(কৌশিক ভাইয়ের জন্য)
সিগারেট খাবার পর থেকে আমরা রাজাদাকে একটু এড়িয়ে চলতে শুরু করলাম। রাজাদাও সেটা লক্ষ্য করেছে। আমরা রাজাদাকে আর বিশেষ পাত্তা দিতাম না।
রাজাদা কেমন যেন পাড়ার দাদাগিরি শুরু করে দিল। আমাদের দেখলেই রাজাদার দাদাগিরি বারাবারির পর্যায়ে চলে যেত ।পাড়ার কোন ফাংশানে আমাদের ভিরতেই দিতনা । পাড়ার দুর্গাপূজোতেও আমাদের তেমন কোন কাজ ছিলোনা। শ্মশানে যেতেও বাধা । রাজাদার দাদাগিরিতে আমাদের মন খারাপ হলেও বাইরে আমরা বুঝতে দিতাম না । ভাব দেখাতাম আমাদের বয়েই গেল।
আমরা অন্য পাড়াতে গিয়ে আড্ডা দিতে শুরু করলাম । তাতেও রাজাদার আপত্তি ।
তখন স্কুলের শেষ ক্লাশে পড়ি। ধরাকে সরা জ্ঞান করতে শিখে গিয়েছি । কোন কিছুকে পড়োয়া করিনা ।
গিয়েছি উত্তম মাধবীর তখনকার দিনের সুপার হিট সিনেমা 'শঙ্খবেলা' দেখতে। এ্যাডাল্ট ছবি । তাও আবার রাতের শোতে। অবশ্য চুপি চুপি। বাড়ীর লোক জানতে পাড়লে তো খেয়ে ফেলবে । মধ্যকালীন বিরতিতে মাথা নিচু করেই বাইরে বেরিয়ে ভাজাভুজি খেয়ে আবার মাথা নিচু করেই ভিতরে গিয়ে বসলাম।
ফুরফুরে মেজাজে বাড়ী এলাম । এবারও ছোটকাকু তৈরী হয়েই ছিলেন। মা এসে কোনমতে বাঁচালেন । আমাদের দলের আর সবকটাই উত্তম মধ্যম খেয়েছিল। এবারও সেই রাজাদা।
রাতের শোতে সিনেমা, আমরা নাকি বখেই গিয়েছি। তার ওপরে বেপাড়ায় আড্ডা । রাজাদার সইবে কেন। ইদানিং আবার রাজাদাকেও মানছি না।
আমরা ভাবতে বসলাম । রোজই নতুন নতুন প্লান । রাজাদাকে বাগে পাচ্ছিনা।
আমাদের সময়কার সবচেয়ে জনপ্রিয় ফুটবলের নক-আউট টুর্ণামেন্টের দিন ঘোষণা হয়ে গেল । এই টুর্ণামেন্টে বাইরের অনেক দল খেলতে আসতো। আসতো ভিন রাজ্য থেকেও। এই টুর্ণামেন্টে অংশ নেওয়া একটা প্রেষ্টিজের ব্যাপার। আমাদের টিম গতবারের রাণার্স-আপ। কোলকাতার বাঁশদ্রোনী গতবার চ্যাম্পিয়ান হয়েছিল।
অজিতের মাথায় বুদ্ধি কম ছিলো, কিন্তু ভাল রাইট-উইঙ্গ ছিল। দেবু লেফ্ট-উইঙ্গ, স্বপন গোলে, সুভাষ স্যুটার, আমি ডিফেন্সে। রাজাদা আমাদের কোচ।
ব্যস্ , রাজাদাকে টাইট্ দেবার সুযোগ হাতছাড়া করা চলবে না। ঝোকের মাথায় আমরা পাশের শহরের হয়ে সই করে ফেললাম। আমরা চলে গেলাম পাশের শহরে । ওদের ছিলো কোলকাতার নামকরা কোচ। আমরা আধুনিক ফুটবলটা শিখে নিতে লাগলাম।
রাজাদা যখন জানতে পারলো তখন আর কিছু করার নেই । রাজাদার টীম নামই দিতে পারেনি।
সেবার পাশের শহরের হয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম । রাজাদা আর কোনোদিন পেছনে লাগতে আসেনি। অবশ্য আমরা ততদিনে কলেজে চলে গিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


