রাতের বেলা উঠানের পেয়ারা গাছ আর দূরের ঐ দেওয়াল-ঘেঁষা দাঁড়িয়ে থাকা অন্ধকার অন্ধকার গাছেদের ওপর যখন জ্যোস্নার ঢল নামে তখন আকাশ থেকে পরীর দলও নেমে আসে। তার তেমনই মনে হয়। সে সময় বাতাস কেন যেন থমকে থাকে । আর জোস্নাও গাঢ় হয়ে ওঠে খুব। সে তখন রেলিং-এর ওপর পা তুলে বসে থাকে বেতের চেয়ারে; সিগারেট টানে। সিগারেটের গন্ধে পরীদের দল কাছে আসে না। সে মিটমিট করে হাসে। কখনও-বা রাতভর বৃষ্টি ঝরে। ঝিরঝির ঝিরঝির বৃষ্টি ঝরে। গাছের পাতায় ঝিরঝির ঝিরঝির শব্দ ওঠে। কখনও একটানা-কখনও থেমে থেমে। সে শরীরে চাদর জড়িয়ে বেতের চেয়ারের ওপর পা তুলে বসে থাকে; সিগারেট টানে। সিগারেটের গন্ধের সঙ্গে মিশে বৃষ্টিভেজা মাটির গন্ধ। সে মিটমিট করে হাসে। শীত রাতে এইসব কুহক আরও তীব্র। শীত ও নির্জনতা। দূরের ট্রেনের হুইশেল আর শীতার্ত কুকুরের ডাক। গাছের পাতায় পাতায় শিশির পতনের শব্দ। সে কান পেতে শিশিরের শব্দ শোনে। কখনও চেয়ারেই ঘুমিয়ে পড়ে সে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে- বাড়ির ছাদে পরীদের দল নেমে এসেছে, নিঃশব্দে, কেউই টের পায়নি, সেই কেবল টের পেয়েছে। সে চুপি চুপি ছাদে উঠে এসেছে। নির্জন জোছনার ছাদ। কোথায় গেল পরীগুলো? সে দেখতে পায় না। পরীগুলি এতই ছোট।
কোনও কোনও রাতে ঘুম হয়না তার। ভোর হয়ে আসে। আযান শুনতে পায়। তখন ক্লান্ত লাগে।
সকালবেলায় খালি পায়ে উঠানের ভিজে মাটিতে হাঁটবে বলে উঠানে নেমে আসে। সকালবেলায় উঠানের ভিজে মাটিতে খালি পায়ে হাঁটতে তার ভালো লাগে। পাড়ার সেতু ফার্মেসীর মোয়াজ্জেম ডাক্তারও বলেন, আপনার শরীরে যে অসুখ বাসা বেধেছে, তাতে সকাল বিকাল হাঁটতে হবে- কেবল ডায়েট কনট্রোল করে আর অষুধে কাজ হবে না।
ডাক্তারের পরামর্শ সে মেনে চলে।
রোজ ভোরবেলা হাঁটে।
একতলা হলদে রঙের পুরনো দালান অল্পখানি বাগান। সেখানেই হাঁটে সে ওপাশে একটি খোলা গ্যারেজ। গ্যারেজের ভিতরে বহুদিনের পুরনো কালো রঙের নষ্ট একটা ভক্সওয়াগেন। বাঁ পাশে টিনসেড। ভাড়া দিয়ে রেখেছে। ভাড়া হিসেবে যা পায়-তা দিয়েই মাসটা চলে। একা মানুষ সে। কী এমন খরচ ... দেওয়াল ঘেঁষে বকুল গাছ। পেয়ারা গাছ। সে সেসব গাছের পাশ দিয়ে হাঁটে। তখন রাত জাগার ক্লান্তি কোথায় মিলিয়ে যায়। সে আশেপাশে তাকায়। আশেপাশে দুদ্দাড় করে ফ্ল্যাটবাড়ি উঠে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে। কত যত্নে সে আগলে রেখেছে তেজকুনি পাড়ার এই ছ কাটা জমিসহ বাড়িটি। সকালবেলায় খালি পায়ে উঠানের ভিজে মাটিতে হাঁটবে বলে।
এখন বাড়ির ওপর জমির ওপর লোভী ডেভেলাপারের শ্যেনদৃষ্টি পড়েছে!
