শেষ বেলার গোধুলীর রাঙ্গা আলো মাখা-
পশ্চিম আকাশের দিকে উড়ে চলা পাখির
মাটিতে রেখে যাওয়া অদৃশ্য পথের দিশা ধরে
এগিয়ে যেতে ইচ্ছা করে
যখন তোমার হাত আমার হাতের মুঠোয়।
বর্ষার অবিন্যস্ত স্রোতে ভেসে যাওয়া
শুকনো পাতার মত ভেসে যেতে ইচ্ছা করে,
যখন তোমার হাত আমার হাতের মুঠোয়।
রৌদ্র ভেজা গ্রীষ্মের তপ্ত দুপুরে বাইরে বয়ে চলা
লু হাওয়ার সাথে মিশে যেতে ইচ্ছা করে,
যখন তোমার হাত আমার হাতের মুঠোয়।
শীতের রাতে ঘাসে জমে উঠা শিশির
ও সকালের সাদা কুয়াশার মত,
যখন তারা হারিয়ে যায় রবির স্নিগ্ধ কিরণ মালায়।
তেমনি হারিয়ে যেতে ইচ্ছা করে,
যখন তোমার হাত আমার হাতের মুঠোয়।
প্রচন্ড খরা কবলিত মৃত্তিকায় বৃষ্টির বারি শোষণের মত,
বিষাদের সবটুকু গরল আকন্ঠ পান করে
নীলকন্ঠ হতে ইচ্ছা করে,
যখন তোমার হাত আমার হাতের মুঠোয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


