বেশ কিছুকাল আগের কথা- তখন তালুকদারি প্রথা বিদ্যমান। নিজ নিজ তল্লাটের প্রজাদের তালুকদারদের ইচ্ছা মাফিক খাজনা দিতে হতো। যেসব প্রজারা খাজনা দিতে অপারগ ছিল তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতনের খঢ়গ। তাদের বউ-ঝিদের বাধ্যতামুলক তালুকদারদের জলসা ঘরে উপোঢৌকন হিসেবে পাঠাতে হতো; তা না হলে সেসব অসহায় প্রজাদের উচ্ছেদ করে ভিটাবাড়ি চষে লাগিয়ে দেয়া হতো বেগুনের চারা। আর এই দুষ্কর্মগুলো বাস্তবায়ন করতো তালুকদারদের নির্দেশে নায়েবগণের নেতৃত্বে তাদের নিজস্ব পেটোয়া বাহিনী।
তালুকদারদের পেটোয়া বাহিনীর সদস্যরা ছিল এক প্রকারের আগাছা। তালুকদাররা নিজস্ব বাহিনী গঠনের জন্য নিম্নবিত্তদের প্রজাপত্তন করতেন। নির্দিষ্ট একটি জমির কর মওকুফ করে নিম্নবিত্ত গোত্রের কিছু সংখ্যক মানুষকে শর্ত সাপেক্ষে থাকতে দেয়া। শর্তগুলোর মধ্যে থাকতো- ১. প্রজাপত্তনকৃত পুরুষদের তাদের নিজস্ব বাহিনীতে যোগ দিতে হবে। ২. প্রজাপত্তনকৃত নারীদের অন্দর মহলে তালুকদার পরিবারের সদস্যদের হুকুম পালন করতে হবে।
তেমনই এক তালুকদার পরিবারের একমাত্র আদুরে কন্যা ছিল- উম্মে কুলছুম তুলাজান বিবি। তুলাজান বিবি ছিলেন কিছুটা হাবাগোবা প্রকৃতির। বড় তালুকদার তার হাবাগোবা কন্যাকে এক মুহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না। তাই তার কন্যাকে দূরে কোথাও বিয়ে দিতে রাজি হলেন না। তিনি তুলাজানকে বিয়ে দিয়ে ঘরজামাই রাখবেন। কিন্তু চাইলেই তো ঘরজামাই পাওয়া যায় না। পাত্রও তো পাওয়া চাই। কোনো বনেদি পরিবারের পুত্র তো আর ঘরজামাই থাকতে চাইবে না। অন্যদিকে কন্যার বিয়ের বয়সও প্রায় যায় যায় করছে। বড় তালুকদার পড়লেন মহাদুশ্চিন্তায়। আইবুড়ো মেয়েকে তো আর ঘরে রাখা যায় না। তার এতো প্রভাব প্রতিপত্তি! অথচ কন্যার জন্য একটা ঘর জামাই পাচ্ছেন না। তুলাজানকে বিয়ে দিতে না পারলে সমাজে তিনি মুখ দেখাবেন কি করে! পাত্র খুঁজে কোথাও না পেয়ে তিনি মনস্থির করলেন- লাঠিয়াল সর্দার আবুলের ছেলে মবুলের সাথে তুলাজানকে বিয়ে দিবেন।
মবুল দেখতে শুনতে মন্দ না। যদিও কাজকাম কিছু করে না। তুলাজানের সাথে বিয়ে হলে কাজেরই বা কী দরকার! জলু সর্দারকে বড় তালুকদারের দাদা এক সময় প্রজাপত্তন করেছিলেন। বড় তালুকদারের বাবার তালুকদারির সময় চর নিয়ে দাঙ্গায় জলু সর্দার প্রাণ দিয়েছিল। তারই বংশধর মবুল। জলু সর্দার ছিল মবুলের দাদার বাবা। সেই থেকে বংশ পরাম্পরায় মবুলরা তালুকদারদের পেটোয় লাঠিয়াল বাহিনীতে আছে। যেই ভাবা সেই কাজ। বড় তালুকদার তড়িঘড়ি করে মবুলের সাথে উম্মে কুলছুম তুলাজান বিবির বিয়ে দিয়ে দিলেন। মবুল এমনিতেই অলস, তার উপরে ছিল একটু লোভী। তুলাজান বিবিকে বিয়ে করে সে যেনো নিজেকে সামলাতে পারছিল না- কোলার ব্যাঙ নদীতে গেলে যা হয়; সেই অবস্থা। বড় তালুকদার যে বিষয়টা একেবারেই লক্ষ্য করেননি, তা নয়। তিনি ভাবলেন- মেয়ে তো একটাই! তাছাড়া আমার তালুকে যে সম্পদ আছে তা ক’পুরুষে শেষ হবে না।