সুজিত আজকাল এ কারণেই আসে। সুজিত ... সুজিত বড়–য়া। ছেলেবেলার স্কুলফ্রেন্ড- এখন সিলভারল্যান্ড রিয়েল স্টেট এর মার্কেটিং এক্সিকিউটিভ। সুজিত এসে সরাসরিই বলে, দোস্ জমিটা দিয়ে দে। আমরা, তোরে একখান ছোটখাটো সিলভার কালারের তাজমহল বানায়া দেই। তুই রাজাবাদশার মতন থাকবি।
সে হাসে।
তুই একা মানুষ। এত বড় জমিন দখল কইরা থাকবি? সুজিত বলে।
তাজমহলেও তো একাই থাকব? সে বলে।
সুজিতকে এড়াতে নানা কৌশলের আশ্রয় নেয় সে । তবে সুজিতকে এড়ানো গেলেও বোনদের এড়ানো যাচ্ছে না। বিশেষ করে ভগ্নিপতিদের এড়ানো যাচ্ছে না। বাড়ি আর জমির ভাগ বোনেরাও চাইছে-তার মানে পিছন থেকে ভগ্নিপতিরা ঠেলছে। তবে ভাগ সরাসরি চাইছে না, আকারে ইঙ্গিতে চাইছে। ছোট বোন নাজমার বর এ পাড়ারই এক উটকো ছেলে; নানান বিজনেস এর সঙ্গে জড়িত টিটো - লারেলাপ্পা টাইপ আর কী। এখন এক তলার খালি গ্যারেজে ট্যাক্সি রাখতে চায় টিটো।
বাড়ি আর জমির ভাগ বোনদেরও দিতে হবে। সুজিত কি ওদেও সঙ্গেও যোগাযোগ করছে?
এই ভাবনায় তার আটত্রিরিশ বছরের শরীরটা কেঁপে কেঁপে ওঠে। বাপ-মা মরা তিন বোনের বিয়ে দিতে দিতে কখন পয়ত্রিশটা বছর কেটে গেল! নিজের আর ঘরসংসার করা হল না। ক্রমেই সে হয়ে ওঠে নিঃসঙ্গ এবং বন্ধুদেও সঙ্গেও তার দূরত্ব যায় বেড়ে। অবশ্য সাব্বির, শামীম আর রঞ্জু আজও নিয়মিত যোগাযোগ রাখে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী।
আজ বিকেলে রঞ্জু এসেছিল। কথায় কথায় বলল, নিগার নাকি ঢাকায়?
নিগার ঢাকায়? কথাটা ওর মাথার ভিতরে বিস্ফোরনের মত ফেটে যায়। নিগার! নিগার! নিগার! শ্যামলা মতন উচ্ছ্বল একটা মেয়ে, মাঝারি উচ্চতা, দীঘল কালো চুল, সুন্দর সুন্দর দুটি চোখ; পান পাতার মতন ছাঁচের মুখ, মিষ্টি কন্ঠস্বর-গাইতে না-পারলেও ভীষনই রবীন্দ্রসংগীত পছন্দ করত নিগার-এ কারণেই কি না কে জানে- নিগার রাজনীতি পছন্দ করত না। (সম্ভবত বুঝত না!) ... এ কারণেই মেহরাব, কষ্ট হলেও বিপ্লবে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের কাছ থেকে সরে এসেছিল; পাঠচক্রেও আর যেত না। কেননা, ততদিনে নিগার হয়ে উঠেছিল বিশ্বরহস্যতময়তার নিগুঢ় সংকেত। যেন নিগারকে বুঝলেই বিশ্বরহস্যতময়তার সবই বোধগম্য হয়ে উঠবে।
কাল রাত নটার দিকে রঞ্জু চলে যায়।
সে আবার অন্ধকার বারান্দায় এসে বসে। অল্প অল্প শ্বাসকষ্ট হচ্ছে। বারান্দার বাতি নেভানো। চারিদিকে বড় অন্ধকার। লোড শেডিং চলছে। আলো চাই আলো, অনেক আলো। বাড়ি ভরতি আলো ...
