
ব্রিটিশ চলে গেছে কিন্তু রেখে গেছে চা। এখনতো এমন এক অবস্থা যেন ভাত না হলেও আমাদের চলে কিন্তু চা নাহলে পেটে যেন কোন খাবার হজমই হতে চায়না। বাংলাদেশের আনাচে কানাচে গড়ে উঠেছে চা বিক্রির জন্য টং দোকান। অবশ্য এই চায়ের জন্যই কোটি বেকারের এই দেশে অসংখ্য মানুষের হয়েছে আত্ম কর্মসংস্থান। তবে শুধু চাই নয় আমরা বাংলাদেশীরা যে প্রচন্ড রকম ভোজন বিলাসী তার প্রমাণ মেলে ব্যাঙের ছাতার মতো গজীয়ে ওঠা নানা রকম খাবারের দোকানগুলোতে। ফুটপাথ থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত বিরিয়ানির দোকান, ফাস্ট ফুড, হোটেল এবং রেস্তোরাঁ সর্বত্রই দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের আনাগোনা লেগেই থাকে। সেই ভোজন বিলাসীতায় এখন নতুন মাত্রা পেয়েছে কফি। ঠাণ্ডা কিংবা গরম কফির জন্য ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফুটপাথের স্ট্রীট কফি শপ এবং শীতাতপ নিয়ন্ত্রিত কফি শপ। টিভি চ্যানেলগুলোও পিছিয়ে নেই নানা রকম রেসিপি প্রদানে। কিছুদিন আগে দেখলাম কোন এক টিভি চ্যানেলে ডাবের জুসের রেসিপি দেখাচ্ছে। রেসিপি যিনি দিচ্ছেন তিনি সাম্প্রতিক সময়ের একজন বিশিষ্ট সংগীত শিল্পী। রেসিপিটা বেশ। প্রথমে একটা গ্লাসে ডাবের পানি নিয়ে তাতে কিছু বরফ কুঁচি আর প্রয়োজন অনুযায়ী বীট লবণ মেশালেই তৈরি হয়ে যাবে অসাধারণ ডাবের জুস। যাই হোক আমার সেসব নিয়ে কোন মাথা ব্যথা নেই। আমার আগ্রহ কফি এবং চায়ে। আমি যেহেতু নিজেই একজন সেই রকম চা এবং কফি খোর তাই কিছু চা এবং কফির রেসিপি দিয়ে বাংলা ব্লগোস্ফেয়ারকে সমৃদ্ধ করার প্রয়াসে ব্রত হয়েছি। আজকের রেসিপি গ্রীন টি ফ্রাপ্পুচ্চিনো এবং দারুচিনি কফি।

গ্রীন টি ফ্রাপ্পুচ্চিনো
উপকরণঃ
* ২ কাপ ঠাণ্ডা দুধ
* ২ চা চামচ চিনি
* ২ চা চামচ গ্রীন টি পাউডার
* ১/৪ কাপ ঠাণ্ডা হুইপড ক্রীম
* ২ টেবিল চামচ ভ্যানিলা আইস ক্রীম
* বরফ কুঁচি
যেভাবে তৈরি করতে হবেঃ
>> একটি পাত্রে ১/২ কাপ দুধের সাথে গ্রীন টি পাউডার মিশিয়ে প্রথমে ওভেনে গরম করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন তা ফুটানো না হয়ে যায়। এই কারণেই চুলা ব্যবহার না করে ওভেনে গরম করে নেয়াই উত্তম। গরম হয়ে গেলে তা ঢাকনা দিয়ে ঢেকে ঠাণ্ডা করে নিতে হবে যেন তা বরফে পরিণত হয়ে যায়।
>> এবার অবশিষ্ট দুধ, বরফে পরিণত হয়ে যাওয়া দুধ এবং গ্রীন টি এর মিশ্রণ, ১/৪ কাপ হুইপড ক্রীম মিশিয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করতে হবে। তারপর ২ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইস ক্রীম নিয়ে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে বরফ কুঁচি দিয়ে ১ মিনিট ব্লেন্ড করতে হবে যেন ভাল মতো সবকিছু মিশে যায়।
>> এবার একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে উপরে ডেকোরেশনের জন্য কিছু হুইপড ক্রীম দিয়ে তার উপর সামান্য গ্রীন টি পাউডার ছড়িয়ে দিলেই হয়ে তৈরি হয়ে যাবে গ্রীন টি ফ্রাপ্পুচ্চিনো।

দারুচিনি কফি
উপকরণঃ
* ২ চা চামচ কফি পাউডার
* ২ কাপ তরল দুধ
* ১/৪ চা চামচ দারুচিনি গুড়া
* ২ চা চামচ চিনি
* ১/৪ হুইপড ক্রীম
দুই মিনিটের ম্যাগী নুডুলসের মতোই অত্যন্ত সহজ একটি রেসিপিঃ
>> প্রথমে দুধ একটি পাত্রে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ব্লেন্ডারে দারুচিনি ব্লেন্ড করে ১/৪ চা চামচ পরিমাণ দারুচিনি গুড়া নিয়ে, সাথে ২ চা চামচ পরিমাণ কফি পাউডার, ২ চা চামচ পরিমাণ চিনি ভাল করে মিশিয়ে নিতে হবে।
>> এবার একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে তার সাথে ১/৪ কাপ হুইপড ক্রীম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুচিনি কফি।
আমার মতো ঘরকুণোরা ঘরে বসেই কফি এবং চায়ে মনে-প্রাণে সজীব হয়ে উঠুক এই প্রত্যাশায়।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



