে বছর যেতে না যেতেই আইনবহির্ভূত ভাড়া বৃদ্ধি করেই যাচ্ছেন বাড়ির মালিকরা। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষেরা তাদের অন্যায় চাপে পিষ্ট হচ্ছেন। ঐক্য পরিষদ ভাড়াটিয়াদের প্রাণের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে। ভাড়াটিয়াদেরও অধিকার আছে সেটা বাড়ির মালিকদের বুঝতে হবে। দিন দিন বাড়ির মালিকদের অন্যায় সীমা ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, এর আগেও বাড়ির মালিকদের অন্যায়ের বিরুদ্ধে কর্মসূচি দেয়া হলেও তা সাফল্যের মুখ দেখেনি। বাড়িভাড়া সংক্রান্ত বিষয়ে সিটি করপোরেশনের দায়িত্ব থাকলেও কখনই এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সরকারও এ বিষয়ে নির্লিপ্ত থাকছে।
অন্যায় প্রতিরোধে আট দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।
বাহার বলেন, এ দাবি আদায়ে সহায়তা করলে সরকার বাড়িভাড়া থেকে রাজস্ব আদায় করতে পারবে। এর ফলে বছরে রাজস্ব খাতে হাজার হাজার কোটি টাকা জমা পড়বে। এতে দেশের উন্নয়ন আরো বেগবান হবে।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ভাড়াটিয়া ঐক্যপরিষদ আট দফা দাবিতে এক সংবাদ সম্মেলন করে। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৮ জানুয়ারি গণঅবস্থান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