সে স্যামসংটা তুলে নেয়। হ্যালো, সুজিত, হ্যালো?
হ্যাঁ, দোস্ বল। সুজিত যেন ওর ফোনের অপেক্ষায় ছিল।
কালই আমার সঙ্গে একবার দেখা করিস তো ...
২
এ শহরে আমার একজন বন্ধু আছে: মেহরাব । একটা বিশেষ সময়ে- যখন আমার কাছে একটা বিশেষ ফোন আসে- আমাকে তখন মেহরাব -এর কাছে যেতে হয়। আমার হাতে যতই কাজ থাকুক না কেন আমি সব কাজ ফেলে মেহরাব-এর কাছে চলে যাই।
আজ বিকেলে আমি যখন মেহরাবদের তেজকুনি পাড়ার বাড়ির সামনে এসে দাঁড়ালাম-তখনও আকাশে কিছু আলো ছিল। গত এক বছর এ বাড়িতে আমি আসিনি। টেলিফোনে অবশ্য মেহরাব- এর সঙ্গে নিয়মিতই কথা হয়। সাব্বির আজই ফোন করে বলল-নিগার ঢাকায়-তাই সব কাজ ফেলে আসতে হল। নিগার ঢাকায় ঢাকা এলে মেহরাব ভীষনই এলোমেলো হয়ে যায়। বেচারা একা মানুষ, বিয়ে করেনি; আমাকে এসেই শান্ত্বনা দিয়ে যেতে হয়। কখনও ইঞ্জেকশন কিনে দিতে হয়।
মেন গেটটা হা করে খোলা। গেটের ডান পাশে সাদা রঙের মার্বেল পাথরে লেখা: “রওশন মঞ্জিল।” বাঁ পাশে সেই বিশাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমলকি গাছটা। আমি পা বাড়াই। ভিতরে পুরনো সময় আটকে আছে। সরাসরি উলটোদিকে একটা গ্যারেজ। গ্যারেজের ভিতরে কালো রঙের একটা পড়ে-থাকা নষ্ট ভক্সওয়াগেন। অযত্নে পড়ে থাকা বাগানটির সঙ্গে পুরনো সময়টির আবহ ভালো মানিয়ে গেছে। পুরনো দিনের হলদে রঙের একতলা দালান। বড় বৃত্তাকার বারান্দাটির রং লাল। কয়েকটা বেতের চেয়ার। সন্ধ্যার পর মেহরাব সাধারনত এখানেই বসে থাকে । ওর ড্রিঙ্ক করা কমেছে কি? ডায়াবেটিস আছে ওর। আসলে মেহরাব আর বাঁচতে চায় না। কেন?
