তোমায় ভুলে যাওয়ার কথা
পাগলের পাগলামির মতো
ভালো হয়ে ভুলে যায় বিগত জীবনের কথা
কিংবা যুদ্ধক্ষেত্রের সিপাহীর মতো
বাসর রাতে নববধূ রেখে
অস্ত্র কাঁধে যুদ্ধে যাওয়া।
কিন্তু ওটাতো তুমি, ভিঞ্চি’র মোনালিসা
পটুয়ার তুলিতে আঁকা অমর শিল্প।
তোমায় ভুলে যাওয়ার কথা
দৃষ্টি ফিরে পাওয়া অন্ধের মতো
আনন্দে ভুলে যায় অন্ধ জীবনের ব্যাথা
কিংবা হিটলারের মতো
মনুষ্যত্বকে গলা টিপে হত্যা করে
খুনের নেশায় মত্ত হওয়া।
কিন্তু ওটাতো তুমি, নাইটিঙ্গেলের ল্যাম্প
যার আলোতে মৃত্যু পথযাত্রী রোগীর
চোখে, বাঁচার স্বপ্ন জাগে।
তোমায় ভুলে যাওয়ার কথা
মায়ের প্রসব ব্যাথার মতো
সন্তানের মুখ চেয়ে ভুলে যায়
যন্ত্রণার ছটফটানির কথা
কিংবা পাক সেনাদের যুদ্ধনীতির মতো
রণাঙ্গন ছেড়ে
বাঙ্গালী নারীর দেহ ভোগে
হায়েনার মতো ঝাঁপিয়ে পরা।
কিন্তু ওটাতো তুমি, রবি ঠাকুরের গীতাঞ্জলী
যুগ যুগ ধরে বয়ে বেড়ানো
মানুষের জীবনের মর্মবাণী।
তোমায় ভুলে যাওয়ার কথা
রাজনীতিবিদের প্রতিশ্রুতির মতো
নির্বাচনী বৈতরণী পার হয়ে
বেমালুম ভুলে যায় ওয়াদার কথা
কিংবা নদীর মতো, মোহনায় মিশে
ভুলে যায় পিছনের দীর্ঘ পথ চলার ক্লান্তি।
কিন্তু ওটাতো তুমি, আমার হৃৎপিণ্ড
শিরা উপশিরা বয়ে বেড়ায় যার
রক্তের স্রোত ধারা।
জীবন সায়াহ্নের
নিষ্ঠুর সীমা রেখায় দাঁড়িয়ে,
দেয়ালে টাঙানো
শিল্পীর তুলিতে ভেসে উঠা
তোমার মায়াবী মুখ,
ফ্রেমে গাঁথা আমার
বর্ণালি কুঁড়িটি বছর,
ভুলে যাওয়ার নানা কৌশলে
বাস্তবতার প্যাঁচানো গলিতে
নিজেকে হারিয়ে শুধু তোমাকেই খুঁজে গেলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



