সকালে ঘুম থেকে উঠেই মেজাজটা তীব্র রকম খারাপ হয়ে গেলো। মন খারাপ অবশ্য এম্নি এম্নি হয়নি। মন খারাপ হওয়ার পেছনে কারণ আছে। কারণ ছাড়া কারো মনই খারাপ হয় না। এক নম্বর কারণ হচ্ছে, ঘুম থেকে উঠেই আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা। সবার আগে দাঁত ব্রাশ করলে মনটা প্রফুল্ল হয়ে যায়। বাথরুম করা যায় আরাম করে। দুর্গন্ধ মুখে নিয়ে বাথরুমে বসে থাকা ভালো লাগেনা। কিন্তু দাঁত ব্রাশ করতে গিয়ে দেখি পেস্টের টিউব খালি। অনেক কষ্ট করে যা একটু পেস্ট বের করেছি কিন্তু তখন দেখি হাতের কাছে ব্রাশ নেই। সেটাও কোনো ব্যাপার না। মন খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে- ঘুম থেকে উঠেই কেন জানি মনে হচ্ছে আজও রঙ্গুকে পাবো না। সাধারণত ঘুম থেকে উঠার পর আমার যা মনে হয় তাই হয়।
আজ তিন দিন যাবত রঙ্গুকে খুঁজছি। যাকে বলে গরু খোঁজা। কিন্তু হারামজাদাকে কোথাও পাচ্ছিনা। ঢং করার জন্য কোথায় আবার বসে আছে কে জানে? পেলে হারামজাদার পাছা বরাবর দুটো লাত্থি দিতে হবে কষে। তারপর জিজ্ঞেস করবো, কোথায় ছিলি বাছাধন? আগে কোনো কথা বলবো না। আগে পাছায় লাত্থি দিতে হবে। পরে কথা আগে কাজ।
দাঁড়ি কাটবো না কাটবো না করেও কেটে ফেললাম। আজ ঈশার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ঈশা দাঁড়ি একদম সহ্য করতে পারে না। আমি অবশ্য দাঁড়ি সে কারণে কাটিনি। দাঁড়ি কাটার পেছনে কারণ আছে। সুক্ষ্ম বুদ্ধির কাজ আছে একটা। মানুষ বড় স্বার্থপর বস্তু। কারণ ছাড়া কোনো কাজ করে না। আচ্ছা মানুষ কি ‘বস্তু’? কি জানি হতেও পারে। লোপামুদ্রা মিত্র বলেছেন, ছোটবেলায় মনে হতো বিপরীতার্থক শব্দগুলো একটি অন্যটি থেকে বিরাট ব্যাবধানে বাস করে। কিন্তু যতই বড় হচ্ছেন তিনি, তার কাছে মনে হচ্ছে ব্যবধানটা ক্রমশ কমছে। আমার এক দাদা ছিলেন, যিনি বাজার থেকে যেকোনো খাবার আনলেই ওটাকে বলতেন বস্তু।
গোসল করতে গিয়ে দেখি সোপকেসে সাবান নেই। মাত্র দুদিন আগে প্যাকেট খুলে সুপকেসে রেখেছি নতুন সিনথল সাবান। গত সপ্তাহে যেটা বড় আপা দিয়েছিলো। আমাকে নাকি দেখাচ্ছিলো কাকের মতো । তার ধারণা আমি সাবান ছাড়াই গোসল করি। গোসল করতে গিয়ে সাবান না পেলে তো সাবান ছাড়াই গোসল করতে হয়, নাকি? ইঁদুরে নিয়ে গেলো নাকি কে জানে! আজকালকার ইঁদুরগুলোও বেশ সেয়ানা। অনেক আগে একটা গল্প পড়েছিলাম, ‘শহুরে ইঁদুর ও গেঁয়ো ইঁদুর’ নাম ছিলো সম্ভবত গল্পটার। গল্পের ইঁদুরের সাথে বাস্তবের ইঁদুরের জীবন বর্তমানে মিলে না। বর্তমানের ইঁদুরগুলো চোখের সামনে দিয়ে দৌড়ে যায়। লাঠি নিয়ে তেড়ে গেলে উল্টো কামড়াতে আসে।
