
মেঘের কাছে ডাক পাঠালাম বৃষ্টি দিলাম মেখে
রংধনুর ছয় রঙও দিলাম নীলটি দিলাম রেখে
পাখির কণ্ঠে সুর সেধেছি তাও পাঠালাম সেধে
তোর পরাণে আপন পরাণ আপনি দিলাম বেঁধে ।
মনের ঘরে বুনো পাখির বিষাদ মাখা সুর
রেখে সেসব নিজের কাছে করেছি সুমধুর
তোমায় দিয়ে যত্নে মোড়া রঙিন নেশার ঘুড়ি
তোমার মনে বসত গড়ি তোমার মনেই উড়ি ।
তোমায় নিয়ে রচতে বসা গান কবিতা গল্প
সেসব না হয় আসলে পরেই শুনিয়ে দেব অল্প
সপ্ত সুরের নাও বানিয়ে ভাসবো ঝিলের জলে
ফুরিয়ে যাওয়া কথা গুলো বলবো নানা ছলে ।
আম্র শাখে দোলনা বেঁধে দুলবো একই সাথে
না ফুরানো কথা যত বলবো নিঝুম রাতে
চোখের পানে দৃষ্টি রেখে চাইব অনিমিখ
বিজনপুরে তোমায় নিয়ে ছুটবো দিগ্বিদিক্ ।
আপন হাতে পরিয়ে দেব তোমায় ফুলহার
তোমায় নিয়েই পেরিয়ে যাব সপ্ত পারাবার
মান অভিমান ভুলে গিয়ে দাওগো ডাকে সাড়া
তোমায় নিয়ে বাড়াবাড়ি হই যে আত্নহারা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ guangfenghe.en.made-in-china.com
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