পুরনো আমলের দু পাল্লার সবুজ রঙের দরজা। খোলা। আমি ভিতরে যাই। অন্ধকার অন্ধকার বসার ঘর । পুরনো সোফা, ন্যাশনাল টিভি, পুরনো একটা ওয়ালক্লক। একসময়ে কত এসেছি এ বাড়িতে। তখনও মেহরাবের মা-বাবা বেঁচে ছিলেন; ওর বোনদেরও বিয়ে হয়নি। বাড়িটা তখন গমগম করত। একবার মেহরাবের ছোটবোন সেলিনার জন্মদিনে আমি এই সোফায় বসেছিলাম নিগারের পাশাপাশি ।
মেহরাবের ঘরটা ডান দিকে। করিডোরের শেষ মাথায়। দরজাটা খোলা। ঢুকতেই ধূপের গন্ধ পেলাম। এসব বেশ মানে মেহরাব। মৃদু আওয়াজে সেতার বেজে চলেছে। আমি উচ্চাঙ্গ সংগীত তেমন বুঝিটুঝি না।
টেবিল ল্যাম্প জ্বলে আছে ঘরে । আবছা বোঝা যায়-ওপাশের একটি চেয়ারে বসে আছে মেহরাব। সিগারেট টানছিল সম্ভববত। ধূপের গন্ধের পাশাপাশি সিগারেটের গন্ধও পেলাম। নিগার ঢাকায় এলে মেহরাবের সিগারেট খাওয়া বেড়ে যায়।
আমি উলটোদিকে চেয়ারে বসলাম। অফিস থেকে বাড়ি ফেরার পথে সিগারেট খাই। ধরালাম একটা ।
খবর কি? মেহরাবের কন্ঠস্বরটা কেমন গম্ভীর শোনাল ।
এই তো। বললাম।
ক্ষাণিকক্ষণ নীরব কাটল। তারপর মেহরাবই বলল, আজ সকালে সুজিত আসছিল।
সুজিত মানে- তোর সেই স্কুলফ্রেন্ড?
হ্যাঁ। আমাদের এই জমিটা ওদের ফার্মকে দিয়ে দিলাম। ইনিশিয়াল সাইন আপ করে দিয়েছি। বোনদের সাইন লাগল। ফোন করতেই ওরা সব আসল।
গ্রেট! তা ক তলা হচ্ছে?
গলির ভিতরে তো। ছ তলার বেশি হবে না। তবে মাল্টি স্টোরড। সিক্সটি ফোরটিতেই রাজী হল ওরা।
দারুন!
এরপর দুজনেই চুপচাপ। আসল প্রসঙ্গে তো আসা যায় না। মানে ঐ নিগারের ব্যাপারটা। সতর্ক হয়ে জিজ্ঞেস করলাম, তা শরীর কেমন তোর?
এই একরকম। মেহরাব মনে হয় কাঁধ ঝাঁকাল। ওকে শান্তই মনে হল। নিগার যে ঢাকায় এসেছে সেটা মেহরাব নিশ্চয়ই জানে। রঞ্জু যে কাল্ এসেছিল-সেটা সাব্বিরই বলেছে। নিগার ঢাকায়-তারপরও মেহরাবের মধ্যে অস্থিরতা পেলাম না (অথচ, গতবার ওকে ইঞ্জেকশন পর্যন্ত দিতে হয়েছিল!) রিয়েল স্টেট ফার্মের সঙ্গে কনটাক্টই কি মেহরাবকে বদলে দিল? হতে পারে। ইদানিং মেহরাবের ইকোনমিক অবস্থাও ভালো যাচ্ছিল না। হয়তো কয়েক লাখ টাকা পেয়ে গেছে হাতে। ক্যাশ!
হঠাৎই এরকম সিদ্ধান্ত নিলি যে? প্রশ্নটা আমি না জিজ্ঞেস করে পারলাম না।
কোন্ সিদ্ধান্ত? মেহরাব যেন আকাশ থেকে পড়ল।
মানে এদ্দিন পর জমিটা ডেভেলপারদের দিয়ে দিলি যে?