কিন্তু সোপকেস খুলে ইঁদুর সাবান নিয়ে যাবে ব্যাপারটা তেমন গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। সম্ভবত কেউ গোসল করতে নিয়ে আর ফিরিয়ে আনতে পারেনি। সাবান মাখার সময় হয়তো কমোডে পড়ে গেছে হাত ফসকে। মেসে কমোড আর বাথ একসাথেই থাকে। আমার এক বন্ধু আছে সে আবার এই সিস্টেমকে বলে এটাচড কমোড বাথ।
অতো সকালে দোকান খোলার কথা না। সুতরাং সাবান ছাড়াই আমাকে গোসল করতে হলো, এক টাকা দামের শ্যাম্পুর অর্ধেক মাথায় আর অর্ধেক শরীরে মেখে।
গোসল করার পর আর তেমন খারাপ লাগছে না। মোটামুটি ভালোই লাগছে। সারা শরীরে ভালো করে লোশন মাখার ফলে আঠা আঠা ভাবটা দূর হয়েছে।
আফটার লোশনটা বেশ গন্ধ ছড়াচ্ছে। মনটা ফুরফুরে হওয়ার কথা কিন্তু হচ্ছে না।
এক গ্লাস পানি খেয়েই যাত্রা শুরু করলাম আজকের। সকালে ঘুম থেকে উঠে যা মনে হয়েছে তা আজ ফললে চলবে না। আজ অলিখিত মনের আইন ভাঙ্গতে হবে। মানুষ যেমন সবসময় আইন মেনে চলতে পারে না। তেমনি মনকেও সবসময় আইন মেনে চলতে দেয়া উচিত নয়। চেষ্টা করতে হবে। চেষ্টায় সব হয়। ‘সব’ হয়? তাহলে আজ তিন দিন যাবত আমি কি রঙ্গুকে খোঁজার চেষ্টা করিনি? হতেও পারে।
রুম থেকে বের হতেই গায়ে একপাল ঠাণ্ডা বাতাস লাগলো। তবুও মেজাজটা ফুরফুরে হলো না। ঠাণ্ডা বাতাসের সাথে গায়ে এবং নাকে একরাশ দুর্গন্ধও লাগলো। ঢাকা শহর চেনার সহজ উপায় হলো এই দুর্গন্ধ। যে শহরের অলি গলিতে জমানো ময়লার দুর্গন্ধ পাওয়া যায় সেই শহরের নামই হলো ঢাকা শহর। ইউশার সংজ্ঞাটা সম্ভবত ভুল নয়।
ইউশা আজ কোথায় আছে কে জানে! সবাই তাকে প্রকৃতির সন্তান বলতো। শেষ দেখা হয়েছিলো ওর সাথে বছর তিন আগে নারায়ণগঞ্জ। আমাকে দেখে ও যতো সহজে চিনতে পারলো আমি কিন্তু অতো সহজে ওকে চিনতে পারলাম না। চোখে মোটা কাঁচের চশমা। আর শরীরে লাগিয়েছে একদঙ্গল রঙিন কাপড় চোপড়। মাথায় মাঙ্কি ক্যাপ।
প্রাথমিক আলাপের পর আমি জিজ্ঞেস করলাম, ইউশা তুই কি এখনো গাছের কথা শুনতে পাস? আমার কথা শুনে ইউশা হো হো করে হাসতে লাগলো। যেনো আমি একটা বদ্ধ উন্মাদ। হাসি থামিয়ে বললো, তুই কি পাগল বলতো? গাছ কি কখনো কথা বলে? বলে না। ও সবই ছিলো আমার ভ্রান্ত মনের ভ্রান্ত ধারণা।
শুনে আমার বেশ মন খারাপ হলো। বললাম, ইউশা, তোকে আমার একদম সহ্য হচ্ছে না। তুই আমার কাছ থেকে বিদেয় হ। বলে আমি নিজেই ইউশার কাছ থেকে দূরে যাবার জন্য বিদেয় হলাম।
ইউশা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলো। আমি ওকে ছেড়ে দিয়ে বড় বড় কদম ফেলে হাঁটতে লাগলাম কালিবাজারের কাছ থেকে রেল স্টেশনের দিকে। ইউশা হতম্ভব ভাব কাটিয়েই আমার পেছনে দৌড়ে আসতে আসতে ডাকলো, এই রুদ্র, এই! শোন আমার কথা?
