ঘটনার শুরু যখন আমি গ্রামীণফোনের সিম কিনলাম। সিম চালু করতেই আকাশ থেকে বজ্রপাতের মত বিশাল এক ট্রাক এসে নামল। তাজ্জব হলাম ট্রাকের ড্রাইভার যখন দেখলাম এক রূপবতী। সে আবার আমার কানে কানে এসে বলে, কাছে থাকুন! আমিতো পুরাই ঠাডা, এ......তো গার্লফ্রেন্ড না চাইতেই বৌ। আমি লাজ্জু লাজ্জু হয়ে সুন্দরীর কাছে যেতেই টেনে ট্রাকে তুলে বলে, চলো বহুদূর। সুন্দরী কাছে আসতে বলে আবার ট্রাকে তুলে বহুদূর নিয়ে যেতে চায়, ভাবতেই আমার দক্ষিণ বাহুতে কম্পন অনুভব করলাম। সুন্দরী ট্রাক চালায় আর আমি অপলক চেয়ে থাকি, স্টিয়ারিংএ রাখা সুন্দরীর কোমল হাতে ভালোবাসার পরশ দিতেই বলে কিনা, শর্ত প্রযোজ্য*!
যে ভালোবাসায় শর্ত থাকে আমি নাই সেখানে, ট্রাক থেকে নেমেই জিপির সিমটা ফেলে রবি ভরলাম। আর সঙ্গে সঙ্গেই একদল নারী সাংবাদিক টিভিক্যামেরা নিয়ে হাজির। আমার ইন্টারভিউ নিতে চায়। কেন জিজ্ঞাসেই বলে আমি হলাম দেশপ্রেমিক, আর দেশপ্রেমিককেই খুজছে বাংলাদেশ। ভাবলাম আমি ব্লগিং করি তাই ওরা বুঝতে পারছে আমিই আসল দেশপ্রেমিক। কিন্তু না! সুন্দরী নারী সাংবাদিক আমাকে জিজ্ঞাসিল, রবি সিম ব্যাবহার করে আমি কিভাবে দেশপ্রেমের হারানো চেতনা ফিরে পেলাম! এবার বুঝলাম, রবি সিম ভরলেই আসল দেশপ্রেমিক হওয়া যায়। হায়রে কপাল, দেশপ্রেমেও শর্ত! রবির দেশপ্রেম এবার আমার কাছে "very CLEAR" হয়ে গেল। "very CLEAR" মানে সিরাম পরিষ্কার!
মনটা খারাপ হয়ে গেল। সাথে ছিল বাংলালিংক সিম। কিন্তু বাংলালিংকের চার সুন্দরীর 'দেশ দেশ বাংলালিংক দেশ-বাংলাদেশ নয়!' নাচের কথা মনে পড়তেই মনটা উদাস হয়ে যায়। উদাস মনে গিয়ে বসলাম বুড়িগঙ্গার বেড়িবাধে। ভাবলাম একটু ফেসবুকে ঢুকি কিন্তু কিভাবে, সব সিম তো ফেলে দিলাম। হঠাত মনে হল টেলিটকের একটি থ্রিজি সিমও তো পকেটে থাকার কথা। শত হোক টেলিটক দেশী পণ্য, কিনে হয়েছিলাম ধন্য। টেলিটকের থ্রিজি সিম ঢুকিয়ে মোবাইল অন করতেই আকাশ থেকে বিকট আওয়াজ, বাধ ভেঙ্গে দাও! আর এই আওয়াজ শুনে কিনা বুড়িগঙ্গার মত মরা নদীতেও বিশাল জোয়ার আসল। জোয়ারের এক ধাক্কায় বেড়িবাধ গেল ভেঙ্গে আর আমি যেয়ে পড়লাম বুড়িগঙ্গার পচা পানিতে। কষ্টে-দুঃখে চোখের পানি, নাকের পানি আর বুড়িগঙ্গার পচা পানি এক হয়ে গেল।
-ভাগ্যিস এটা কেবল স্বপ্নই ছিলো। কিন্তু আমার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওদের কে দিয়েছে? স্বপ্নও কি বাংলালিংক দামে পেয়েছে নাকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





