যে নদী শুকিয়ে গেছে তার জলরেখায়
অনুমান করি হারিয়ে যাওয়া গভীরতা, তারপর
বৃষ্টির জলে ধুইয়ে দিই
তানপুরার সুর।
একমুঠো ধুলোয় রোদ্দুর মাখিয়ে
তোমার বাগান চাষ করি।
অদ্ভুত এক বেদনা এসে আমাকে শুধোয়
ওহে, একটু হাসোতো দেখি
ঠিক যেমন হাসতে বালক কালে।
আমি হাসতে চেষ্টা করি, আর
নদী হয়ে বয়ে যায় দিনলিপি পাতা।।
জলভরা চোখে বন্দি করেছি বিশাল আকাশ,
আর একবার হাসলেই
কুয়োর পাশের লেবুগাছ'টি উঁকি দেবে
ভীরু চোখে আমার টেবিলে, তবু
সীমারেখা ভুলে যাই, আর
ঘুমচোখে তাকিয়ে দেখি
বালিসে লেগে আছে স্বপ্নের দাগ।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