দুই যুগ পরের কথা- তুলাজান বিশ সন্তানের জননী! বড় তালুকদার দুনিয়ার মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন বছর দু’আগে। মবুলই তালুকদার পরিবারের দণ্ডমুণ্ডের হর্তাকর্তা। তার অত্যাচারে প্রজারা সবাই অতিষ্ট। এর ক’বছরের মাথায় মবুলকে তালুকদারি হারাতে হলো। সরকার তালুকদারি প্রথা তুলে নিয়েছে, সেই সাথে তালুকের সব সম্পদ সরকার বাজেয়াপ্ত করেছে। এরই মাঝে তুলাজানের আরো একটি সন্তান হয়েছে। তাদের সঞ্চয় বলতে বিছুই নেই। মবুল নিজে তো কোনো কাজ করেইনি; সন্তানদেরও আত্মনির্ভরশীল হওয়ার মতো কোনো কাজ শিখায়নি। কিন্তু পেট তো আর চুপটি করে থাকে না। পেটের তো নিয়ম মাফিক খাবার চাই ই চাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মবুলের একুশ সন্তান মা বাবাকে ফেলে রেখে যে যার মতো নিরুদ্দেশ হয়ে গেল। বৃদ্ধ মবুল অসুস্থ স্ত্রী উম্মে কুলছুম তুলাজান বিবিকে নিয়ে সারাদিন ভিক্ষে করে আর ভাবে- ‘যদি পরের অর্থে নির্ভর না করে পরিকল্পিত সন্তান নিয়ে মানুষ করতো তবে আজ এমনটি হতো না।’ ভিক্ষে করে যা পায় তা দিয়ে খাবার ও স্ত্রীর ওষুধ কিনা সম্ভব হয় না। অবশেষে তুলাজান বিবি অর্ধাহারে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিল। কিছুদিন পর মবুলকে দেখা গেল একতারা নিয়ে গাইছে- ‘আমার মতো বুইঝো না কেউ সব হারাইয়া... জীবন তরী থাকে নাতো ঠায় দাড়াইয়া...!’
প্রিয় পাঠক, আপনারা হয়তো ভাবছেন এই গল্পটি বলার কারণ কী? আপনাদের এই গল্পটি বলার পিছনে কারণ তো অবশ্যই একটি আছে। আর তা হলো- আমাদের মাতৃভুমি বাংলাদেশ। একটি উন্নয়নশীল দেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছে। ভুমিষ্ট হওয়ার পরই শিশুটির বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি। সেই সাথে শিশুটির জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার জোগান নিশ্চিত করাও অত্যাবশ্যক। তদ্রুপ সদ্য ভুমিষ্ট দেশটির জন্য তখন বস্ত্র ও চিকিৎসা নিশ্চিতকরণের পাশাপাশি অনুকূল পরিবেশ সৃষ্টিসহ খাদ্যের জোগাড় করাটাই ছিল সবচেয়ে বেশি জরুরি।
দেশ স্বাধীন হওয়ার পর পরই অর্থাৎ ১৯৭১ সালেই বাংলাদেশ সরকারকে বিভিন্ন দেশ ও সংস্থার দ্বারস্থ হতে হয়েছিল । সদ্য স্বাধীন যেকোনো দেশেই রাষ্ট্রের কোষাগার শূন্য থাকে। বাংলাদেশের অবস্থাও ছিল তাই। আমাদের তখন বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন সবচেয়ে জরুরি ছিল সর্বস্বান্ত মানুষের খাবার জোগানো। সেই সাথে ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, বিদ্যুৎকেন্দ্র, বন্দরসহ সব ধরনের অবকাঠামো আবার ব্যবহারের উপযোগী করা। একটি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে সচল করা দুরূহ কাজ। এ অবস্থায় খাদ্য ও উপকরণ অনুদানের পাশাপাশি বাংলাদেশকে নগদ অর্থের ঋণ নিতে হয়েছিল । যদিও তখন বৈদেশিক সহায়তার বেশির ভাগই আসত অনুদান হিসেবে। কিন্তু সময়ের বিবর্তনে বদলে গেছে বৈদেশিক সহায়তার ধরন । এখন বাংলাদেশের খাদ্য ও পণ্যে সহায়তা তখনকার মতো ততোটা দরকার হয় না । শুরুর দিকে যেসব দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, দৃশ্যপটে তাদের অনেকেই এখন আমাদের পাশে নেই।
