আমার দাদি যখন মারা যান তখন আমি বাবার কাছাকাছি তেমন একটা যেতাম না, ঠিক মত কথা বলতাম না । বাবা খুব গম্ভীর থাকলেও কাঁদেন নি এক ফোঁটাও । অথচ আমাকে যেদিন বাবা হোস্টেলে রেখে যান সেদিন স্পষ্ট বাবার চোখে চিকচিক করছিল জল ! আমি গুনে রেখেছি ঠিক পাঁচবার বাবা চলে যাওয়া পথ থেকে ফিরে ফিরে এসেছিলেন । বলে যাচ্ছিলেন আমি যেন বাইরে কম যাই, ঠিকমত পড়াশোনা করি, অচেনা কারো সঙ্গে কথা না বলি, ঠিকমত খাওয়া দাওয়া করি আর ওষুধ খাই । বাবা কে শক্ত রাখার জন্য আমি এক ফোঁটাও কাদিনি তবে কিছুক্ষন পর পর ফোঁস ফোঁস করছিলাম । সেই যে বাড়ি ছাড়লাম সারা জীবনের জন্যই ছাড়লাম । আর কখনো বছরের পর বছর বাবার হুমকি ধামকি শুনতে হবেনা । বাবা শুচিবায় গ্রস্ত মানুষ । খাবার প্লেটে কারো হাত ছোঁয়ানো যাবেনা অথচ আমার মাখা ভাত আমি প্রতিদিন বাবার প্লেটে তুলে দিতাম আর মা বড় বড় চোখ করে একবার আমার দিকে আরেকবার বাবার দিকে তাকাতেন !
আমি অবশ্য কখনোই বাবাকে ভয় পাইনি তেমন একটা তবে মাকে যমের মত ভয় পেতাম । বাবা আমার প্রথম বন্ধু, এখনো প্রথম । একবার বাবা দিবসে বাবার একটা ছবি এঁকে বাবাকে কুরিয়ার করেছিলাম, সঙ্গে একটা চিঠি । মার কাছে পরে শুনেছি, সেই চিঠি পড়ে বাবা নাকি কাঁদছিলেন । কেন কাঁদছিলেন বাবা ???
না, আমি তাকে কষ্ট দেইনি । কষ্ট দেবার মত কিছু লিখিনি । ছোটবেলার কিছু মধুর স্মৃতি বাবাকে লিখে পাঠিয়েছিলাম, সেই পড়ে বাবা কেঁদেছেন । উনি অনেক শক্ত মনের মানুষ, দিনের পর দিন নিজের মনে দৈন্যতা পুষে রেখেছেন কিন্তু আচরনে বুঝতে দেননি যে আমরা মধ্যবিত্ত পরিবার । ভালো শিখিয়েছেন, পড়িয়েছেন, খাইয়েছেন, পরিয়েছেন এবং সেটা এখনো করছেন... আমার পরিবারে সবচেয়ে বেশি প্রাধান্য আমার । প্রথম সিদ্ধান্তটি আমিই নেই, তারপরে আর কেউ এমনকি মা ও । এর পেছনের কারণটিই কিন্তু আমার বাবা এবং বন্ধু । গ্রামের মানুষ যখন মেয়েদের হাই স্কুল পর্যন্ত পড়তে দিতেন না তখন বাবা আমাকে স্বপ্ন দেখাতেন আমি দেশের বাইরে থেকে যেন উচ্চতর ডিগ্রী নেই । “বাবা, তুমি আসলেই আমার ২য় ঈশ্বর ।’’ আজ যে স্বপ্ন আমি দেখি সে আমার নয়, বহু বছর আগে বাবার দেখা পুরনো স্বপ্ন । বাবা কে নিয়ে সারাজীবন ধরে লিখলেও আমি শেষ করতে পারব না । আমার জীবনে বাবার বিকল্প আর কেউ নেই, এটা শুধু আমার কথা নয় এটি সবার জন্যই চিরন্তন । আজ এতটা পথ এসেও আমার কাছে প্রাথমিক স্কুলের এই শিক্ষকের জায়গাটি খুব স্পষ্ট । একজন সৎ মানুষ তৈরির জন্য একজন বাবাই যথেষ্ট । আমি বলছিনা আমি পুরোপুরি সৎ কিন্তু বাবার আদর্শে আমি চলতে চেয়েছি বরাবর এবং চলার চেষ্টা করছি । ছোটবেলা টাকে খুব মিস করি আমি, আমার ছোট বেলার বাব টাকেও খুব মিস করি । গোসলের আগে আমি বাবার আধাপাকা চুলের মাথায় দখল করে থাকা “টাকে” পরম ভালবাসায় তেল মালিশ করে দিতাম । বাবা হো হো করে হেসে বলতেন, “তুই এক্কেবারে আমার মা’র মতন হয়েছিস ।’’ দাদিকে আমার খুব হিংসা হত । বাবাকে যখন ই দেখতাম দাদির যত্ন নিচ্ছেন তখন ই মনে হত এই বুড়িটা বাবা কে ভগ্নাংশে পরিনত করে ফেলেছেন এবং আমি এবং এই বুড়ি ভগ্নাংশ ভাগ করে নিচ্ছি !!!
