দু’বছর তোকে দেখিনা, দু’বছরে নোনতা হল ঘামের গন্ধ, সংকর দোকানির মুদি দোকান, অশ্বত্থ গাছ, দু’বছরে বুঝি শুকিয়েই গেছে। দু’বছর তেতো রোদে ফসলের দানায় মাতম। কাঁদছে বাঙালি, কাঁদছে তোর সিঁদুরের কৌটো। পিশাচগুলোর বিষথলি উপচে পড়েছে পতাকায়। সোম রসে পাগলা জগাই, ওহে বেকুব পাগলা মাধাই।
তখনও চলছিল কাঁকর বিছানো পথ, তখনও চলছিল কলকাঠির আবদার। তবে হঠাৎ কেন মরে গেল সংকর মামা? হঠাৎ ছাই হল দু’বছর পর পুকুরপাড়? আচ্ছা, তোর বাঁ বুকে কামড়ের দাগ এখনো আছে? কে যেন পটকা মেরেছে ছাপোষা তোর সেলাই দাদার? রক্তাক্ত দেহে কোন কোটরে ছিল পোস্টার?
রিপ্লাই,
ওহে, আমাকে স্বাধীনতা দাও, পূর্ণাঙ্গ স্বাধীনতা। পতাকায় আগুন লাগলে স্বাধীনতা স্বাধীন থাকে না। শরীরের কল-কপজ্জায় ঘুণে ধরেছে, ঘুণে ধরেছে মস্তিষ্কে, বোমার রাজত্বে হায়না শকুনের দল বাসা বাঁধে, ডিম পাড়ে, বড় হয়, বন্ধ হয় বছর বছর ঋতুশ্রাব। রোবোটিক মৌলবাদীর জলকেলি। অথচ জন্ম দিয়েছে যারা সন্তান, নব্য রাজাকার, জগাই, মাধাই। আমাকে পরিয়ে দাও অগ্নি লাল শিখা, স্থবির নগরে জেগেছে উত্তাল তুফান, আমাকে একটিবার ভাসিয়ে দাও জনসমুদ্রে।
পিশাচ আত্মা হঠাৎ শরীর ধারণ করল, বেঁচে উঠল তাণ্ডব পৈশাচিক হুঙ্কার। জ্বালিয়ে দিচ্ছে মানচিত্র, খুবলে খাচ্ছে লাল পতাকা, গুঁড়ো গুঁড়ো শহীদ মিনার। আমাকে একটিবার স্বাধীনতা দাও। নৌকার শরীরের ফুটোফুটো ক্যান্সার, ছলাত ছলাত জল উঠছে গাঙ্গের পারে। শকুনের বিষ্ঠায় ভেসে গেল ঠাকুর ঘর, নীলকণ্ঠ। অনুগ্রহ করে দ্বার খুলে দাও। সতের বছরের কিশোরটি পার করেনি স্বাধীনতা, নোনতা রক্তে ভিজে চৌচির, অবতার, ক্ষমা কর। এলেবেলে না হয় একটিবার স্বাধীন কর। গর্ভজাত মা পতাকার কসম, তপ্ত তপ্তে আগুনে পুড়ছে স্বাধীনতা, নির্বাসনের মানদণ্ডে এখন কালিমা, পুরানো ঘায়ে আবার হায়নাদের আস্ফালন। সদ্যজাত শিশুর কসম, অনুমতি দাও। সীমান্তের কাঁটাতারে পাগলা কুকুর, দ্বার ভাঙ্গবো! বিস্ফোরিত আগুন।
এস এম এস,
পারমিশন গ্রান্টেড…
২..........লজ্জাস্করের লজ্জাবতী........
আমি লিখব না বলে খাতা কলম ভুল বলেছিল,
সোনারতরী হেটে গেল রাস্তার পারে,
ট্রাম কার্ডের সতিত্ব যখন বেঁচে বর্তে আরামে
তখন প্রাণের নেশা পেয়ে যায় ক্যাসিনোতে
লুপ্ত আকাশচারী বিস্ফোরিত নক্ষত্র
চৌচির কর সপ্তর্শী কেড়ে আনো নেপচুন,
চাঁদের গায়ে এখন লেগে আছে আলগা মাটি,
অক্সিজেনের খোঁজে ছোটে পৃথিবী তেপান্তর।
আর তুমি হাত রাখ লজ্জাস্করের বুক পকেটে,
হৃদপিন্ডের ভেতরে জমে গেছে কালো কালি,
শাবল দিয়ে এস্পার ওস্পার শিতল বাতাস,
অথচ ভালোবাসার ক্যাসিনোতে শুন্য অক্সিজেন..
৩......................মহা প্রলয়............
আজকাল আমাদের পথ গুলো শুকিয়ে গেছে..শুকনো পাতারা চুইয়ে পরা কুয়াশার নেশায়...ইটপাথরের গাথুনিতে চুনকাম মেখে নেতিয়ে থাকা ইন্দ্রিয়ের ভাষা... ভরা বরষায় মুখ গুটিয়ে শরীর সর্বস্ব দেহ....
চোখ গুলোও কেমন জানি যান্ত্রিক; সেন্সর বুঝি নষ্ট হয়ে গেল, কুকুর বেড়ালেরও পার্থক্য বোঝেনা..মতিঝিলে রেবেন চশমার ফ্রেমে মুখো মুখি ধুলো উড়ো হাবিঝাবি প্রেতলোক.........
আজকাল আমাদের অতিন্দ্রিয় পথ গুলো শুকিয়ে কাঠ..স্তব্ধ ডাঙ্গায় হুমরি খেয়ে মরে পরে বট বৃক্ষ.. আস্বাধনের নোনাজলে পা ধুয়ে যায় বিবেকের হৃদপিন্ড..প্রশ্ন আর কত ,এ তো আর চার্লস ব্যাভেজ নয়.. এ হচ্ছে ডারউইনের স্বপ্নপ্রাপ্ত মানব যন্ত্র..সেই তো নগ্ন যুগে বেঁচে ছিলাম আমরা , আজো বেঁচে আছি মহাপ্রলয়ের অপেক্ষায়...
অতপরে ভাবছি আমরা হয়তো অপেক্ষারত স্যামুয়েল বেকেট...
(এডিট কৃত... ছবিটা বিরক্তিকর..
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




