১। বাবা
এখনো পথেঘাটে সোজা হেঁটে যাওয়া
ধুতিপাঞ্জাবীতে কোন সত্তরছোঁয়া
শ্রান্ত সরল মুখ দেখলে পরে
তোমার কথাই খুব মনে পড়ে |
এখনও সিগারেটের ধোঁয়ায় ভাসানো
তোমার গায়ের গন্ধে মেশানো
বাতাসেরা যদি আসে দুপুরে
তোমার কথাই খুব মনে পড়ে |
এখনও সেতারে কিম্বা এসরাজে
বর্ষায় যদি মেঘমল্লার বাজে
রাতে যদি কেউ দরবারী গায়
তোমাকেই খুব মনে পড়ে যায় |
মাঝরাতে ছাদে একলা যখন
শূণ্য আকাশে হারায় এ মন
আয়ুর নামতা শেখায় জীবন
তোমাকেই খুঁজে বেড়াই তখন |
২। বাতিওয়ালা
সন্ধ্যা নামার আগেই
গলির ল্যম্পপোস্টের বাতিগুলো
একটার পর একটা
জ্বালিয়ে দিয়ে যেত সেই লোকটা |
নিয়নের জমানা আসতেই,
একদিন উধাও হয়ে গেল সে |
আমার ছেলেবেলার সেই গলি,
ইস্কুল থেকে বাড়ি ফেরার সেই গলি,
হারিয়েছে অন্য পথে |
তবু এখনো মাঝে মাঝে
ঘন কুয়াশা ভেদ করে
জেগে ওঠে সেই গলি,
বুকের ভিতরে |
বাতিওয়ালা আসে,
জ্বেলে দিয়ে যায় বাতি
একটার পর একটা,
ফেলে আসা ল্যাম্পপোস্টে |
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



