।। সোয়েটার ।।
তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
লাল, নীল, সবুজ অথবা গেরুয়া যেকোন রঙের গোলায়,
তুমি পছন্দ কর হালকা রঙ,
যদিও আমার অভিলাষ গাঢ় রঙের গভীরতায়...
আমি অবশ্য জানিনা,
তুমি কোন রঙের উষ্ণতায় চেয়েছ আমাকে ঢাকতে?
লাল তো বিপ্লবের রঙ, প্রেমেরও কি?
নীল কি শুধুই বেদনার?
সবুজ নিয়ে আসে কোন সজীবতা?
অথবা গেরুয়া কি শুধুই বৈরাগেরই রঙ?
তুমি বলেছিলে আমাকে একটা সোয়েটার বুনে দেবে,
আমি অনেক শীত পেরিয়ে আজও আছি
সেই শীতের প্রতীক্ষায়।
যে শীতের প্রাক্কালে
পোষা কুকুরের মত তোমার কোলে, পায়ে পায়ে
ঘুরঘুর করবে রঙের গোলা,
আর তোমার আঙ্গুলের নিপুন ছোঁয়ায় ঘটাবে
এক আশ্চর্য নির্মান।
আমার শীতের প্রার্থনা -- একটা সোয়েটার
শুধুই একটা সোয়েটার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



