বিনোদন ডেস্ক, ৩০ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ‘আমি লজ্জিত, কারণ আমি এই সমাজ ও সংস্কৃতির অংশ। আমি লজ্জিত, একজন পুরুষ হয়ে’- এভাবেই নিজের টুইটার অ্যাকউন্টে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
দিল্লির বাসে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীর শনিবার মৃত্যু হলে রোবরবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন শাহরুখ খান।
শাহরুখ লেখেন, ‘আমরা তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু তোমার স্বর আমাদের জাগিয়ে দিয়ে গেছে। তুমি সাহসি! তুমি আমাদের শিখিয়ে গেছো ধর্ষণ মানেই মরণ নয়, কোন নারীর ভুল নয়।’
‘ধর্ষণ, যৌনাচার আমাদের সমাজের সাথে মিশে গেছে। আর এই সমাজ ও সংস্কৃতির অংশ হওয়ায় আমি সত্যিই খুব লজ্জিত’,-যোগ করেন শাহরুখ।
শাহরুখ আরো লেখেন, ‘একজন পুরুষ হয়ে জন্ম নেওয়ায় আমি খুবই লজ্জিত! আমি কথা দিচ্ছি, আমি ধর্ষণের এই সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ করব। আমি নারীদের শ্রদ্ধা করবো, যাতে আমার কন্যরও আমাকে শ্রদ্ধা করে।’
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন মেডিকেলের এক ছাত্রী। তাকে দিল্লির হাসপাতালে চিকিৎসার পর বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। ১৩ দিন মৃত্যুর সাথে লড়ে শনিবার সকালে মারা যায় ওই তরুণী।
পৈশাচিক এই ঘটনায় সারা ভারতজুড়ে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভের বন্যা বয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ জনতা নারীদের নিরাপত্তা ও এ ঘটনার সাথে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




