কাক ডাকা ভোরে শুরু হয় গল্প !
রাস্তার মোড়ে মোড়ে, বাস স্টপেজ, কিংবা উদ্যানে !
পুরানো কারিগরের নিখুঁত হাতে জন্ম নেয় সে গল্পগুলো;
তার প্রতিটি দৃশ্যপট !
সকাল শুরু হয় চা আর গল্পে,
প্রতিটা সূর্যোদয় স্বাদ পায় নতুনত্বের !
জানালায় তাকিয়ে গল্প করি ব্যস্ততার সাথে,
গল্প করি সকালের গল্পের সাথে ।
সন্ধ্যায় যখন ক্লান্তিরা দল বেঁধে হুমড়ি খায় লোকাল বাসে;
নিয়ন আলোয় যখন শহর ডুবে যায় ভীড়ে;
সে ভীড়ে একজোড়া উৎসুক চোখ তাকিয়ে থাকে দিগন্তে,
খুঁজে ফিরে যান্ত্রিকতার নিস্তব্ধতা কিংবা জীবনের না বলা কোন গল্প !
ঘরে ফিরবো ফিরবো করে ফেরা হয় না রোজ !
সময় পালায় নানা টালবাহানায় , পড়ে থাকি আমি !
আমার যে নেশা, স্বকীয়তার নেশা, শহরের নেশা !
আমার যে গল্প চাই, যান্ত্রিকতায় প্রেম চাই,
রাস্তার মোড়ের নিয়ন আলোর কবিতা চাই,
রাতের অপ্সরীদের কান্না চাই,
ডাস্টবিনে অনাগত এক পৃথিবীর সন্ধান চাই;
আমার যে এক টুকরো মমতা চাই,
ঘরে ফিরি কি করে !
.
আমার পাঁচিলের অস্তিত্বে এই শহর,
তার আকাশে লুকিয়ে আছে আমার অস্তিত্ব,
লুকিয়ে আছি আমি, আমার না বলা গল্পেরা !
এই শহর আমার ,একান্তই আমার !
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




