ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে যারা আমাদের মর্মমূলে জাগরণের আগুন জ্বালিয়েছে গত ৫ ফেব্রুয়ারি, যারা জননী-জন্মভূমির ডাকে বজ্রকণ্ঠে সাড়া দিয়েছে_ সেই দীপ্ত, তারুণ্যে উচ্ছল অতন্দ্র প্রহরীদের আবারও অভিবাদন। নবপ্রজন্মের আন্দোলনের প্রাথমিক বিজয়ে শাহবাগ অবস্থান শিথিল করে ঘরে ফেরার ১৮ ঘণ্টার মধ্যে অপশক্তিকে পর্যুুদস্ত করার জন্য তারা আবার রাজপথে ফিরে এসেছে। আমরা গণমাধ্যমের কর্মীরাও তরুণ প্রজন্মের পাশে রয়েছি। স্ব-স্ব সংবাদপত্র কিংবা টেলিভিশনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রজন্ম চত্বরে, রাজপথে আমরা তাদেরই পাশে। সংকটে,
দুঃসময়ে গণআন্দোলনের রাজপথের সৈনিক এ দেশের সাংবাদিকরা। বায়ান্নর ভাষা আন্দোলন, একষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে কলমসৈনিকরা রাজপথেরও অগ্রসৈনিক ছিলেন। মা ও মাটি যখনই ডাক দিয়েছে, তখনই সাড়া দিয়েছেন সাংবাদিকরা। ৫ ফেব্রুয়ারির মহাগণজাগরণের শুরু থেকে গণমাধ্যমের কর্মীরা জনশক্তির প্রাণবন্যার সংবাদ যে বিশালতায়, যে অনিন্দ্য সৌকর্যে প্রকাশ করছেন তাও এক নতুন ইতিহাস। সমকালের প্রথম পাতাজুড়ে মোমবাতির আলোর মিছিলও বাংলাদেশের সংবাদপত্রে নতুন ইতিহাস। গণমাধ্যমের এমন অনন্যসাধারণ ভূমিকা অতীতে আর কখনও প্রত্যক্ষ করিনি। গত শনিবার রাতে একাত্তর টিভির জার্নালে সঞ্চালক সামিয়া জামান জানতে চেয়েছিলেন, সাংবাদিকরা কেন জামায়াতের প্ররোচনায় হামলার লক্ষ্য হলেন? আমি বলেছিলাম, শাহবাগের গণজাগরণের বিস্ময়গাথা ঘরে ঘরে, জনে জনে পেঁৗছে দিয়ে এ আন্দোলনে গভীর একাত্মতা ব্যক্ত করার কারণেই সাংবাদিকরা জামায়াত-শিবিরের আক্রমণের শিকার। নবপ্রজন্মের এই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এ দেশের ধর্মভীরু মানুষকে প্ররোচিত করার যে অপতৎপরতা শুরু করেছে জামায়াত-শিবির, তা রুখে দাঁড়ানোর দায়িত্ব গণমাধ্যমের কর্মীদেরও গ্রহণ করতে হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে সুশীল সমাজের সব অংশই স্ব-স্ব দায়িত্ব পালন করছেন। শিল্পীরা গানে গানে উজ্জীবিত করছেন প্রজন্ম চত্বরের লাখো মানুষকে। পাশাপাশি সকলের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন তারা। কবিরা উজ্জীবনের কবিতা লিখছেন। একই সঙ্গে ছুটে এসেছেন প্রজন্ম চত্বরে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অবিনাশী পঙ্ক্তিমালা লিখে যাচ্ছেন; প্রজন্ম চত্বরে গিয়ে সমর্থনের অগি্নবাণী উচ্চারণ করেছেন। গতকাল সমকালের প্রথম পাতায় প্রকাশিত কবিতায় সৈয়দ শামসুল হক লিখেছেন :আমি লেখা ছেড়ে রাজপথে এবার।/ওদের কবিতাটিই তো আজ আমার_ আমাদের - কণ্ঠে তুলে নেবার_ আর সেই কবিতাটির শিরোনাম লাল সবুজ অক্ষরে এই -/পতাকা যারা পোড়ায় - তাদের ক্ষমা নেই_ নেই!