ক্রমে উন্নয়নের চাহিদা বেড়েছে, সে সঙ্গে বেড়েছে ঋণের পরিমাণ। ১৯৭২ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত গত চার দশকে বাংলাদেশ মোট তিন লাখ ৯৬ হাজার ৯৩০ কোটি টাকার বৈদেশিক সহায়তা পেয়েছে। এর মধ্যে ঋণ হিসেবে দুই লাখ ২৬ হাজার ৪৯৭ কোটি টাকা এবং অনুদান বাবদ এক লাখ ৭০ হাজার ৪৩৩ কোটি টাকা পাওয়া গেছে।
গত চার দশকে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা থেকে পাঁচ লাখ ১৪ হাজার ১৩৯ কোটি টাকার সহায়তা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে ঋণ হিসেবে তিন লাখ ২০ হাজার ৬৮৯ কোটি টাকা এবং অনুদান হিসেবে এক লাখ ৯৩ হাজার ৪৫০ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতির চেয়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার কম বৈদেশিক ঋণ ও অনুদান পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ প্রতিশ্রুত প্রায় ১৭ বিলিয়ন ডলার এখনো পাইপলাইনে রয়েছে। বর্তমানে বৈদেশিক অর্থ ছাড়ে খারাপ সময় যাচ্ছে। পাইপলাইনে এখনো ১৭ বিলিয়ন ডলার রয়েছে। অথচ বাস্তবায়নকালীন সংস্থাগুলো বৈদেশিক অর্থ খরচে আগ্রহ দেখাচ্ছে না। সংস্থাগুলো সরকারি কোষাগারের অর্থ খরচে বেশি আগ্রহী। এটি খুবই লজ্জাজনক বিষয়।
খাদ্য, পণ্য ও প্রকল্প-এ তিন খাতে উন্নয়ন সহযোগীরা ঋণ-সহায়তা দিয়ে থাকে। গত চার দশকে খাদ্যে ৪২ হাজার ৮৯০ কোটি টাকা অনুদানসহ মোট ৪৮ হাজার ৪৭৬ কোটি টাকা পাওয়া গেছে। চাল, গম ও ভূট্টা বাবদ এসব ঋণ সহায়তা পাওয়া গিয়েছিল। পণ্যখাতে ৪১ হাজার ২৫১ কোটি টাকা অনুদানসহ মোট ৭৯ হাজার ৬২৭ কোটি টাকা ঋণ পাওয়া গেছে। এ ছাড়া প্রকল্প সাহায্য বাবদ গত চার দশকে দুই লাখ ৬৮ হাজার ৮২৫ কোটি টাকা পাওয়া গেছে।
গত ৪০ বছরে সবচেয়ে বেশি ঋণ ও অনুদান এসেছে ২০০৯-১০ অর্থবছরে। ওই অর্থবছরে মোট ঋণ ও অনুদান মিলে এসেছে ১৭৮ কোটি ডলার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ ও অনুদান এসেছিল ২০০৭-০৮ অর্থবছরে। ওই অর্থবছরে ঋণ ও অনুদান এসেছিল ২০৬ কোটি ডলার। এ ছাড়া ২০০৮-০৯ অর্থবছরে ১৮৫ কোটি ডলার, ১৯৮৯-৯০ অর্থবছরে ১৮০ কোটি ডলার এবং ২০১০-১১ অর্থবছরে ১৭৭ কোটি ডলার ঋণ-সহায়তা পাওয়া গিয়েছিল।
এভাবে যদি বৈদেশিক ঋণের বোঝা আমাদের মাথায় চাপতে থাকলে এক সময় আমরা ঋণের জাঁতাকলে পিষ্ট হয়ে সর্বস্বান্ত হয়ে যাব। তাই অতি শিঘ্রই আমাদের জনসংখ্যা সমস্যাকে জনশক্তিতে রূপদান করতে হবে।
১৯৭১ সালে বাংলাদেশ যখন আতুর ঘরে তখন আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। আর এখন আমাদের জনসংখ্যা ১৬ কোটির ঘর ছুই ছুই করছে। আতুর ঘর থেকে হামাগুড়ি দিয়ে হাটতে হাটতে বয়স বেড়ে আমাদের দেশ এখন পূর্ণ যুবকে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশের বয়স বাড়ার সাথে সাথে বেড়েছে ঋণের বোঝা! সেই সাথে বেড়েছে বাংলাদেশের জনসংখ্যা। কিন্তু জনদক্ষতা কী সেই হারে বেড়েছে? বাড়েনি। অদক্ষতার অজুহাতে জনশক্তি আমদানিকৃত দেশগুলো আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ১৬ কোটি জনসংখ্যার দেশ হয়েও আমরা বিশ্বের দরবারে হাত পেতে এখনো ঋণ নামক সাহায্য চাইছি। তবে, আমরা কী মবুল হতে চলেছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




