যেভাবে যক্ষের ধন ।। আশরাফ আল দীন
যক্ষের ধনের মতো জড়িয়ে ধরেছিলাম
তোমাকে এবং তোমার চারপাশের
রূপ রস গন্ধে ভরা সমগ্র পৃথিবীটাকে
পাওয়া না পাওয়ার দ্যোতনায় ছিলাম
কাব্য করে জীবনটাকে ভরিয়ে দিয়েছিলাম
দীর্ঘ পথ হেঁটেছিলাম
বহু রাত জেগেছিলাম
অক্লান্ত খেটেছিলাম আশায় আশায়
তারপর
যা কিছু না-পাওয়ার তাকেই
পাওয়া মনে করে মেনে নিয়েছিলাম
আর
এখন দেখো বয়সের ভারে হারিয়ে গেছে রূপ
সোনা রূপার মতো চকচকে যা কিছুই ছিল লোভনীয়
তার সবই ঘোলাটে জোছনার ভেতর অর্থহীন হতে হতে দৃশ্যপট থেকে চলে গেছে অনেক দূরে
আমি এখন বুঝতে পারি যক্ষের ধন মানে কিছুই নয়
খানিকটা লোভ খানিকটা দম্ভ আর খানিকটা
অর্থহীন প্রতিযোগিতা।
সত্যি করেই বলছি এখন আমি এর কোনোটাতেই নেই।
তুমি ভালো আছো তো?
মিরপুর।।২১.৯.১৯
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



