
যদি প্রশ্ন করো, "আমায় ভালোবাসো?"
আমি আকাশের দিকে আঙুল তুলবো
মেঘ সরে গেলে ফুটবে সূর্য,
আগুনের ফোঁটাগুলো বৃষ্টি হয়ে
ঝরে পড়বে পৃথিবীর বুকে,
আমি বলব এই নাও প্রেম।
যদি প্রশ্ন করো, "আমায় মনে পড়ে?"
আমি ভবিষ্যতের মাটি খুঁড়ে বের করে আনব
কবরে শায়িত কোনো প্রেমিকের কঙ্কাল,
তার চোখের কোটরে জমা গাঢ় অন্ধকার দেখতে পাবে,
আমি বলব "এই নাও উত্তর। ”
আজও মানুষ অন্ধ বিশ্বাসের বশে একে অন্যের রক্ত ঝরায়,
ভুলে যায় যে তাদেরও কান্না পায়,
ভালোবাসা না পেলে তারাও আকাশের দিকে চেয়ে আর্তনাদ করে,
শুধু অপেক্ষা সইতে না পেরে উদভ্রান্তের মতো বন্দুক হাতে নেয়।
তোমায় যদি বলি ওদের ভালোবাসো,
মায়ের মতো বুকে তুলে নিতে যদি বলি ক্ষতবিক্ষত দেহগুলোকে,
যুদ্ধের ময়দানে নেমে বারুদের গন্ধকে যদি বলি এক নিশ্বাসে শুষে টেনে নাও,
তুমি কি হবে না রাজি?
আমি যে আর নীলকন্ঠ হতে পারছি না
ভালোবাসা আমারও যে ক্ষয়তে শুরু করেছে।
বলো প্রিয়, পৃথিবীতে শেষবার ভালোবাসা ফেরাতে,
তুমি কি হবে না রাজি?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