আমি দাঁড়ালাম না শোনার জন্য, ইউশার সাথে সেই শেষ দেখা। প্রকৃতি একটা মানুষকে একটা ক্ষমতা দিয়েছিলো। সেটা আবার কেড়ে নিয়েছে, এরচে বড় দুঃখের কথা আর কি হতে পারে! আমার চোখে পানি এসে পড়লো নাকি!
জগতে মায়া নামক বস্তুটা খুবই খারাপ। মায়া জগতে না থাকলেই ভালো হতো। ইউশার জন্য কি আমার মায়া হচ্ছে? আমি মায়াকে পাত্তা দিলাম না। আমার গন্তব্যে আমি হাঁটতে লাগলাম। প্রকৃতির দান মায়া। মায়াকে প্রকৃতি মানুষের কাছ থেকে তুলে নিচ্ছে না কেন? প্রকৃতিকে অভিশাপ দেয়া কতোটা যুক্তিসঙ্গত হিসেব করে পেলাম না। পেলে ঠিকই প্রকৃতিকে অভিশাপ দিতাম। কঠিন অভিশাপ।
দিন দিন প্রকৃতির প্রতি আমার অভিযোগ বেড়েই চলেছে। ওহে প্রকৃতি, তুমি কেমন আছো? বিয়া করবা?
হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রকৃতিকে একটা বিয়ে করাতে হবে। বিয়ে মানুষকে যেমন ধ্বংস করে প্রকৃতিকেও ধ্বংস করবে নিশ্চয়।
আমার বেশ মজা লাগছে। মনে মনে হাসতে লাগলাম।
পকেটে আছে চকচকে দশ টাকার একটা নোট। টাকাটা দিয়ে কি করবো বুঝতে পারছি না। রাতে ভালো খানা হয়েছে। এখন না খেলেও চলবে। বারোটা পর্যন্ত না খেয়ে থাকা কোনো ব্যাপারই না। এগুলো আজকাল জলবৎ তরলং হয়ে গেছে আমার কাছে। বারোটা বাজতে এখনো পাঁচ ঘণ্টা বাকি। এই পাঁচ ঘন্টার মধ্যে যেকোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করতে দোষ কি? আর ব্যবস্থা না হলেও বা কি? সারা পৃথিবীতে প্রতিদিন কত হাজার মানুষ না খেয়ে মারা যায় তার হিসেব কি আমরা রাখি? হিসেব যেহেতু রাখি না সুতরাং তাদের একজন হতে দোষ কোথায়?
