।। বনমোরগ ।।
তুমিও কি এমন ফুল ফেলে দিয়ে
ধুয়ে নেবে হাতের ক্ষীণ রেখা
চির-স্থির কুয়াশার জলে
এত যে নিঃসংশয় ফিরে আসো তীরে
নিজেকে মনে হয় উন্মুক্ত খাঁচা
ভুলে যাই কোন পথ দিয়ে গেলে
মৃত ফুল উঠবে বেঁচে মৃতের শরীরে
প্রতিদিন ফেরিওয়ালা চলে গেলে
কিছু ধ্বনি বর্ণমালার মতো
হুটহাট ঢুকে পড়ে মাছের জীবনে
এ কেমন ফ্যাকাশে আকাশ পাখির পৃথিবীতে
এ কেমন শুদ্ধ বাতাস বিষাক্ত শরীরে
নিজের কাছে আটকে পড়া বহুবিধ ছায়া
আমূল কাতর হয় মোরগ অসুখে
স্বাস্থ্যহীন ফুলের সংলাপে
আহা, তুমিও ফিরে এসো রোদে, বিদ্যুতে
একটি মৃত হাত এঁকে দিই তোমার কপালে
লাল ঝুটি হারালে রং ছায়ার বহুরূপে
আমাকে ভেবে নিয়ো মাংসপিন্ড থেকে দূরে
ছুটছি উর্ধ্বশ্বাস শিকারীর ভয়ে
স্বাস্থ্যবান মোরগের রুগ্ন শরীরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