কুড়িতে পা দিতে যাচ্ছি প্রায় । তবু মনেই হয়না আমি বড় হয়েছি । এখনো আধো ঘুমে স্বপ্ন দেখি, বাবার সঙ্গে বাবার স্কুলে বৃষ্টিতে ভিজতে যাবো এমন সময় বাবা এসে আমাকে ধরে ফেললেন । অফিসে গিয়ে পাহারা দিচ্ছেন আমাকে, আমি লোভাতুর চোখে সহপাঠীদের বৃষ্টিতে ভেজা দেখছি !!! বাবা আমাকে ছোটবেলায় শিখিয়েছেন সত্যি বলতে, সত্যি স্বীকার করে নিতে, নিজের ইচ্ছে অনিচ্ছের সঙ্গে কখনো আপোষ না করতে আর সহজ গলায় নিজের পছন্দ-অপছন্দ গুলো স্পষ্ট বলতে !!! আমি এখনো মাঝে মাঝে বিস্মিত হই এই ভেবে যে আমার সমবয়সী বেশিরভাগ ছেলেমেয়েদের কেই বাবা-মা জোর করে নিজেদের ইচ্ছে মত বানাচ্ছেন সেখানে সেই সময়ের মানুষ হয়েও তিনি কিভাবে এমন হলেন !!! বাবার খুব ইচ্ছে ছিল আমকে ডাক্তার বানানোর, আমি সেই স্বপ্ন ধূলিসাৎ করে হতে যাচ্ছি ফিল্ম মেকার । বাবাকে খুব ভালবাসলেও বাবার এই ইচ্ছেটাকে কখনোই আমার আপন মনে হয়নি । বাবার স্বপ্ন থাকলেও তিনি এটা আমাকে জোর করে চাপিয়ে দেননি বরং আমার ইচ্ছেটাকেও আপন করে নিয়েছেন । হয়তো অপরাধ করেছি কিন্তু বাবা আমাকে সফল দেখতে চান এবং এই স্বপ্নটা যে কোন মূল্যে আমি পূরণ করব । বাবার আরও একটি স্বপ্নের কথা শুনেছিলাম ছোটবেলায় । তা হচ্ছে আমি বাবাকে আমার পাশের সিটে বসিয়ে ড্রাইভ করব আর বাবা বাইরে তাকিয়ে থাকবেন । আমি মনে মনে শপথ করেছি যেদিন নিজের টাকায় আমি গাড়ি কিনব এবং প্রথম ড্রাইভিং করব বাবাকে পাশে বসিয়ে । আমি আর বাবা লং ড্রাইভে যাবো ।
বাবা যা দিয়েছেন তাতো দুহাত ভরেই দিয়েছেন, যা দিচ্ছেন তা অফুরন্ত । র্যা ঙ্কিং এ ৪ এর মধ্যেই আছে এমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়াচ্ছেন, ভালো সুযোগ সুবিধা সহ সবই দিচ্ছেন আর আমার ব্যার্থতায় সফলতার জন্য অপেক্ষা করেছেন ধৈর্য ধরে । আর মাত্র কয়েকটা বছর পরেই আমি আর বাবা লং ড্রাইভে যাবো, সঙ্গে আমার প্রিয় শিক্ষক আমার বাবা, আমার প্রিয় বন্ধু বাবা, আমার প্রিয় সাথী বাবা আর আমার জন্ম দেয়ার পরেও আরও অনেক ভুমিকা তিনি পালন করেছেন এবং করছেন । কিন্তু বাবাকে কখনো বলা হয়নি, “বাবা, তোমাকে খুব ভালোবাসি”...... বলার দরকার কি !!! আমার বাবা আমার চোখে সুপার হিরো, ২য় ঈশ্বর এবং মানবিক ভুল থাকার পরেও একমাত্র নির্ভুল এবং নিখুঁত মানুষ । একজন মানুষ হয়েও তিনি অনেকজন চরিত্র... জন্মদাতা, বাবা, শিক্ষক, বন্ধু, সাথী এবং আরও অনেক কিছু ...
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