অন্ধকারে কি মেহরাব দীর্ঘনিঃশ্বাস ফেলল? বলল, ছ কাঠা জমি- আমি একা মানুষ আঁকড়ে ধরে থাকার কি মানে? তারচে মালটি স্টোরিড হোক-অনেক মানুষের আশ্রয় জুটবে। তাছাড়া, নতুন প্রজেক্টটায় ব্যস্ত থেকে যদি মানসিকভাবে ভালো থাকা যায়। আজকাল একা একা থেকে থেকে ভীষনই বিরক্তি ধরে গেছে, জ্বীনপরী দেখতেছি। এখন যদি একটা কাজে নিজেকে জড়ানো যায়। রোজ এসে কাজ তদারকি করব। সুজিতকে সেরকমই বলেছি।
ও।
একটু পর আমি উঠে দাঁড়ালাম। রাত ন’টার মতন বাজে। আর দেরি করা ঠিক হবে না। মেহরাব তো সুস্থ্যই আছে। এরই মধ্যে মিলি দু-বার ফোন দিয়েছে। কেটে দিয়েছি। এই যে আমি মেহরাবের খোঁজখবর নিই-আমার বউ, মিলা, এসব ইমোশন বুঝতে চায় না-খালি চিল্লাচিল্লি করে। ওকে বোঝাতে পারি না, মেহরাব আর আমরা এমন একটা বিস্ময়কর নিগূঢ় সময়ে পরস্পর পাশাপাশি একত্রে বেঁচে ছিলাম- যে সময়টাকে কিছুতেই অস্বীকার করা যায় না।
আমি মেহরাবের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসি।
আসলে মেহরাব নতুন কিছু একটা করে ক্ষতটা ঢাকতে চাইছে। নিগারকে গভীর ভাবে ভালোবাসত।
এম এ পাশ করার পর নিগারের বিয়ে হয়ে যায়। তারপর ও বাইরে চলে যায় ...দেখা যাক নতুন প্রজেক্টে জড়িয়ে মেহরাবের ক্ষতের উপশম হয় কি না।
আমি দীর্ঘশ্বাস ফেললাম।
কত কী যে হয়ে গেল-যাচ্ছে। নিগার কি এসব জানে? ভাবলাম। নিগারকে ভালোই চিনতাম। আমি রঞ্জু, সাব্বির, মেহরাব ও নিগার একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। নিগারের মা ছিলেন বড় ডাক্তার- গাইনো; ধানমন্ডি থাকত নিগাররা। মা ডাক্তার বলেই কি না কে জানে- এক ধরনের নাক উঁচু ভাব ছিল নিগারের। নিগার যে মেহরাবকে বিয়ে করবে না, সে কথা নিগার আমাকে এম এ ক্লাসে থাকতেই বলেছিল। নিগারের ভাষায়:ওর মা মেহরাবের সঙ্গে বিয়েতে রাজী হবে না। মেহেরাবরা -নিগারের ভাষায় সিম্পলি ক্ষেত! একগাদা ভাইবোন। মেহরাবের বাবা উকিল। মা অশিক্ষিত। তার ওপর আবার প্রেসের ব্যবসা। “মেহরাব” নামটাও নাকি নিগারের পছন্দ নয়। মা কিছুতেই এ বিয়েতে রাজী হবে না। এখন আমি কি করি বল তো শামীম? মেহরাব এত ডিপে চলে গেছে। আমি ওকে বন্ধু ভেবেছিলাম। আমার জন্য রাজনীতি ছাড়ল। মধুর ক্যান্টিনে মেহরাব আর যায় না।
আমি উঠানে এসে দাঁড়াই। আশেপাশের বাড়ির আলো পড়েছে। নইলে জায়গাটা এমনিতেই কেমন অন্ধকার অন্ধকার। বকুল ফুলের গন্ধ পেলাম। নাকি ভুল? এটা কি শরৎকাল? শহরে বাস করে আমরা ঋতু হিসেব ভুলে গেছি।
হঠাৎই আমার মনে হল- মেহরাব এম এ পরীক্ষাটা দিল না কেন? এত ভালো ছাত্র ছিল। অথচ, ফাস্ট ক্লাস ফাস্ট হলো নিগার!
