শরত্ রূপের পরী
-আন্ নোমান
আজ আকাশে মেঘ যেন নয়, ভাসছে পেজাতুলো
লাফিয়ে বেড়ায় ঘাসের বনে ঘাসফড়িংগুলো ।
কাঁশফুলেরা দোদুল দোলে নদীর দু'কূল জুড়ে
ফুল-পাখিরা নেচে উঠে বাঁশির সুরে সুরে ।
নীল জোনাকি চুপিসারে টিপ আঁকে রাতের গায়ে
যায় হারিয়ে মনপাখিটা সাদা মেঘের নায়ে ।
ঝিকিমিকি শিশির হাসে কচি দুর্বা ঘাসে
স্বপ্ন রঙিন চোখের কোণে স্বপ্ন শত ভাসে ।
সাদা সাদা শাপলা ফুটে হাসে গাঁয়ের বিল-ঝিল
রাতের বেলা আকাশ জুড়ে হাসে তারা ঝিলমিল ।
শিউলি ফুলের হাসি দেখে হাসে ফুলের বন যে
মাঠপাকা ধান দেখে ভরে কৃষাণীর মন যে ।
নতুন চালে তালের পিঠা খাওয়ার পড়ে ধুম
খোকা-খুকুর দুচোখ থেকে যায় পালিয়ে ঘুম ।
ফুলশিশুরা খেলায় মাতে শুকনো নদীর চরে
রসে ভরা কিসসা শুনি সন্ধ্যায় সাঁঝআসরে ।
হালকা মেঘের ভেলায় চড়ে মিষ্টি মধুর হেসে
মন ভরাতে সবার 'শরত্' এলো বাংলাদেশে ।
'শরত্', 'শরত্', মিষ্টি 'শরত্', 'শরত্' রূপের পরী
ঢেউয়ের মাঝে ভাসিয়ে দেয়া ছোট্ট সোনার তরী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


