তোমায় খুব আপন মনে হতো,
এখন আর আপন মনে হয় না।
তোমায় কাছে পাওয়ার ইচ্ছে গুলো
হয়ত এখন মৃত্যু পথ যাত্রী।
খাঁচার ভেতর পুষে রাখা পাখিটার যেমন বয়স বাড়ে
তেমনি আমার পুষে রাখা ইচ্ছে গুলোও আজ
বয়সের ভারে ক্লান্ত, পরিশ্রান্ত।
খাঁচার পাখিকে ছেড়ে দিয়েছি, কিন্তু
উড়ে যাওয়ার সামর্থ তার নেই।
নিজের বেঁচে থাকাই যখন অনিশ্চিত
সেখানে ইচ্ছে গুলকে বাঁচিয়ে রাখা খুব কঠিন।
একটা সময় খুব ইচ্ছে হত
তোমায় নিয়ে পূর্ণিমায় ভিজবো,
মেঘের জোছনায় গা ভাসাব,
তোমাকে নিয়ে আমার সব ইচ্ছে গুলো
উল্টো পথে চলত।
এখন সে পথ সহজ সরল সোজা হয়ে গেছে।
হয়ত, ইচ্ছে গুলোর মৃত্যুর দিন ধার্য্য হয়ে গেছে।
ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামীর যেমন মৃত্যুর ভয় থাকে না,
তেমনি তোমাকে হারানোর ভয়ে আমি ভীত নই।
হিমালয় থেকে পা ফস্কে পড়ে যাওয়া আরোহীর মত
তোমায় হারানোর ভয়ে আমি ভীত নই।
বজ্রাঘাতে মৃতের মত আমিও চিৎকার করব না,
চিৎকার করে বলব না "ফিরে এসো ফিরে এসো ফিরে এসো"।
হয়ত, হঠাৎ কোন এক ভোরে জেগে উঠে দেখব
আমার ইচ্ছে গুলো চির নিদ্রায় শায়িত।
.
_________________রেলী (রাত ০১:৩৮, ১৮/১১/২০১২ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