দশটাকা পকেটে থাকতে আজকে অন্তত মরবো না। কিন্তু মরার জন্য চেষ্টা চালাবো কি? না, অন্য অনেক কাজ আছে।
রঙ্গুকে খোঁজে বের করতে হবে। তাকে নিয়ে যেতে হবে বড় মামার কাছে। আমার মামারা হলো পিচাশ শ্রেণীর মানুষ। তারা নিজেদের আত্মীয় স্বজনদের জন্য তেমন একটা কিছু করতে চায় না। তাদের যা করার তা শুধু অপরিচিত লোকদের জন্য। তাও আবার সবার জন্য নয়। যারা তাদের গুণকীর্তন করতে পারে শুধু তাদের জন্যই তারা করে। এহেন মামা আমাকে দায়িত্ব দিয়েছেন একজন পেশাদার খুনীকে খোঁজে বের করার জন্য।
দায়িত্ব পেয়ে আমি যারপরনাই খুশি। পেশাদার খুনি দিয়ে মামা কি করবেন সেটা আমার চিন্তার বিষয় নয়। আমার চিন্তার বিষয় হলেও কিছু করার নেই। মামাকে এটা জিজ্ঞেস করা বেয়াদবির পর্যায়ে পড়ে। বেয়াদবির কাজ আমি করতে চাই না। মামা যা চেয়েছেন আমি তাই করছি।
রঙ্গুর সাথে আমার পরিচয় বছর খানিক আগে। তার পেশা হচ্ছে মানুষ খুন করা। একটা খুনের জন্য সে পায় পাঁচ থেকে দশ হাজার টাকা। অর্থাৎ একটা জীবনের মূল্য সর্বসাকুল্যে দশ হাজার টাকা। তাও বা কম কিসে? দশ হাজার টাকায় দশ হাজার চকলেট কিনা যায়, যদি এক টাকা দামের হয়। অবশ্য এক সাথে এতগুলো কিনলে আরও কিছু ফাও পাওয়া যাবার কথা।
আমার গুরু হিমালয় ওরফে হিমু হলে অবশ্য দশ হাজার টাকায় দশ হাজার দিয়াশলাই কিনতে চাইতেন। তারপর দশ হাজার দিয়াশলাইয়ে কতগুলো কাঠি আছে সেটা হিসেব করতেন। সেই হিসেবও তিনি কোনো কারণ ছাড়া করতেন না। দেখা যেতো এই হিসেব একদিন তার বিরাট কাজে আসছে।
পকেটে দশ টাকা নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়ালে হবে? দশ টাকা খরচ করা দরকার। কিন্তু কি করবো? নাস্তা করবো? ক্ষুধা অনুভব হচ্ছে। পাশে একটা হোটেল দেখতে পাচ্ছি। হোটেলে ঢোকা যেতে পারে। দুটো পরোটা আর ডাল। বিল হবে আট টাকা। পকেটে আরও দু টাকা থাকবে। দু টাকা দিয়ে কী করবো? সিগারেট খাবো? একটা সিগারেট খেতে ইচ্ছে করছে খুব।
ভাইজান এখানে কি করতাছেন?
পাশে ফিরে দেখলাম, চিনতে পারছি না এমন একটা লোক আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। তার হাসিতে যে কেউ মুহিত হবে তা নয়। বড় কুৎসিত হাসি। আমি তার দিকে তাকিয়ে মধুর করে হাসার চেষ্টা করলাম। এ হাসির অর্থ হচ্ছে, আমি কিছুই করছি না। কিংবা এর অর্থ সে এমনও ধরতে পারে, হ্যাঁ আমি কিছু করছি।
দেখি লোকটা এর অর্থ কী ধরে? লোকটার মতলব যদি ভালো হয় তাহলে সে এ হাসির অর্থ হিসেব করবে আমি কিছু করছি না। আর যদি তার মতলব খারাপ থাকে তাহলে হাসির অর্থ হিসেব করবে আমি কিছু করছি। এবং সে আমার দিকে এগিয়ে আসবে আমি কি করছি তা দেখার জন্য।
লোকটা সত্যি সত্যি আমার দিকে এগিয়ে এলো। তার মানে কি লোকটার মতলব খারাপ? এখন অবশ্য তার হাসিটা অতো বিশ্রী দেখাচ্ছে না। লোকটা কি তার হাসির ধরণ পাল্টিয়েছে? আমি কি তার থেকে নিষ্কৃতি পাবার চেষ্টা করবো? হোটেলে ঢুকে গেলেই হয়। আমাকে আর ঘাটাতে সাহস করবে না। অবশ্য দশ টাকার জন্য এই লোক আমাকে হাইজ্যাক করবে বলে মনে হয় না। আর করলেই বা কি করা যেতে পারে!
