১।
নুপূর তুমি জানো না -
আমার পৃথিবী তোমার থেকেও বড়,
যেমন মানুষের কষ্ট তার জীবন থেকেও বড়,
ভুল ভাঙ্গা জোছনায় যদি একদিন হঠাত ঘুমও
ভাঙ্গে তোমার,
জীবনের শ্রেষ্ঠতম অনুদান নিয়ে যদি তরী ভেরাও
কোনদিন -
আমাকে আমার তন্দ্রা ফেরত দেবে কি?
কিংবা সেই রাতগুলো যেগুলোতে আমি ঘুমোতে
চেয়েছিলাম!
মানুষ কি এতোই সহজ?
কষ্ট কি এতোই সহজ?
দূরে থাকা কি এতোই সহজ?
অশ্রু কি এতোই সহজ?
ভুল কিংবা বিরহ কি এতোই সহজ...
আজো বিকেল নামে, পাখিরা নীড়ে ফেরে
নীড়ের খড়কুটো কতো স্মৃতিময় -
ছোট্ট নীড়, কতো স্নেহ, কতো কবিতা
এই কবিতা তোমার থেকেও বড়।
২।
তোমার আমার এই জীবন
বয়ে নিয়ে বেড়ানোই যদি আসল কথা হয়
তবে চলো ভুল করি
তবে চলো নষ্ট হয়ে যাই,
যেকোন প্রাণীর মতো কেবল
বেঁচেই যদি থাকি
তবে শেষ হয়ে যাই চলো,
ঘুমিয়েই যদি পড়বে জানো
তবে চলো অন্ধ হয়ে যা্ই,
এমন ভাবেই বাঁচতে যদি হয়
তবে চলো কারো অভিশাপ হয়ে যাই
কষ্ট হই,
শেষ নই,
নষ্ট হই...
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