সৈয়দ শামসুল হকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা সাংবাদিকরা বলব_ পতাকা যারা পোড়ায়, তাদের ক্ষমা নেই_ নেই। স্বাধীনতার ৪২ বছর পর যে অশুভ শক্তি আমাদের জাতীয় পতাকায় অগি্নসংযোগের ধৃষ্টতা দেখিয়েছে, যারা আমাদের প্রিয় শহীদ মিনার ভেঙেছে, কিছুতেই তাদের ক্ষমা করা যাবে না। তাদের ব্যাপারে বিন্দুমাত্র দুর্বলতা পোষণ করলে সরকারকেও বড় মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভোটের হিসাব পরিত্যাগ করে ক্ষমতায় যাওয়ার সুখস্বপ্নে বিভোর না থেকে জন্মভূমির মর্যাদা ভূলুণ্ঠিতকারীদের ব্যাপারে মহাজোট সরকারকে এখনই জরুরি সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এ দাবি শুধু শাহবাগের গণজাগরণ মঞ্চের নয়, এ দাবি কোটি কোটি মানুষের।
শাহবাগের গণজাগরণ নিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপির ভূমিকা প্রথমে দোদুল্যমান মনে হয়েছে আমার। সম্ভবত তারা হিসাব-নিকাশ মেলাতে পারছেন না। মনে হচ্ছে, আওয়ামী লীগের চেয়েও ভোটের হিসাব-নিকাশের বিষয়টি তাদের কাছে আরও বড়। বিএনপি নেতারা গণজাগরণ নিয়ে বিভিন্ন সময়ে নানা অর্থহীন মন্তব্য করেছেন। শেষ পর্যন্ত তারা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। প্রজন্ম চত্বরের সদাজাগ্রত তরুণরা সারাদেশের সব দল-মত-বিশ্বাসের মানুষের প্রতিনিধি। তরুণদের থেকে দূরে সরে বিএনপির লাভ নয়, ক্ষতিই হচ্ছে। ভোটের হিসাব-নিকাশেও কিন্তু আগামীতে তরুণদের অবস্থানই হবে মুখ্য। আমি বিস্মিত হয়েছি রুহুল কবির রিজভীর শনিবারের সংবাদ সম্মেলনের বিবরণ পড়ে। জামায়াত-শিবির জাতীয় পতাকায় আগুন দিল, শহীদ মিনার ভাঙল_ তার নিন্দা জানাল না, প্রতিবাদ করল না বিএনপি। জানি না, বিএনপি জেনেশুনে বিষপান করল কি-না। প্রচণ্ড সমালোচনার মুখে বিএনপি গতকাল এ ব্যাপারে মৃদু সমালোচনার শব্দ উচ্চারণ করে দায় সেরেছে। জাতীয় পতাকা পোড়ানোর নিন্দা করেছে। দেশে আওয়ামী লীগ ও বিএনপি_ দুটি সমান্তরাল শক্তিশালী রাজনৈতিক দলই থাকুক। একই সঙ্গে ভারসাম্যের জন্য থাকুক প্রগতিশীল শক্তি। জনপ্রত্যাশার বিপরীতে বিএনপির বর্তমান অবস্থান প্রত্যাশিত নয়। বিএনপি ভুল করছে_ এ ভুল পর্বতপ্রমাণ। যেসব সরল, ধর্মপ্রাণ মানুষকে জামায়াত-শিবির মিথ্যাচারে বিভ্রান্ত করেছে, দু'তিনটি সংবাদপত্র ও টিভি চ্যানেল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে, এদের ব্যাপারে মন্তব্য করে লাভ নেই। তবে আমরা সবাই জানি, মিথ্যাচারে বাংলাদেশের মানুষকে কখনোই বিভ্রান্ত করা যায়নি। গত শুক্রবার যে হৃদয়বিদারক ঘটনা ঘটল, তার পেছনে এসব মিডিয়ার প্ররোচনা কতটা ছিল, তা নিশ্চয়ই মানুষ হিসাব-নিকাশ করবে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান স্বীয় দফতরে থেকে যিনি সর্বক্ষণ গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত থাকছেন, তার সংবাদ সম্মেলনের আদ্যোপান্ত পড়লাম। এ ব্যাপারে কোনো মন্তব্য না করাই শ্রেয়। তবে এ কথা স্বীকার করতেই হবে, মাহমুদুর রহমান একজন ভাগ্যবান 'সম্পাদক'। নিজের পত্রিকায় প্রতিদিন নিজের সচিত্র কলাম ছেপে তিনি 'ভালো' দৃষ্টান্ত স্থাপন করছেন। আমি সহকর্মীদের একবার বলেছিলাম, মাহমুদুর রহমানের দৃষ্টান্ত অনুসরণ করে প্রথম পাতায় কদাচিৎ প্রকাশিত আমার মন্তব্য প্রতিবেদনে নিজের ছবি ছাপলে কেমন হয়! সহকর্মী বন্ধুদের অনেকেই মুচকি হেসে বললেন, এ কাজটি আপনি কখনোই করতে পারবেন না।
শাহবাগের গণজাগরণ নিয়ে ভারতের গণমাধ্যমের নিরাসক্ত ও তাচ্ছিল্যের মনোভাব লক্ষ্য করে শুরু থেকেই আমি বিস্মিত। বিলম্বে হলেও বিশ্ব মিডিয়া শাহবাগের গণজাগরণকে বিস্ময়কর জনউত্থান বলে মন্তব্য করছে। দিলি্লর পত্রিকাগুলোর কথা না হয় বাদই দিলাম, কলকাতার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো নিস্পৃহ না থেকে একে 'বাংলাদেশের গৃহযুদ্ধের সূত্রপাত' বলে মন্তব্য করছে। গতকাল কলকাতার 'বর্তমান'-এর খবরে বলা হয়েছে, দু'দিন আগে পর্যন্ত বাংলাদেশের অস্থিরতা ছিল বৃহৎ নাগরিক আন্দোলনের প্রকাশ। গতকাল থেকে নিমেষে পরিস্থিতি অগি্নগর্ভ হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের এই তীব্র সংকটের মতো পরিস্থিতিতে দিলি্ল ঘটনাপরম্পরার দিকে সতর্কভাবে নজর রাখছে। দিলি্লর হিন্দুস্তান টাইমসের মতেও বাংলাদেশে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে প্রজ্বলিত গণজাগরণের শিখা যে সারাদেশে ছড়িয়ে পড়েছে, তা গৃহযুদ্ধ নয়। আশ্চর্যজনকভাবে তা ভারতীয় মিডিয়ার চোখ এড়িয়ে যাচ্ছে, নাকি তারা চোখ বন্ধ রাখাই শ্রেয় মনে করছেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