আমার কাছে এসে লোকটা দাঁড়ালো। আমি নির্লিপ্তভাবে অন্যদিকে তাকিয়ে রইলাম। সম্পূর্ণভাবে উপেক্ষা করার চূড়ান্ত নোটিশ। কিন্তু নোটিশে কাজ দিচ্ছে না।
আপনে আমারে চিনতেছেন না? আমি রঙ্গু বসের সাথে থাকি।
রঙ্গুর কথা লোকটার মুখে শুনে আমি তড়াক করে ফিরে তাকালাম তার দিকে। তাকিয়ে বুঝলাম এ লোককে আমি চিনি। এ লোক রঙ্গুর কাছের মানুষ। সম্ভবত এর নাম ফিল্টু। ফিল্টু না হয়ে বিল্টুও হতে পারে। ফিল্টু, বিল্টু, মিল্টু, তিল্টু, কিল্টু, ঝিল্টু...
বস আপনেরে হন্য হয়ে খুঁজতেছে। আর আপনে এই হানে দাঁড়ায়া করতাছেন টা কি?
বস মানে রঙ্গু আমাকে খুঁজতেছে আর আমি রঙ্গুকে খুঁজতেছি। ভারি মজা লাগলো আমার।
আসেন আমার সাথে। আমার উফর হুকুম হইছে আপনেরে যেখানে পাই সেখান থেইকা ধইরা নেয়া। সীতা খোঁজা খুঁজতেছি আপনেরে গত দুই দিন থাইক্কা! আপনে অখন থাকেন কই? আগের মেসে গেছিলাম। ম্যানেজার সাব কয়, আপনে নাকি হেরে নিষেধ করছেন আপনের ঠিকানা কওনের লেইগ্গা? পরে যখন মালডা বাইর কইরা দিলাম কষে ধমক। তখন আপনের ঠিকানা বের কইরা দিছে। অই ঠিকানায় গিয়া শুনলাম আপনে আবারো মেছ বদলাইছেন।
এই সব আপনে করতাছেন কি? বস তো চেইত্যা গেছে গা।
আমি বললাম, ফিল্টু, তুমি এক কাজ করো, আমাকে বেঁধে নিয়ে চলো। তাহলে তোমার বস খুব খুশি হবে। চাকুরি রাখার প্রধান শর্ত হচ্ছে বসকে খুশি রাখা। আমাকে বেঁধে না নিলে আমি যেকোনো সময় দৌড় দিতে পারি। তখন তোমার অবস্থা কি হবে চিন্তা করেছো?
ফিল্টু আমার কথা শুনে থতমত খেলো।
আপনে কি যে শরমের কথা কন ভাইজান? কথার কথা কইলাম আপনেরে যেখানে পাই সেখান থেকে ধইরা নেয়ার হুকুম। তাই বইলা আপনে গোস্যা করবেন এইডা কেমুন বিবেচনা আপনের?
