এখন অনেক রাত। মেঘলা খোলা আকাশের নিচে সেই কখন থেকে বসে আছি একটি ব্লগ লেখবো বলে। অথচ, পছন্দ মত টপিক খুঁজে পাচ্ছি না। ঝিরিঝিরি বাতাসে কোথা থেকে যেন ভেসে আসা গান রাত্রি এ দ্বিপ্রহরকে আরো মায়াবী করে তুলেছে। টপিক খোঁজা বাদ দিয়ে আধারে কান পাতলাম। নজরুলের গান!...''আজো মধুরো বাঁশরী বাজে''...বিদ্রোহের কবি এতো সুন্দর সুন্দর পঙক্তি কোথায় পেতেন!
দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের পানে তাকালাম, যদি একটু চাঁদের দেখা পাই...আচ্ছা আজ চন্দ্র মাসের কত তারিখ? আজ কি অমাবস্যা?...কি জানি! ঠিক মনে করে উঠতে পারছি না।
একটুখানি আনমনা হয়ে গিয়েছিলাম। এই ফাঁকে মাথা থেকে বেরিয়ে গেছে যাচ্ছে-তাই ধরণের আট লাইনের একটি কবিতা। মেজাজটাই খিচড়ে গেলো। এটা কি! যদি বেরুবি তো বারো লাইন বেরো। বাকি চার লাইন কোথা থেকে জোগাড় করবো এখন?! ভ্রু দুটো কুঁচকে কবিতাটি'র দিকে আরেকবার তাকালাম-
বলছে দেখো এ মন এতো
চলো সুদূরে হারাই,
বন্ধুর পথে অজানা রথে
এসো দু'পা বাড়াই।
বল ভেবে সাথে কি নেবে
দেখে সে হৃদয়পুর,
ওগো সখা, এটা নয় ধোঁকা
চলতি পথ বহুদূর।
নাহ হচ্ছে না! একদম মন মত হচ্ছে না। বাকি চার লাইন কিছুতেই আসছে না।
খোঁজা বাদ দিয়ে ঘুমুতে যাবো কিনা তাও বুঝতে পারছি না... আধো রাতে যদি আবার ঘুম ভেঙ্গে যায়, বাতায়ন খুলে চেয়ে দেখার মত কেউ নেই যে!
পুরো কনফিউজড ডট কম অবস্থা!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




