দু'দিন আগে আমার দূর প্রবাসীনি মেয়েটা দেশে বেড়ানো শেষ করে আবার পরবাসে চলে গেল। বুকের ভেতরটা পাথরের মত হয়ে ছিল। কেন আর বেঁচে থাকতে হবে ঐ মূহুর্তে বুঝতেই পারছিলাম না যেন। কেন জীবনটা এমন হবে? পাখির ছানাদের মত ওদেরও কেন চলে যেতে হবে? রাতে ভাত খেতে বসে চোখ থেকে আপনা আপনি ঝরঝর করে পানি পড়ছিল, যাকে নিয়ন্ত্রন করার কোন ক্ষমতাই আমার ছিল না। হঠাৎ আমাদের বুয়া, যে বহুবছর ধরে আমাদের সাথে আছে, বেশ তীক্ষ্ণস্বরেই বলল ' আপনে কান্দেন কোন দুঃখে?'
এমন কথা বলার পুরো হকই বুয়ার আছে। আমাদের বাসায় আসার অনেক আগেই অভাবের যন্ত্রণায় বুয়া তার একবছর বয়সী মেয়েটাকে অচেনা একজনের হাতে দত্তক হিসাবে তুলে দিতে বাধ্য হয়েছিল। সেই মা অবশ্যই আমাদের এইসব আহ্লাদী কান্নাকে ধিক্কার দিতে পারে। কিন্তু এমন ধিক্কারেও আমার চোখের পানি থামে না। বুয়াকে বলি, ' কোন দুঃখ নাই, এমনি কান্দি।' বুয়া সব জানে। সে ই আমার সন্তানের সব প্রিয় খাবারগুলি খেয়াল করে, যত্ন করে রান্না করেছে, আমার মেয়েকে যত্ন করে খাইয়েছে। আমার মেয়ে চলে যাবার সময় তারও চোখ শুকনো ছিল না।
আমার মেয়ে ভালো এয়ারলাইনের টিকেটে চলে গেল, তাকে এটা ওটা কিনে দিলাম যাবার আগে। যাবার ব্যবস্থাপনায় কোন ফাঁক ছিল না। তবুও ব্যথায় বুকটা ফেটে যেতে চায়। সেই অবস্থায় যে মা'টি নিজের সোনামণিটিকে চিরদিনের জন্য কাকে না কাকে দিয়ে দিয়েছে তার ব্যথাটাও যেন আমার বোধগম্য হয় না। মাঝে মাঝে অবশ্য ভাবি যে যদি বুয়া তার মেয়েটাকে দিয়ে দেবার আগে আমাদের সাথে দেখা হত, তাহলে হয়ত অন্যরকম হত। কে জানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