৩
সন্ধ্যের পর শামীম চলে যায়। আমি বারান্দায় এসে বসলাম। দুপুর থেকেই সামান্য জ্বর জ্বর বোধ করছিলাম। মাঝেমাঝে এরকম বোধ হয়। বয়স বাড়ছে তো। সিগারেট ধরালাম। ভালো লাগল না। ধোঁওয়া ভারি তিতে ঠেকল। উঠানে মৃদু জোছনা ফুটে উঠছে। দেওয়ালের ওধারে দালানগুলোর আলো। টিভির সাউন্ড। বারান্দাটা অন্ধকার। সন্ধ্যার পর আমি সাধারনত বাতি নিভিয়েই রাখি।
সুজিতের ফার্মের সঙ্গে ইনিশিয়াল সাইন আপের পর আমার কেমন নির্ভার বোধ হচ্ছে। আমার বোনরাও খুশি। ওরাও দুটো করে ফ্ল্যাট পাবে। আমাকে আগামী মাসে নতুন বাসায় উঠে যেতে হবে। ওসব দায়িত্ব সুজিতই নিয়েছে। ওদের এখন কত কাজ। প্রথমে এই বাড়িটা ভাঙ্গবে। তারপর সয়েল টেস্ট করবে। হায়, গাছগুলি সব কাটা পড়বে। ছ কাঠা জমির ওপর কত রকমের যে গাছ। আম জাম কাঁঠাল বেল কামরাঙা হরবরি পেয়ারা নাড়িকেল।
কোনওমতে আমি একটা দীর্ঘশ্বাস আটকালাম।
কে যেন মেন গেটটা ঠেলে এপাশে এসে দাঁড়াল। কে? সুজিত? না, সুজিত না। তা হলে কে?
আমি জানি কে? আমার হাত কাঁপছে। আমি সিগারেট ফেলে দিলাম। সিদে হয়ে বসলাম চেয়ারে।
নিগার এসে উলটোদিকের চেয়ারে বসল। আমি পারফিউমের মিষ্টি গন্ধ পেলাম।
নিগার বলল, অনেকদিন পর। আশ্চর্য! ওর কন্ঠস্বর আর সেরকম মিষ্টি নেই।
অনেক দিন পর। আমিও প্রতিধ্বনি তুলি। ম্লান হাসলাম। অন্ধকারে দেখা যাওয়ার কথা না।
কেমন আছো তুমি? কন্ঠস্বরে প্রগাঢ় আবেগ।
আছি এক রকম। বলে আমি চুপ করে থাকি। আমার পায়ের কাছে ক্রমশ ফুটে ওঠা জ্যোছনার আলো। বাতাসে পেয়ারা পাতারা সরসর করে উঠল। কত কথা বলল তারা। আমার শরীর কাঁপছে। আজ কনট্রাক্ট পেপারে সাইন করার সময়ও আমার শরীর এতটা কাঁপেনি।
আসলে মা না ...। নিগার কৈফিয়তের সুরে বলে।
আমি দ্রুত বলে উঠলাম, থাক, ওসব থাক। অনেক দিন পর এলে।
কী লাভ হল। নিগার আপন মনে বলল। মায়ের ক্যান্সার। আমাকেই তো টানতে হচ্ছে। ভায়েরা দায়ভার অ্যাভোয়েড করছে-এত খরচ ...। এখন আমি অবাক হয়ে ভাবি-এখন যখন মাকে আমাকেই তো টানতে হচ্ছে, তা হলে তখন আমার ইচ্ছেটা পূরণ করল না কেন মা? মা ভবিষ্যৎ দেখতে পায়নি বুঝি? আসলে এইই হয়। আমরা কেউই আমাদের ভবিষ্যৎ দেখতে পারি না।
এইটুকু বলে নিগার কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, আহ্, তুমি আমার জন্যে তোমার জীবন স্যাক্রিফাইস করলে! তুমি মাস্টাস পরীক্ষা দিলে না-দিলে ঠিকই ফাস্ট ক্লাস ফাস্ট হতে। আমার জন্যেই দিলে না।
আমি বলি। থাক না ওসব। অনেক দিন পর এলে। বরং অন্য কথা বলো।
