প্রাত্যহিক জীবনের ছোঁয়ায় যে প্রেম মলিন হয়ে যায়, পুরনো হয়ে যায় যে ভালোবাসা,তাকে চিরনতুন, রূপময়, সৌন্দর্যমণ্ডিত করে তুলে প্রকৃতপক্ষে আমাদের এই দুঃখময় জীবনকেই সহনীয় করে তোলে এমন হাজারো প্রেমের কবিতা। তাই প্রেম ও কবিতা আমার কাছাকাছি দুটি প্রিয় শব্দ। আর এর কারণেই মানুষ এক মুহূর্তের জন্য হলেও ফিরে আসে স্বপ্নজগতে। এখানেই তাঁর স্বাতন্ত্র্য। অবিরাম ধারায় লিখে যাওয়া এইসব কবিতা যেন জলপ্রপাতের অনিঃশেষ ধারা। এ রকম কবিতা পড়তে পড়তে আমরা সেই চিরকালীন সৌন্দর্যলোকেই ফিরে যাই, এই সাধারণ জীবনেও যেখানে অসাধারণ হয়ে ওঠে। আমাদের সকল জীবনেই এমন কোনও কোনও মুহূর্ত আসে যখন মনে হয় পৃথিবী মধুময়, জীবন সুন্দর; সেই অব্যক্ত অনির্বচনীয় সুখানুভূতির এক অপরূপ স্পর্শ পাওয়া যায় এমন হাজারো কবিতায়। প্রেমের কবিতা যেমন সংহত, বেদনার্ত ও বিষণ্ণ তেমনি নম্র, বিনীত ও অন্তরালস্পর্শী; প্রেমের কবিতর প্রধান আকর্ষণই হলো অন্তর্লীন বেদনাবোধ।
তবে আজকাল সাহিত্য পত্রিকা খুললে, এখন আর ভালোলাগে না কোন স্বনামধন্য লেখকের প্রবন্ধ, কোন জীবনবাদী কবিতা।বরং অখ্যাত লেখকের লেখা গল্পে যদি থাকে রোমাঞ্চিত প্রেম কাহিনী, কিংবা রসালো প্রেমের কবিতা তাহলে সবটুকু পড়ে ফেলি, ভালোলাগা লাইনগুলো মাঝে মাঝে অসাধারণ অনুভূতি দেয়। এ যেন অনেক টা দুধ বাদ দিয়ে ঘোলের স্বাদে বিভোর হবার মতো অবস্থা। তাতে কি!! ভালোই তো লাগে! ভালোবাসার নতুনত্ব আছে কিনা জানিনা, তবে এই সব অখ্যাত কবিদের অখ্যাত শব্দ চয়ন নিজের কাছেই প্রেমের কবিতায় অসামান্য রকম ভালো লাগে।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





