পথে পথে নিরুদ্দেশ-যাত্রায়
রূঢ়-বাস্তবতা থেকে পালিয়ে বেড়াই,
জানিনা পথের সঠিক সন্ধান।
অনটন
পিছু টানে সর্বক্ষণ।
দু’ পা এগিয়ে পথে এক পা পিছুই,
নগন্য অর্জন, সঞ্চয় নেইকো কিছুই
ভবিষ্যতের জন্য।
প্রত্যাশারা সঙ্গ ছেড়ে চলে গেছে
অনেক আগেই, আমা হতে দূরে,
নিরাশারা পিছু পিছু তাড়া করে অনুক্ষণ
এড়িয়ে দৃষ্টি তাদের, ঘরে ফেরার ব্যাকুল-প্রত্যাশা
মননে, মগজে।
সে-ঘরে প্রতীক্ষারত জননী মমতাময়ী,
সন্তানের কল্যাণে মোনাজাতরত তাঁর হাত,
অশ্রুসিক্ত নয়নযুগল।
সে-ঘরে প্রতীক্ষারত প্রেমময়ী-প্রিয়া,
মরুময়-পিয়াসায় পিয়াসী ব্যাকুল।
সে-ঘরে প্রতীক্ষারত পুত্র আমার,
মুখে তার আধো আধো বোল,
লিকলিকিয়ে বেড়ে ওঠা কুমড়ো লতার মতো
পেলব-বাহুযুগল বাড়িয়ে সর্বদা প্রত্যাশায় থাকে
পিতার কাছ থেকে আরাধ্য-খেলনার।
অন্ধকার গলি পথে চলি অবিরাম
ঘরে ফেরার ব্যাকুল-প্রত্যাশা
মননে, মগজে।
তবুও ফেরারি আজও
আমি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




