সাধারনতঃ নিজের সম্পর্কে যে কথাটা সবাই বলে থাকে তা হলো, “আমি একজন সাধারন মানুষ”।" আমার প্রোফাইলেও এতদিন শুধু এই একটি কথাই লেখা ছিল। এই ব্লগের অনেক ব্লগার এর প্রোফাইলেও এটা লেখা। কিন্তু ভেবে দেখলাম, কথাটা পুরোপুরি ঠিক নয়। আসলে আমি এরকম মনে করি না, আমি মনে করি সব মানুষই কোন না কোন ভাবে অসাধারন, অনন্য। আমিও তেমনই একজন।
আমি মনে করি প্রতিটি মানুষের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। কথাটা নাটুকে শোনালেও, আমি এটা বিশ্বাস করি। একজন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে।
হয়তো বলবেন, মানুষের ক্ষমতা আর কতটুকু? তার শরীর ক্ষয়ীষ্ণু, দূর্বল। অল্পতেই আহত হয় সে। হ্যাঁ, তার মস্তিষ্কের অনেক ক্ষমতা আছে বটে, কিন্তু তার অনেকটাই সে আজো ব্যবহার করতে শিখে নাই।
ঠিক। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই, মানুষের অনেক উপেক্ষিত ক্ষমতার মধ্যে একটা হলো তার সংঘবদ্ধ, দলবদ্ধ হয়ে চলার ক্ষমতা। কয়েকজন মিলে যখন একটি সংঘ তৈরী হয়ে, তার শক্তির কথা একবার ভাবুন। মানুষ সামাজিক প্রাণী, দলবদ্ধ হয়ে চলার জন্য তৈরী। এবং দলবদ্ধতাই তার মূল শক্তি। এবং এর উদাহরণ তো আর আমাদের আশে পাশে কম নেই।
ভেবে দেখুন, মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, নিজের ভাবনাটাকে অন্যের মাঝে প্রবাহিত করতে পারে। সে পারে আরেকজনকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে। ব্যাপারটা কি অসাধারন নয়?
অনুপ্রাণিত করার ক্ষমতা সবার হয়তো সমান নয়। কেউ বলবে, আমি ভাই কাউকে অনুপ্রাণিত করতে পারি না। ঠিক আছে, আপনি অনুপ্রাণিত হতে তো পারেন। সেটাই বা কম কি? আপনি যদি কারো কথায় অনুপ্রাণিত বোধ করেন, সেটা তার জন্য কতটা উৎসাহ যোগাবে, ভেবে দেখেন।
কেউ সামনে থেকে নেতৃত্ব দেবে, আর কেউ পেছনে থেকে উৎসাহ দেবে, এটাই তো সংঘের নিয়ম।
এই ব্লগের কথাই ধরুন। এখানে যারা আছেন, তারা সবাই কি ভালো ভালো পোস্ট লিখছেন? অনেকেই আছেন যারা সেরকম না লিখলেও আছেন, পড়ছেন, নিভৃতে থেকে সমর্থন দিচ্ছেন। ছোট একটি কমেন্ট করে সহমত প্রকাশ করছেন যারা, তারাই কিন্তু জনমত সৃষ্টির মূল ভিত্তি, তারাই সংঘের শক্তি।
হয়ত অনেক বড় বড় কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমি যা বলতে চাচ্ছি তা হলো আমরা সবাই যে নিজেকে এত সাধারন বলে প্রকাশ করি, এটা বিনয় হলে ঠিক আছে। তবে, সেটা যেন নিজের সম্পর্কে অজ্ঞানতা প্রসূত বা আত্নবিশ্বাসের অভাব জনিত না হয়। একটা কথা আছে না, নিজেকে জানো। নিজেকে সঠিকভাবে চিনতে পারলে আত্নবিশ্বাসের অভাব বা অহেতুক অহংকার কোনটাই থাকবে না।
জানি না যা বলতে চেয়েছিলাম তা বলতে পারলাম কি না। আসলে নিজের প্রোফাইলে ''আমি একজন সাধারন মানুষ'' কথাটা দীর্ঘদিন ঝুলে থাকার পর হঠাৎ করেই মনে হলো কথাটা বদলে ফেলি, আর তখনই এই ভাবনা গুলো মাথায় এলো। লিখে ফেললাম।
[ বিঃ দ্রঃ আমি অনেকটা নৈরাশ্যবাদী ধরনের মানুষ, এই লেখাটা কি রকম যেনো বেশ আশাবাদী লোকের লেখা হয়ে গেলো ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


