যদি কখনো তুমি আমার মতো
হয়ে যাও
দেখবে কষ্টগুলো আর কষ্ট নেই,
ওগুলো তখন ধুলোবালি
গায়ে লাগলেই কি বা না লাগলেই কি।
যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
পথে হাঁটতে কষ্ট হবে না,
আঘাত পেলে চোখের কোনা ভিজবে
না,
বৃষ্টি এলে বুকের ভেতর তেমনটা আর
করবে না,
ঠান্ডা গরম কিছুই বুঝবে না;
এমন কোন মানুষ, না না, এমন কোন
প্রাণী হবে তুমি,
বেঁচে আছো কি নেই, এই বোধ
তোমাকে ভাবাবে না।
যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
ভিখিরী দেখে কষ্ট হবে না
সুঁই ফোঁটালেও মুখের পেশী
কুঁচকাবে না
ভোর হলেও ঘুম পাবে না
হাত বাড়ানোর সাধ হবে না;
কখন কবে কেঁদেছিলে সেই হিসেবও
আর রবে না,
অবাক হয়ে তাকালে সিলিং এর দিকে,
স্বপ্ন নামের জোয়ার ভাঁটা জোর
করলেও আসবে না।
যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
দেখবে তুমি আর তুমি নেই
তোমার সর্বশরীরে
আমি,
আমার গন্ধ,
কষ্টের ধুলোবালি,
রইবে পড়ে সব...
অথচ নিজের শরীরে হাত রেখেও
নিজেকে খুঁজে পাবে না
যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও।।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