নিগার বলল, কী আর বলব। বিদেশে আমি হাঁপিয়ে উঠেছি। আগে জানলে কখনোই দেশের বাইরে যেতাম না। এ দেশে হাজারও সমস্যা থাকলেও এ দেশে এত সুখ! এখন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। ইউরোপের আবহাওয়া এত বিচ্ছিরি। আসলে ... আসলে, “বিদেশে থাকি” বলে অন্যের মুখটা কালো করে দেওয়ার জন্যই সবাই বিদেশে সেটেল করতে চায়। তারপর ... তারপর হাড়ে হাড়ে টের পায় ...বিচ্ছিরি এক জীবন টানার কী গ্লানি! আমার আর ফেরার উপায় নেই- ছেলেরা বড় হচ্ছে। আর ঢাকায় এলেও মন খারাপ হয়ে যায়। ভাইয়েরা ধানমন্ডির বাড়িটাও টাকার লোভে ভেঙ্গে ফেলল, হাইরাইজ বানাবে । ইস্ । আমাদের ... আমাদের ধানমন্ডির বাড়িটায় তোমাদের মত বকুল বাগান ছিল মেহরাব। বলে অনেক্ষণ চুপ করে বসে থাকে নিগার।
তারপর একটা সময় নিগার উঠে দাঁড়াল। ওর আর বলার কিছু নেই। ও চলে যেতে থাকে। ভঙ্গিটা কেমন পরাজিত। আমি জানি ওর সঙ্গে আমার আর কখনেই দেখা হবে না। এই সব সময়ে বাতাস কেন যেন নিশ্চুপ হয়ে থাকে। নিগার না এলেও পারত। ভাবলাম। চেয়ে দেখলাম- উঠানের পেয়ারা গাছ আর দূরের ঐ দেওয়াল-ঘেঁষা দাঁড়িয়ে থাকা অন্ধকার অন্ধকার গাছেদের ওপর এখন জ্যোস্নার ঢল। আজ রাতে আকাশ থেকে পরীর দল নামবে কি? কে জানে । রেলিং-এর ওপর পা তুলে আমি বেতের চেয়ারে বসি থাকি; সিগারেট টানি। সিগারেটের গন্ধে পরীদের দল কাছে আসার কথা না। আমি মিটমিট করে হাসি। এভাবে বসে থাকতে থাকতে কখনও-বা রাতভর বৃষ্টি ঝরে। ঝিরঝির। গাছের পাতায় পাতায় ঝিরঝির ঝিরঝির শব্দ ওঠে। কখনও একটানা-কখনও ঝিরঝির। শরীরে চাদর জড়িয়ে বেতের চেয়ারের ওপর পা তুলে বসে থাকি; সিগারেট টানি। সিগারেটের গন্ধের সঙ্গে মিশে বৃষ্টিভেজা মাটির গন্ধ। আমি মিটমিট করে হাসি। এমন কী হত- নিগার যদি আমার পাশে থাকত? হয়তো সুজিতদের ফার্মের সঙ্গে সাইন আপটা অনেকদিন আগেই হয়ে যেত। আমি এখন বসে থাকতাম ছতলার দক্ষিণমুখি একটা ফ্ল্যাটের বারান্দায়। শীতে কি গ্রীষ্মে ...শীত রাতে এইসব কুহক আরও তীব্র। শীত ও নির্জনতা। দূরের ট্রেনের হুইশেল আর শীতার্ত কুকুরের ডাক। গাছের পাতায় পাতায় শিশির পতনের শব্দ। আমি কান পেতে শুনতাম শিশিরের শব্দ । পাতার ওপর শিশিরপতনের শব্দ। সেই গাছের পাতা-যে গাছগুলি আর নেই ...
আশ্চর্য! আজ নিগার এল ... আমি জানতাম: নিগার-এর সঙ্গে আমার একবার (মৃত্যুর আগে) দেখা হবেই। যেহেতু একটা সময়ে নিগার আমার কাছে হয়ে উঠেছিল বিশ্বরহস্যতময়তার নিগুঢ় সংকেত। যেন নিগারকে বুঝলেই বিশ্বরহস্যতময়তার সবই হয়ে উঠবে বোধগম্য।
এক হঠকারী সিদ্ধান্তের বশে শর্টকাট পথটিই আমি বেছে নিয়েছিলাম ।
যে কারণে ... আমি এখন ধরাশায়ী ...
এইসব ভেবে ভেবে আমি কুকঁড়ে যেতে থাকি।
আর, আমার চারপাশে ঘনীভূত হয়ে উঠতে থাকে অন্ধকার ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