আমি গোস্যা হই নাই ফিল্টু। আমার ভাবগতিক বিশেষ সুবিধার ঠেকতেছে না আমার নিজের কাছেই। তাই এই কথা বলা। এবার তোমার যা ইচ্ছে তাই কর।
আমার কথা শুনে ফিল্টু হেলুসিনেশনে পড়লো। মানুষ যখন হেলুসিনেশনে পড়ে তখন তার আসল রূপ খুব সহজে ধরা পড়ে। ফিল্টুর সহজ সরল মুখটা আমার কাছে ধরা পড়লো। আহা বেচারা। এই ফিল্টুই একদিন দেশের কুখ্যাত কিলার হিসাবে পরিচিতি লাভ করবে। পুলিশ তাকে খুঁজে বেড়াবে যদিও সে পুলিশের সাথে উঠাবসা করবে। কিন্তু পুলিশ তাকে দেখবে না। বাংলা ভাইকেও পুলিশ খুঁজে পায় নি বছরের পর বছর। আহা আমাদের পুলিশ প্রশাসন। গুরু হিমু বলেছিলেন, রবীন্দ্রনাথ এখন বেঁচে থাকলে গান লিখতেন, ও আমার দেশের পুলিশ, তোমার পায়ে ঠেকাই মাথা। অতীব সত্য কথা।
আফসোস! রবীন্দ্রনাথ বেঁচে নেই।
আমি ফিল্টুকে জিজ্ঞেস করলাম, আমাকে এখন কোথায় নিয়ে যাবে? তোমার বস কোথায় আছে ফিল্টু?
ভাইজান আমার নাম মিল্টন। আমার সাথে আসেন আপনেরে বসের কাছে লইয়া যাইতেছি। একটু সামনে গেলেই বসের গাড়ি আছে। ওইখানে বস আপনের জন্যি অপেক্ষা করতেছে। আজকা সকালে বস আপনের বাসা খুঁইজা পাইছে। নিজস্ব চ্যানেল ইউজ করে।
আমি ফিল্টুর পিছু পিছু হেঁটে গেলাম রাস্তা পর্যন্ত। রাস্তার পাশে একটা টয়োটা করোলা ল্যান্ড করা। কালো কাঁচের গ্লাস। ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। আমি ফিল্টুর দিকে তাকালাম।
ফিল্টু মুখের ঠোঁট প্রসারিত করে দাঁত না কেলিয়ে হাসলো। তারপর গাড়ির দরজা খুলে দাঁড়ালো। আমি ভেতরে গিয়ে বসলাম। মনে হলো বেহেস্তে ঢুকে পড়েছি। বেহেস্ত কি এর চেয়েও আরামদায়ক? আল্লাহ কোরানের কোথায় যেনো বলেছেন, আমি তোমাদের জন্য বেহেস্ত আরামদায়কভাবে বানিয়েছি। আমাদেরকে আরামে রেখে আল্লাহর লাভটা কি বুঝতে পারছি না। নিশ্চয় কোনো লাভ আছে। লাভ ছাড়া কেউ কিছু করে না। অবশ্য আল্লাহ করলেও করতে পারে।
আল্লাহ হলো আল্লাহ। আল্লাহর কথা আমি কি করে বলবো?
আমি হলাম নগন্য এক মানুষ।
আমার কাজ হলো ছিরাতুল মুস্তাকিম অনুসরণ করা, আলহামদুলিল্লাহির রাব্বিল আলামীন বলা।
কিন্তু আমি এসব করছি কোথায়?
আমি সাধারণ যুবক।
আমি বাবা মার কথা মেনে চলি না। নিজের ইচ্ছানুযায়ী চলি। লেখাপড়া করি না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। গুরু হিমুর মতো বোহেমিয়ান হওয়ার চেষ্টা করি। আমার গুরু কি বোহেমিনয়ান হতে চেষ্টা করেন? তা হবে কেন? তিনি তো তার বাবার ইচ্ছানুযায়ী মহাপুরুষ হবার চেষ্টারত। আর আমিতো আমার বাবার কথা শুনিই না। মায়ের কথা অমান্য করতে পারি না বলে, মায়ের কাছেই যাই না।
অবশ্য আমার রূপা না থাকলেও একজন ঈশা আছে। যে আমার রূপা। কারণ গুরু হিমুর কথা হচ্ছে, পৃথিবীর প্রতিটি যুবকই হিমু আর প্রতিটি যুবতীই রূপা।
[চলবে, যদি আপনারা চান... ]
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


